১ জিবি ফ্রি ইন্টারনেট যেভাবে পাবেন
পাঁচ দিন মেয়াদে এক জিবি ফ্রি ইন্টারনেট ডেটা পেতে মোবাইল অপারেটরের নির্ধারিত কোড ডায়াল করতে হবে গ্রাহকদের।
গত বছরের ১৮ জুলাই আওয়ামী লীগ সরকারের ইন্টারনেট শাটডাউনের প্রতিবাদে এবং জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে শুক্রবার থেকে পাঁচ দিন দেশের সব গ্রাহক বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন।
প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এক বার্তায় জানানো হয়েছে, ১৮ জুলাই গ্রাহকদের বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দেওয়া যায় কিনা সে বিষয়ে সব মোবাইল ফোন অপারেটরকে একটি প্রস্তাব দেয় বিটিআরসি।
সরকারপ্রধানের দপ্তর বলছে, দেশের সব মোবাইল অপারেটর ‘স্বঃপ্রণোদিত হয়ে’ সেই উদ্যোগে সাড়া দিয়ে গ্রাহকদের বিনামূল্যে ৫ দিন মেয়াদে ১ জিবি ইন্টারনেট ডেটা ফ্রি দিচ্ছে। বিটিআরসির নির্দেশনায় অপারেটররা গ্রাহকদের ফ্রি ডেটা দেওয়ার বিষয়টি আগেই এসএমএসের মাধ্যমে জানিয়ে দিয়েছে।
যেভাবে পাওয়া যাবে ‘ফ্রি’ ইন্টারনেট
পাঁচ দিন মেয়াদে এক জিবি ফ্রি ইন্টারনেট ডেটা পেতে মোবাইল অপারেটরের নির্ধারিত কোড ডায়াল করতে হবে গ্রাহকদের।
গ্রামীণফোন: *১২১*১৮০৭#
বাংলালিংক: *১২১*১৮০৭#
রবি: *৪*১৮০৭#
টেলিটক: *১১১*১৮০৭#
কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে দেশজুড়ে সংঘাত-সহিংসতা ছড়িয়ে পড়লে গত বছরের ১৭ জুলাই রাতে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়।
পরদিন ১৮ জুলাই রাতে বন্ধ করে দেওয়া হয় ব্রডব্যান্ড ইন্টারনেটও। ফলে দেশ পুরোপুরি ইন্টারনেটবিহীন হয়ে পড়ে।
পরিস্থিতি কিছুটা শান্ত হলে পাঁচ দিন পর ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হয়। তবে মোবাইল ইন্টারনেট ফেরে দশ দিন পর।
তখনকার আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে বলা হয়, মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে আগুন দেওয়া হলে ক্ষতিগ্রস্ত হয় সড়কের ওপর থাকা ইন্টারনেট সেবাদাতা বিভিন্ন প্রতিষ্ঠানের তার। ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি ডেটা সেন্টারও। সে কারণে দেশজুড়ে ইন্টারনেটে বিভ্রাট তৈরি হয়।
৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বেরিয়ে আসে, ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত হওয়ায় ইন্টারনেট বন্ধের ওই তথ্য ছিল মিথ্যা প্রচার।
এর মধ্যে দীর্ঘ সময় দেশ ইন্টারনেটহীন থাকায় ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়, বিশেষ করে ফ্রি ল্যান্সাররা ব্যাপক ক্ষতির মুখে পড়েন।
সেসব ঘটনা মাথায় রেখেই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে গ্রাহকদের বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
পুরনো খবর
