১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চ্যাটজিপিটির সহ-নির্মাতা এবার মেটা এআই ল্যাবসের প্রধান বিজ্ঞানী

শেংজিয়া কেবল চ্যাটজিপিটি’র সহ-নির্মাতাই নন, বরং ওপেনএআইয়ের জিপিটি-৪, ‘৪.১’ ও ‘০৩’-এর মতো ছোট ভার্সনের মডেল তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

চ্যাটজিপিটির সহ-নির্মাতা এবার মেটা এআই ল্যাবসের প্রধান বিজ্ঞানী
জাকারবার্গ বলেছেন, “আগামী কয়েক বছর খুবই রোমাঞ্চকর হতে চলেছে!” ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2025, 04:33 PM

Updated : 26 Aug 2026, 01:27 PM

চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআইয়ের গুরুত্বপূর্ণ গবেষক শেংজিয়া ঝাওকে এআই সুপারইন্টেলিজেন্স ল্যাবের প্রধান বিজ্ঞানী হিসেবে নিয়োগ দিয়েছে মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে শত কোটি ডলার খরচ করে এআইয়ের জন্য বিশেষজ্ঞ লোক নিয়োগের অভিযানে নেমেছেন মেটা প্রধান মার্ক জাকারবার্গ। যার মধ্যে এআই স্টার্টআপ ‘স্কেল এআই’তে তার এক হাজার চারশো কোটি ডলার বিনিয়োগের বিষয়টি অন্যতম বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি। 

জুনে ‘মেটা সুপারইন্টেলিজেন্স ল্যাব’ নামে নতুন এক এআইনির্ভর স্টার্টআপ চালুর ঘোষণা দিয়েছেন জাকারবার্গ, যেটি বিশ্বের সেরা এআই গবেষক ও প্রকৌশলীদের নিয়ে গঠিত হবে বলেও উল্লেখ করেছিলেন মেটা প্রধান।

এর আগে, জুনের এক নোটিশে শেংজিয়া ঝাওকে কেবল নতুন নিয়োগপ্রাপ্তদের একজন হিসেবে দেখিয়েছিল মেটা। তবে শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে জাকারবার্গ লিখেছেন, ঝাও তাদের মেটা সুপারইন্টেলিজেন্স ল্যাবের সহ-প্রতিষ্ঠাতা ও “শুরু থেকেই এ প্রকল্পের প্রধান বিজ্ঞানী হিসেবে কাজ করছেন”।

ঝাও সরাসরি জাকারবার্গ ও স্কেল এআই-এর সাবেক সিইও আলেক্সান্দ্রা ওয়াংয়ের সঙ্গে কাজ করবেন। বর্তমানে মেটার প্রধান এআই কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন আলেক্সান্দ্রা।

ওই পোস্টে জাকারবার্গ লিখেছেন, “এরইমধ্যে নতুন এক ধরনের স্কেলিং পদ্ধতি উদ্ভাবন’সহ কোম্পানিটির জন্য বড় কিছু সাফল্য বয়ে এনেছেন শেংজিয়া এবং এআই ক্ষেত্রের একজন নেতা হিসেবেও নিজেকে প্রমাণ করেছেন তিনি।

“তার বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিকে আরও এগিয়ে নিতে আমি তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি।”

জুনের এক নোটিশে জাকারবার্গ বলেছিলেন, শেংজিয়া কেবল চ্যাটজিপিটি’র সহ-নির্মাতাই নন, বরং তিনি ওপেনএআইয়ের জিপিটি-৪, ‘৪.১’ ও ‘০৩’-এর মতো ছোট ভার্সনের মডেল তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এরও আগে ওপেনএআইয়ের সিনথেটিক ডেটা দলেরও নেতৃত্ব দিয়েছেন তিনি।

সিএনবিসি লিখেছে, ‘সুপারইন্টেলিজেন্স ল্যাব’কে এমন এক জায়গা হিসেবে গড়ে তুলতে চায় মেটা, যেখানে কর্মীরা মূলত এআই প্রযুক্তি নিয়ে কাজ করবেন। যার মধ্যে থাকবে ‘লামা’ নামে মেটার বিভিন্ন ওপেন-সোর্স এআই মডেল, বিভিন্ন এআইনির্ভর পণ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণার মতো নানা বিষয়।

এ মাসের শুরুতে জাকারবার্গ বলেছিলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানিটি এআই কম্পিউটিং প্রযুক্তিতে “শত শত কোটি ডলার” বিনিয়োগ করবে।

শুক্রবারের ঘোষণায় মেটা প্রধান আরও লিখেছেন, “আগামী কয়েক বছর খুবই রোমাঞ্চকর হতে চলেছে!”