০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

এআই চিপ চাহিদায় রেকর্ড রাজস্ব বৃদ্ধি টিএসএমসির

অগাস্টে ১৬৩৫ কোটি ডলার রাজস্ব আয় করেছে বিশ্বের বৃহত্তম চুক্তিভিত্তিক চিপ উৎপাদক কোম্পানিটি।

এআই চিপ চাহিদায় রেকর্ড রাজস্ব বৃদ্ধি টিএসএমসির
জুলাইয়ে দ্বিতীয় প্রান্তিকের আয়ের ওপর আয়োজিত কনফারেন্সে টিএসএমসি বলেছিল, এআই-সম্পর্কিত চিপের চাহিদা জোরালো রয়েছে। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Sep 2026, 05:46 PM

Updated : 17 Sep 2026, 02:58 AM

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে ব্যবহৃত চিপের তীব্র ও লাগাতার চাহিদার ফলে অগাস্টে রেকর্ড পরিমাণ মাসিক রাজস্ব আয়ের ঘোষণা করেছে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা টিএসএমসি।

বৃহস্পতিবার প্রকাশ পাওয়া তথ্য অনুসারে, বিশ্বের বৃহত্তম চুক্তিভিত্তিক চিপ নির্মাতা কোম্পানিটি অগাস্টে ৫১৪৮০ কোটি তাইওয়ানিজ ডলার বা ১৬৩৫ কোটি মার্কিন ডলার রাজস্ব আয় করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫৩ দশমিক ৩ শতাংশ ও আগের মাস জুলাইয়ের তুলনায় ১০ দশমিক ১ শতাংশ বেশি।

রাজস্ব সংক্রান্ত এ প্রতিবেদন প্রকাশের আগে বৃহস্পতিবার লেনদেন শেষে টিএসএমসি’র শেয়ারের দর ০ দশমিক ৬১ শতাংশ কমেছিল।

এর মধ্য দিয়ে কোম্পানিটির মাসিক রাজস্ব টানা চার মাস ধরে ক্রমাগত বেড়ে যাওয়ার ধারা ধরে রাখল বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি।

এর আগে, জুলাইয়ে দ্বিতীয় প্রান্তিকের আয়ের ওপর আয়োজিত সভায় টিএসএমসি বলেছিল, এআইসংশ্লিষ্ট চিপের চাহিদা জোরালো রয়েছে।

তাইওয়ানের শীর্ষ এ প্রযুক্তি জায়ান্টটি দ্বিতীয় প্রান্তিকে নিজেদের নিট মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় ৭৭ শতাংশেরও বেশি বেড়ে যাওয়ার কথা জানায় এবং তৃতীয় প্রান্তিকে মোট রাজস্ব ৪৪৬০ কোটি থেকে ৪৫৮০ কোটি ডলারের মধ্যে থাকার পূর্বাভাস দিয়েছে।

গবেষণা কোম্পানি ট্রেন্টফোর্সের বুধবার প্রকাশিত তথ্য অনুসারে, বৈশ্বিক ফাউন্ড্রি বাজারে ৭২ দশমিক ৫ শতাংশ মার্কেট শেয়ার ধরে রেখে টিএসএমসি তাদের নিরঙ্কুশ আধিপত্য বজায় রেখেছে।

ট্রেন্টফোর্স বলেছে, এআই সার্ভার প্রসেসরের শক্তিশালী চাহিদার কারণে এ বছরের দ্বিতীয় প্রান্তিকে টিএসএমসির উন্নত ৫, ৪ ও ৩ ন্যানোমিটার উৎপাদন সক্ষমতা সম্পূর্ণভাবে বুকড ছিল।

এ বৈশ্বিক বাজারের র‍্যাংকিংয়ে ৫ দশমিক ৯ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে স্যামসাং ফাউন্ড্রি দ্বিতীয় ও ৫ দশমিক ৪ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে চীনের এসএমআইসি তৃতীয় অবস্থানে রয়েছে।

এআই ও হাই-পারফরম্যান্স কম্পিউটিং প্রসেসরের উন্নত প্রক্রিয়ার চিপগুলোর সরবরাহ সংকটের মধ্যেই বিশ্বের শীর্ষ ১০টি ফাউন্ড্রি এ বছরের দ্বিতীয় প্রান্তিকে রেকর্ড প্রায় ৫৩৪৯ কোটি ডলারের যৌথ রাজস্ব আয় করেছে।

এরই অংশ হিসেবে, চিপ নির্মাতা শিল্পকে পরবর্তী প্রজন্মের প্রযুক্তিতে রূপান্তরের গতি বাড়াতে ডাচ চিপ সরঞ্জাম জায়ান্ট ‘এএসএমএল’-এর সঙ্গে যৌথভাবে নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছে টিএসএমসি।

এই অংশীদারিত্বের আওতায় টিএসএমসি বলেছে, তারা ২০৩০ সাল থেকে উন্নত নোডের বড় পরিসরে উৎপাদনের ক্ষেত্রে এএসএমএলের আধুনিক ‘হাই এনএ’ প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা হাতে নিয়েছে।

এআই খাতে যখন আরও জটিল ট্রানজিস্টর আর্কিটেকচারের প্রয়োজনীয়তা দেখা দেবে তখন এ প্রযুক্তির ব্যবহার ক্রমান্বয়ে বাড়বে বলে আশা করা হচ্ছে।