Published : 12 Sep 2026, 11:34 AM
চ্যাটজিপিটি’র তৈরি সম্পূর্ণ কাল্পনিক পুলিশি জবানবন্দি ও মনগড়া সাক্ষীদের বক্তব্য নথিতে যোগ করে আদালতে দাখিল করায় কঠোর শাস্তির মুখে পড়েছেন এক মার্কিন আইনজীবী।
আদালতের নিয়ম লঙ্ঘন ও তথ্যের সত্যতা যাচাইয়ে চরম ব্যর্থতার দায়ে স্টিফেন অ্যারন্স নামের ওই বিবাদীর আইনজীবীকে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করেছে নিউ মেক্সিকোর সুপ্রিম কোর্ট।
বুধবার নিউ মেক্সিকো সুপ্রিম কোর্টের একটি প্যানেল এই রায় ঘোষণা করেছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
আদালতের নথি অনুসারে, হত্যা মামলায় এক মক্কেলের দণ্ডের বিরুদ্ধে আপিল করার সময় ওই আইনজীবী এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর তথ্য আদালতে পেশ করেছিলেন।
আদালত বলেছে, ওই আবেদনে ‘সম্পূর্ণরূপে মনগড়া সাক্ষীদের ভুয়া সাক্ষ্য’ অন্তর্ভুক্ত হয়েছিল। আইনজীবী অ্যারন্স শুনানির সময় ‘নিজের মক্কেলের প্রতি উদাসীনতা ও ঘটনার জন্য কোনো অনুশোচনা না থাকার মনোভাব দেখিয়েছেন’।
এসব অপরাধের জেরে আদালত তাকে ৫ হাজার ডলার জরিমানা ও তার বিরুদ্ধে আরও অধিকতর তদন্তের জন্য বিষয়টি শৃঙ্খলা বোর্ডের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছে।
রয়টার্সকে দেওয়া বিবৃতিতে নিজের ভুল স্বীকার করে আইনজীবী স্টিফেন অ্যারন্স বলেছেন, গেল বছর মক্কেলের আপিলের দায়িত্ব নেওয়ার পর বিচারিক কার্যক্রমের সংক্ষিপ্তসার তৈরিতে তিনি চ্যাটজিপিটি ব্যবহার করেছিলেন।
এআই কীভাবে তথ্য বা ঘটনা ‘হ্যালুসিনেট’ করতে পারে বা মনগড়া তথ্য উপস্থাপন করতে পারে সে বিষয়ে ওই সময় তার বাস্তব ধারণা ছিল না।
তিনি বলেছেন, “আমি অনুতপ্ত, তবে আশা করি শৃঙ্খলা বোর্ড বিষয়টি বিবেচনা করবে যে এটা অনিচ্ছাকৃত ভুল ছিল। এ শক্তিশালী অথচ কখনও কখনও অস্থির প্রযুক্তির ওপর নির্ভরশীল সব পেশাজীবীদের জন্য এটা বড় শিক্ষা।”
তবে এ ঘটনার বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি ওপেনএআই।
আইন পেশায় এআইয়ের যত্রতত্র ও অপরিপক্ব ব্যবহার রোধে আদালতের এই শাস্তিমূলক পদক্ষেপটি দেশজুড়ে চলমান এক সতর্কবার্তার অংশ।
এর আগেও, যুক্তরাষ্ট্রজুড়ে বিভিন্ন অঙ্গরাজ্য ও ফেডারেল আদালতের বিচারকরা পর্যাপ্ত যাচাই-বাছাই বা ভেরিফিকেশন ছাড়া এআই টুল দিয়ে তৈরি নথি জমা দেওয়ায় বেশ কয়েকজন আইনজীবীকে শাস্তির আওতায় এনেছিলেন।
চ্যাটজিপিটির মতো এআই টুল ব্যবহারের ক্ষেত্রে ভুয়া কেস সাইটেশন বা আইন বিকৃত করার মতো ঘটনা এর আগেও বহু আইনজীবীকে শাস্তির মুখে ফেলেছে।
তবে নিউ মেক্সিকোর আইনজীবী স্টিফেন অ্যারন্সের অপরাধটি আরও এক ধাপ এগিয়ে ছিল। কারণ তার দাখিল করা নথিতে ফৌজদারি আপিল মামলার ক্ষেত্রে একেবারে মনগড়া সাক্ষীর জবানবন্দিও যোগ হয়েছে।
সান্তা ফেভিত্তিক প্রাইভেট আইনজীবী স্টিফেন অ্যারন্স অস্কার রেনে স্যান্ডোভাল নামের এক ব্যক্তির হত্যা মামলার আপিল পরিচালনা করছিলেন।
স্যান্ডোভাল গেল বছর তার সন্তানদের মাকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। তবে তিনি শুরু থেকেই নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন।
বর্তমানে মামলাটির আপিল কার্যক্রম বিচারাধীন রয়েছে এবং এটি ২ সেপ্টেম্বর নিউ মেক্সিকোর পাবলিক ডিফেন্ডার কিম শ্যাভেজ কুকের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে কুক ও ডোনা আনা কাউন্টির জেলা কৌঁসুলির কার্যালয় কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
গেল মাসে অঙ্গরাজ্যের সুপ্রিম কোর্ট অ্যারন্সের কাছে ব্যাখ্যা চেয়েছিল যে, কীভাবে নথিতে ওই জাল তথ্যগুলো যোগ হল, যেখানে ‘হত্যাকারী কালো প্যান্ট ও সাদা শার্ট পরে ছিল’ এমন কিছু কাল্পনিক বিবরণও অন্তর্ভুক্ত ছিল বলে আদালত উল্লেখ করেছিল।
২১ অগাস্ট অনুষ্ঠিত এক শুনানিতে অ্যারন্স আদালতকে বলেছেন, তিনি আদালতের এক কম্পিউটার-জেনারেটেড ট্রান্সক্রিপ্ট ও অন্যান্য মামলার নথিপত্র চ্যাটজিপিটিতে ইনপুট দিয়েছিলেন এই ভেবে যে এটা তাকে ‘নির্ভুল সারসংক্ষেপ’ তৈরি করে দেবে।
এআই কীভাবে ভুল তথ্য তৈরি করতে পারে সে বিষয়ে আইনজীবীর এই অজ্ঞতা দেখে চরম বিস্ময় প্রকাশ করেছেন বিচারকরা।
শুনানির সময় বিচারপতি সি. শ্যানন বেকন বলেছেন, “কাউন্সেল, আপনি কি খবরের কাগজ পড়েন না? আপনি কি রেডিও শোনেন না? বিশ্বে কী ঘটছে সে বিষয়ে কি আপনার কোনো ধারণা নেই?
“কারণ আইনজীবীদের এআই হ্যালুসিনেশনের ওপর নির্ভর করার সমস্যাটি এখন প্রতিদিন খবরের কাগজের মূল পাতার প্রধান খবর।”