আইফোনে তোলা চাঁদের এই ছবির কাছে হার মানবে সব!
ছবিতে চাঁদের ‘চেবিশেভ’ নামের ক্রেটার বা গর্ত দেখা যাচ্ছে। চাঁদের উল্টো পিঠের এক গর্ত এটি, যা পৃথিবী থেকে কখনও দেখা যায় না।
আইফোনের ক্যামেরায় এবার ধরা দিল চাঁদের অদেখা রূপ! আর্টেমিস টু মিশনের নভোচারী রিড ওয়াইজম্যান মহাকাশ থেকে আইফোন ব্যবহার করে চাঁদের অসাধারণ কিছু ছবি তুলেছেন।
প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট প্রতিবেদনে লিখেছে, নাসার আর্টেমিস টু মিশনের নভোচারীরা যখন স্মার্টফোন সঙ্গে নেওয়ার অনুমতি পান তখনই বোঝা গিয়েছিল চাঁদের কিছু অসাধারণ ছবি পেতে যাচ্ছে বিশ্ব। ঠিক যেন তেমনই এক ছবি তুলেছেন ওয়াইজম্যান।
ওরিয়ন মহাকাশযানটি চাঁদের খুব কাছ দিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় তিনি নিজের আইফোন দিয়ে ছবিটি তুলেছেন। নিখুঁতভাবে ছবিটি তোলার জন্য নভোচারীরা কেবিনের ভেতরের সব আলো নিভিয়ে দিয়েছিলেন।
নাসার এক লাইভস্ট্রিমে ওয়াইজম্যান নিজের আইফোন ১৭ প্রো-তে তোলা সেই বিশেষ ছবিটি ক্যামেরায় দেখান।
প্রযুক্তি সংবাদের সাইট ‘নাইনটুফাইভম্যাক’-এর তথ্য অনুসারে, ওয়াইজম্যান লাইভস্ট্রিমে বলেছেন, নিজের আইফোন ক্যামেরা থেকে ৮ গুণ জুম ব্যবহার করে এ ছবিটি তুলেছেন তিনি।
নাসা বলেছে, ছবিতে চাঁদের ‘চেবিশেভ’ নামের ক্রেটার বা গর্ত দেখা যাচ্ছে। চাঁদের উল্টো পিঠের একটি গর্ত এটি, যা পৃথিবী থেকে কখনো দেখা যায় না।
আর্টেমিস টু মিশনটি ১ এপ্রিল চারজন নভোচারী নিয়ে যাত্রা শুরু করে। মঙ্গলবার এ মিশনটি নতুন এক রেকর্ড গড়েছে। পৃথিবী থেকে প্রায় ২ লাখ ৫২ হাজার ৭৫৬ মাইল দূরে পৌঁছে যায় আর্টেমিস টু।
রেকর্ডটি আগে নাসার অ্যাপোলো ১৩ মিশনের দখলে ছিল। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার রাত ৯টা ৩৫ মিনিটের দিকে চাঁদের পাশ দিয়ে প্রদক্ষিণ শেষ করে নভোচারীরা এখন পৃথিবীর পথে।
আগামী কয়েক দিনে আর্টেমিস টু নিয়ে বিভিন্ন ছবি প্রকাশ করবে নাসা। ফলে চাঁদের দূরবর্তী দিকের আরও অনেক ছবি দেখাের সুযোগ মিলবে।
আর্টেমিস টু-এর নভোচারী দলটি আগামী ১০ এপ্রিল স্যান ডিয়েগোর কাছে প্রশান্ত মহাসাগরে অবতরণ করবেন।
