Published : 06 May 2026, 03:34 PM
ব্যয় সংকোচন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যুগের সঙ্গে ব্যবসাকে সমন্বয়ের অংশ হিসাবে প্রায় ১৪ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে ক্রিপ্টো এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম কয়েনবেইস।
রয়টার্স লিখেছে, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের মধ্যে এ পুনর্গঠন প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নিয়েছে কোম্পানিটি।
মঙ্গলবার কয়েনবেইস বলেছে, মোট কর্মীর ১৪ শতাংশ বা প্রায় সাতশ কর্মী ছাঁটাই করতে যাচ্ছে তারা। খরচ কমানো ও এআই যুগের সঙ্গে তাল মিলিয়ে ব্যবসাকে নতুনভাবে সাজানোর পরিকল্পনার অংশ হিসেবে তারা এ সিদ্ধান্ত নিয়েছে।
ক্রিপ্টোকারেন্সি বাজারের অস্থিরতার মধ্যেই কোম্পানিটি এমন পদক্ষেপ নিল।
বছরের শুরুতে মার্কিন বিভিন্ন কোম্পানির মধ্যে কর্মী ছাঁটাইয়ের প্রবণতা দেখা যাচ্ছে, যেখানে কোম্পানিগুলো খরচ কমাতে, কাজ সহজ করতে ও এআই টুলের ক্রমাগত ব্যবহারের সঙ্গে খাপ খাইয়ে নিতে এমন ব্যবস্থা নিচ্ছে।
এ ঘোষণার পর প্রি-মার্কেট ট্রেডিংয়ে কয়েনবেইসের শেয়ারের দাম প্রায় ৪ শতাংশ বেড়েছে।
এক ব্লগ পোস্টে কয়েনবেইস বলেছে, দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির জন্য তাদের কাছে যথেষ্ট মূলধন ও অনুকূল অবস্থান রয়েছে। তবে বর্তমান বাজার পরিস্থিতির কারণে তাদের কার্যক্রম আরও গতিশীল করা প্রয়োজন, যাতে পরবর্তী ব্যবসায়িক চক্র শুরু হওয়ার আগেই তারা আরও সুসংগঠিত ও দক্ষ হিসেবে আত্মপ্রকাশ করতে পারে।
এআইয়ের দ্রুত অগ্রগতির কথা উল্লেখ করে কোম্পানিটির সিইও ব্রায়ান আর্মস্ট্রং বলেছেন, নতুন বিভিন্ন এআই টুল ব্যবহার করে এখন প্রযুক্তিবিমুখ দলও কোড তৈরি এবং এমন সব কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে পারছে, যা আগে করার জন্য বিশেষ ধরনের কর্মীর প্রয়োজন হত।
কয়েনবেইস অনুমান করছে, এ পুনর্গঠন প্রক্রিয়ায় তাদের মোট ৫ থেকে ৬ কোটি ডলার খরচ হবে। এ ব্যয়ের বড় অংশই যাবে কর্মীদের ছাঁটাইকালীন পাওনা ও অন্যান্য সুবিধা দেওয়ার পেছনে। খরচের বেশিরভাগই ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের হিসাবে অন্তর্ভুক্ত হবে।
এ পুনর্গঠন প্রক্রিয়ায় অপ্রত্যাশিত কোনো ঘটনার কারণে অতিরিক্ত খরচও হতে পারে।
এর আগেও, ক্রিপ্টো বাজারের মন্দার সময়ে কয়েনবেইস কয়েক দফায় কর্মী ছাঁটাই করেছিল, যা ক্রিপ্টো খাতের লেনদেন ও বিনিয়োগকারীদের মানসিক অবস্থার ওপর এ খাতের সংবেদনশীলতাকেই তুলে ধরেছে।