০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

৫ বছর পর অ্যাপলের নতুন ‘এয়ারপডস ম্যাক্স ২’

২০২০ সালে প্রথম বাজারে আসার পর এ ওভার-ইয়ার হেডফোনের ক্ষেত্রে এটিই অ্যাপলের প্রথম বড় ধরনের কোনো পরিবর্তন।

৫ বছর পর অ্যাপলের নতুন ‘এয়ারপডস ম্যাক্স ২’
আগামী মাসের শুরু থেকে এগুলো সরাসরি দোকানে বিক্রির জন্য মিলবে। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2026, 02:21 PM

Updated : 26 Aug 2026, 03:11 PM

দীর্ঘ পাঁচ বছর পর প্রিমিয়াম অডিওর জগতে বড় চমক নিয়ে এল অ্যাপল। নিজেদের জনপ্রিয় ওভার-ইয়ার হেডফোনের দ্বিতীয় সংস্করণ উন্মোচন করেছে কোম্পানিটি।

রয়টার্স লিখেছে, প্রথম সংস্করণ বাজারে আসার দীর্ঘ পাঁচ বছর পর সোমবার তাদের প্রিমিয়াম ‘এয়ারপডস ম্যাক্স ২’ নামের ওভার-ইয়ার হেডফোনের দ্বিতীয় প্রজন্ম উন্মোচন করল অ্যাপল, যার দাম ৫৪৯ ডলার।

২০২০ সালে প্রথম বাজারে আসার পর এ ওভার-ইয়ার হেডফোনের ক্ষেত্রে এটিই অ্যাপলের প্রথম বড় ধরনের কোনো পরিবর্তন।

প্রিমিয়াম হেডফোন বাজারে শক্ত প্রতিদ্বন্দ্বিতা তৈরি করতে কোম্পানিটি এতে নতুন সব ফিচার এবং আরও উন্নত নয়েজ ক্যানসেলেশন বা বাইরের শব্দ কমানোর প্রযুক্তি যোগ করেছে।

বর্তমানে এ বাজারটি রয়েছে জাপানের সনি গ্রুপ, বোস ও জেনহাইজার-এর দখলে।

অ্যাপলের নিজস্ব ‘এইচ২’ চিপের মাধ্যমে চালিত এসব নতুন হেডফোন আগামী ২৫ মার্চ থেকে ৩০টিরও বেশি দেশে অর্ডার করা যাবে।

অ্যাপল বলেছে, আগামী মাসের শুরু থেকে এগুলো সরাসরি দোকানে বিক্রির জন্য মিলবে।

‘এয়ারপডস ম্যাক্স ২’-এর বিভিন্ন আপগ্রেডের মধ্যে রয়েছে আরও উন্নত অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন, উন্নত মাইক্রোফোন সিস্টেম ও একগুচ্ছ নতুন ফিচার।

যার মধ্যে উল্লেখযোগ্য অ্যাডাপ্টিভ অডিও, কনভারসেশন অ্যাওয়ারনেস বা কথা বলার সময় স্বয়ংক্রিয়ভাবে শব্দ নিয়ন্ত্রণ ও লাইভ ট্রান্সলেশন বা সরাসরি অনুবাদের ফিচার।

এ লাইভ ট্রান্সলেশন ফিচারটি প্রথম গত সেপ্টেম্বরে ‘এয়ারপডস প্রো ৩’-এ দেখা গিয়েছিল, যা অ্যাপলের নিজস্ব এআই ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ ব্যবহার করে সামনাসামনি হওয়া আলাপ এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করতে পারে।

এ ছাড়া, অ্যাপল বলেছে, ‘এয়ারপডস ম্যাক্স ২’ হেডফোনটি ইউএসবি সি পোর্টের মাধ্যমে যোগ থাকলে ‘হাই রেজুলিউশন লসলেস অডিও’ সাপোর্ট করবে।

এ সুবিধাটি মিউজিক নির্মাতা ও পেশাদার ব্যবহারকারীদের কথা মাথায় রেখে এনেছে অ্যাপল, বিশেষ করে যাদের নিখুঁত বা উচ্চমানের শব্দের প্রয়োজন।