Published : 19 May 2026, 04:12 PM
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি মানহীন ও বিরক্তিকর পোস্টের দিন এবার শেষ করার উদ্যোগ নিচ্ছে লিংকডইন।
প্ল্যাটফর্মটিতে স্বকীয়তা ও মৌলিকতা ফিরিয়ে আনতে এবং এআই দিয়ে তৈরি অর্থহীন লেখার প্রচার কমাতে কঠোর পদক্ষেপ নিচ্ছে পেশাদারকেন্দ্রিক এ নেটওয়ার্কটি।
যে সব পোস্টে এআই দিয়ে তৈরি লেখার স্পষ্ট ছাপ রয়েছে, সে সব পোস্টের প্রচার ও রিচ কমিয়ে দিতে লিংকডইন নতুন কিছু পদক্ষেপ নিচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।
এক ব্লগ পোস্টে লিংকডইনের পণ্য বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরা লরেঞ্জেত্তি বলেছেন, এসব পরিবর্তন সরাসরি এনগেজমেন্ট বাড়ানোর কৌশল থেকে শুরু করে সাশ্রয়ী লাইক-কমেন্ট পাওয়ার উদ্দেশ্যে করা পোস্ট, অন্যের আইডিয়া ধার করে বানানো ‘থট লিডারশিপ’ এবং যেসব কনটেন্ট কোনো নিজস্বতা বা মৌলিকতা নেই’ সবকিছুকেই যাচাই করবে।
এ ছাড়া, এআই দিয়ে তৈরি পোস্ট বা কমেন্টে সাধারণত যেসব চেনা ধাঁচের বাক্য গঠন দেখা যায় সেগুলোকে চিহ্নিত করে তাদের পরিধি টেনে ধরার সিদ্ধান্তও নিয়েছে কোম্পানিটি।
এআই দিয়ে তৈরি এসব মানহীন পোস্ট তারা ঠিক কীভাবে চিহ্নিত করছে বা এর সংজ্ঞা কী সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি লিংকডইন।
তবে কোম্পানিটি বলেছে, তাদের প্রকৌশলীরা প্লাটফর্মটির সম্পাদকীয় দলের সঙ্গে মিলে এমন কিছু ধারা বা প্যাটার্ন খুঁজে বের করেছেন, যা দেখে বোঝা যায় ‘কোন পোস্টগুলোতে নতুন কোনো দৃষ্টিভঙ্গি, প্রেক্ষাপট বা অভিজ্ঞতা যোগ হচ্ছে, আর কোন সব পোস্ট নতুন কিছু যোগ না করেই কেবল অন্যের আইডিয়া ধার করে পুনরাবৃত্তি চলছে’।
লিংকডইনের সিস্টেমে এমন পোস্ট ধরা পড়লে সেগুলো আর অন্য ব্যবহারকারীদের হোমপেইজে ‘রেকমেন্ডশন’ হিসেবে দেখা যাবে না। তবে পোস্টদাতার সরাসরি কানেকশন ও ফলোয়াররা এগুলো আগের মতোই দেখতে পাবেন।
বিষয়টি ইতিবাচক হলেও লিংকডইনকে এখানে বেশ সাবধানে পা ফেলতে হচ্ছে। কারণ, প্ল্যাটফর্মটি নিজেই ব্যবহারকারীদের জন্য বেশ কিছু এআই টুল সুবিধা দিচ্ছে। যার মধ্যে পোস্ট লেখার বক্সে থাকা বড় ‘রিরাইট উইথ এআই’ বাটন অন্যতম।
ফলে একদিকে এআইয়ের আবর্জনা পোস্টের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেও মাইক্রোসফটের মালিকানাধীন এ কোম্পানিটি বেশ সতর্কতার সঙ্গে বলেছে, ‘এআইয়ের সহায়তায়’ তৈরি কনটেন্টকে তারা এখনো স্বাগত জানায়, যদি তাতে নতুন কোনো চিন্তাভাবনা থাকে বা তা কোনো ‘অর্থপূর্ণ আলোচনা’ তৈরিতে সাহায্য করে।
জেনারেটিভ এআইয়ের উত্থানের আগেও লিংকডইন অতিমাত্রায় আত্মপ্রচার ও স্প্যাম ধাঁচের পোস্টে ভরা ছিল। আর এখন এ নতুন উপদ্রব যেন প্লাটফর্মটিকে আরও বড় আকারে জড়িয়ে ধরেছে।
লিংকডইনের দাবি, তাদের নেওয়া নতুন পদক্ষেপের প্রাথমিক ফলাফল ‘বেশ আশাব্যঞ্জক’। আগামী সপ্তাহ ও মাসগুলোতে’ তাদের প্ল্যাটফর্মে এ ধরনের মানহীন পোস্টের সংখ্যা আরও কমে আসবে।