Published : 21 Sep 2025, 05:35 PM
কেবল টিকটকের যুক্তরাষ্ট্র অংশের বোর্ড নয়, এর অ্যালগরিদমের নিয়ন্ত্রণও যাচ্ছে যুক্তরাষ্ট্রের হাতে।
হোয়াইট হাউস ঘোষণা দিয়েছে, এখন থেকে যুক্তরাষ্ট্রে টিকটকের অ্যালগরিদম নিয়ন্ত্রণ করবে বিভিন্ন মার্কিন কোম্পানি।
পাশাপাশি অ্যাপটির যুক্তরাষ্ট্র অংশের পরিচালনা পর্ষদের সাতটি আসনের মধ্যে ছয়টিই আমেরিকানদের দখলে থাকবে বলে এক প্রতিবেদনে লিখেছে বিবিসি।
হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যে টিকটক নিয়ে চুক্তি সই হতে পারে।
তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি চীন।
জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে টিকটকের মার্কিন অংশটি চীনা মূল কোম্পানি বাইটড্যান্সের হাত থেকে নিতে চাইছে যুক্তরাষ্ট্র। এর আগে, টিকটককে বলা হয়েছিল, নিজেদের মার্কিন কার্যক্রম বিক্রি না করলে অ্যাপটি বন্ধ হতে পারে যুক্তরাষ্ট্রে।
জানুয়ারিতে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে টিকটক নিষেধাজ্ঞার ঘোষণা দেয় মার্কিন আদালত। তবে এখন পর্যন্ত চারবার অ্যাপটির ওপর এ নিষেধাজ্ঞা কার্যকরের বিষয়টি পিছিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এ সপ্তাহের শুরুতে আবারও অ্যাপটির সময় বাড়িয়ে ডিসেম্বর পর্যন্ত করেছেন তিনি।
লেভিট বলেছেন, যুক্তরাষ্ট্রে টিকটক অ্যাপের তথ্য ও প্রাইভেসি ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে প্রযুক্তি জায়ান্ট ওরাকল। এ কোম্পানির চেয়ারম্যান ল্যারি এলিসন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ও ট্রাম্পের ঘনিষ্ঠ।
তিনি বলেছেন, “তথ্য ও প্রাইভেসি পরিচালনা করবে আমেরিকার অন্যতম সেরা প্রযুক্তি কোম্পানি ওরাকল এবং টিকটকের অ্যালগরিদমও থাকবে আমেরিকার নিয়ন্ত্রণে।
“এরইমধ্যে সব বিষয়ে মতৈক্য হয়ে গিয়েছে। এখন কেবল চুক্তিতে স্বাক্ষর করা বাকি।”
সম্প্রতি মিডিয়া কোম্পানি ‘প্যারামাউন্ট’ কিনেছেন এলিসনের ছেলে ডেভিড এলিসন, যেটি সিবিএস নিউজের মালিকানাধীন কোম্পানি। ফলে এলিসন পরিবার দেশের অন্যতম শক্তিশালী মিডিয়া পরিবারগুলোর একটি হয়ে উঠেছে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
এদিকে, শুক্রবার ট্রাম্প বলেছেন, তিনি ও শি জিনপিংয়ের মধ্যে ফোন আলাপের সময় টিকটকের মার্কিন কার্যক্রমের ভবিষ্যত নিয়ে একটি চুক্তি অনুমোদন করেছেন তারা। তবে চীন থেকে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য মেলেনি।
নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশাল’-এ ট্রাম্প লিখেছেন, ফোন আলাপটি ‘ফলপ্রসূ’ ছিল এবং চুক্তিটিতে শি জিনপিংয়ের অনুমোদনের জন্য ‘কৃতজ্ঞ’ তিনি। ওই চুক্তি অনুসারে, টিকটকের যুক্তরাষ্ট্র ব্যবসা বিক্রি হবে একদল মার্কিন বিনিয়োগকারীর কাছে।
শনিবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে চুক্তির বিষয়টি স্পষ্ট ছিল না। ওই বিবৃতিতে বলা হয়েছে, “টিকটক নিয়ে চীনের অবস্থান স্পষ্ট। চীনা সরকার কোম্পানিটির ইচ্ছাকে সম্মান করে ও বাজারের নিয়ম মেনে ব্যবসায়িক আলোচনায় অংশগ্রহণকেও স্বাগত জানায়, যেখানে চীনের আইন ও বিধিমালা অনুসারে সমাধান হয় ও স্বার্থের সুষ্ঠু সমন্বয় ঘটে।”
চীনের সরকারি সংবাদ সংস্থা শিনহুয়া শি জিনপিংকে উদ্ধৃত করে বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘টিকটক নিয়ে আলোচনাকে স্বাগত জানায়’ বেইজিং।