টিকটকের মার্কিন ভাগে বাইটড্যান্সের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকছে?
টিকটকের নতুন মার্কিন কোম্পানিতে বাইটড্যান্সের প্রত্যাশার চেয়েও বড় ভূমিকার বিষয়টি থেকে ইঙ্গিত মেলে, ভবিষ্যতেও অ্যাপটিতে সক্রিয় থাকবে এ চীনা কোম্পানিটি।
টিকটকের নতুন মার্কিন কোম্পানিতে বাইটড্যান্সের বড় ভূমিকা থাকছে।
এ সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স প্রতিবেদনে লিখেছে, অ্যাপটির চীনা মূল কোম্পানি বাইটড্যান্স এখনও টিকটকের নতুন মার্কিন ব্যবসার মালিকানা ধরে রাখবে। তবে অ্যাপটির ডেটা, কনটেন্ট ও অ্যালগরিদমের নিয়ন্ত্রণ থাকছে নতুন গঠিত মার্কিন কোম্পানির হাতেই।
টিকটকের নতুন মার্কিন কোম্পানিতে বাইটড্যান্সের প্রত্যাশার চেয়েও বড় ভূমিকার বিষয়টি থেকে ইঙ্গিত মেলে, চীনে অবস্থিত বৈশ্বিক এ প্রযুক্তি কোম্পানিটি ভবিষ্যতেও অ্যাপটিতে গুরুত্বপূর্ণ ও সক্রিয় থাকবে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
বৃহস্পতিবার টিকটকের মার্কিন অংশ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনতে যে চুক্তি হয়েছে, তার বৈধতা দিয়ে নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
এ চুক্তি অনুযায়ী টিকটকের মার্কিন অংশের বেশিরভাগ শেয়ারের মালিক হবেন যুক্তরাষ্ট্রভিত্তিক কয়েকজন বিনিয়োগকারী। টিকটকের মূল চীনা কোম্পানি বাইটড্যান্সের হাতে মালিকানার কিছু অংশ থাকলেও অ্যাপের অ্যালগরিদমের নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রাখছে যুক্তরাষ্ট্র।
আমেরিকান সংবাদমধ্যম সিএনবিসি বলেছে, বিনিয়োগকারীদের এ দলের মধ্যে থাকবে ওরাকল, সিলভার লেইক ও এমজিএক্স। তাদের কাছে অ্যাপটির মার্কিন অংশের মোট ব্যবসার ৪৫ শতাংশ মালিকানা থাকবে যাতে মার্কিন জাতীয় নিরাপত্তার উদ্বেগ মেটানো যায়।
এ দলে মার্কিন সফটওয়্যার কোম্পানি ওরাকলের অংশগ্রহণ নিশ্চিত করেছেন ট্রাম্প। এ চুক্তির বিনিয়োগকারীদের মধ্যে মাইকেল ডেল ও রুপার্ট মারডকের থাকার কথাও তিনি বলেছেন।
রয়টার্স লিখেছে, টিকটকের মার্কিন অংশের মালিকানা নিয়ে যে ধরনের আলোচনা হচ্ছে তা কংগ্রেস ও সমালোচকদের মধ্যে প্রশ্ন তুলতে পারে যে, ট্রাম্পের অনুমোদিত এ চুক্তি কি আসলেই ২০২৪ সালের দেশটির ওই আইনের শর্ত পূরণ করছে কি না। ওই আইন অনুযায়ী, বাইটড্যান্সকে অবশ্যই তার মার্কিন অংশের সব ব্যবসা ছেড়ে দিতে হবে, তা না হলে দেশটিতে বন্ধ হবে অ্যাপটি।
শুক্রবার হাউস সিলেক্ট কমিটির একজন রিপাবলিকান চেয়ারম্যান জন মুলেনার বলেছেন, এ চুক্তির ওপর সম্পূর্ণ তদারকি করবেন তিনি। চুক্তিটি এমন হওয়া উচিত, যেখানে টিকটকের ‘নতুন মার্কিন কোম্পানি ও বাইটড্যান্স একে অপরের সঙ্গে ব্যবসায়িকভাবে জড়িত থাকবে না’।
তিনটি সূত্র বলেছে, টিকটকের মালিকানা বা চুক্তির কাঠামো নিয়ে এখনও আলোচনা চলছে এবং ভবিষ্যতে তা পরিবর্তনও হতে পারে।
টিকটকের মার্কিন অংশে বাইটড্যান্সের মালিকানা নিয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি হোয়াইট হাউস, বাইটড্যান্স ও টিকটক।
তিনটি সূত্র বলেছে, টিকটকের নতুন মার্কিন অংশ দুইটি আলাদা কোম্পানিতে ভাগ হবে। প্রেসিডেন্ট ট্রাম্প যে যৌথ কোম্পানির কথা ঘোষণা করেছিলেন, সেটি মূলত টিকটকের মার্কিন অংশের ডেটা ও অ্যালগরিদমের কাজ দেখাশোনা করবে। এ যৌথ কোম্পানিতে বাইটড্যান্সের শেয়ারের পরিমাণ সবার মধ্যে বেশি হলেও মালিকানা ৫০ শতাংশের কম থাকবে।
সূত্র তিনটি আরও বলেছে, আরেকটি বিভাগ পুরোপুরি বাইটড্যান্সের মালিকানায় থাকবে। এ বিভাগ পরিচালনা করবে টিকটকের অর্থ আয়ের মতো বিভিন্ন ব্যবসা যেমন– ই-কমার্স বা অনলাইনে পণ্য বিক্রি ও বিজ্ঞাপনের মতো কাজ।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, টিকটকের মার্কিন অংশের দাম হবে প্রায় ১ হাজার ৪০০ কোটি ডলার।
এদিকে, শুক্রবার চীনা সংবাদমাধ্যম লেইটপোস্ট ও কাইজিন প্রতিবেদনে লিখেছে, টিকটকের মার্কিন অংশ দুই ভাগে ভাগ হবে। এক অংশ থাকবে বাইটড্যান্সের মালিকানায়, যা পরিচালনা করবে ই-কমার্স, ব্র্যান্ডিং এবং আন্তর্জাতিকভাবে টিকটকের সঙ্গে সংযোগ রাখার মতো কাজ। আরেকটি নতুন যৌথ কোম্পানি তৈরি হবে, যা দেখবে ব্যবহারকারীদের ডেটা ও অ্যালগরিদমের মতো বিষয়।
তবে এসব খবর প্রকাশের পরপর শুক্রবারই সেগুলো মুছে ফেলে চীনা সংবাদমাধ্যম দুটি।
আরও পড়ুন...
