এআই দিয়ে সাইবার হামলা ঠেকাতে অ্যানথ্রপিকের নতুন উদ্যোগ
এ প্রচেষ্টায় অ্যানথ্রপিকের পার্টনার হিসেবে আছে অ্যামাজন ওয়েব সার্ভিসেস, অ্যাপল, ক্রাউডস্ট্রাইক, গুগল, জেপি মর্গান চেজ, মাইক্রোসফট ও এনভিডিয়ার মতো কোম্পানি।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইচালিত সাইবার হামলা ঠেকাতে বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলোকে সঙ্গে নিয়ে নতুন উদ্যোগ শুরু করেছে অ্যানথ্রপিক, যার মূল লক্ষ্য এআই ব্যবহার করে ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা।
এআইয়ের সম্ভাব্য নেতিবাচক প্রভাব নিয়ে অনেক হতাশার কথা রয়েছে, বিশেষ করে সাইবার নিরাপত্তার ক্ষেত্রে এআই কীভাবে নতুন সংকট তৈরি করতে পারে তা নিয়ে অনেক উদ্বেগ রয়েছে।
প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট প্রতিবেদনে লিখেছে, এসব দুশ্চিন্তা দূর করতে ও এআইচালিত সাইবার আক্রমণ থেকে বিশ্বের গুরুত্বপূর্ণ বিভিন্ন সফটওয়্যারকে সুরক্ষিত রাখতে ‘প্রজেক্ট গ্লাসউইং’ নামে নতুন এক উদ্যোগের ঘোষণা দিয়েছে অ্যানথ্রপিক।
এ প্রচেষ্টায় পার্টনার হিসেবে রয়েছে অ্যামাজন ওয়েব সার্ভিসেস, অ্যাপল, ব্রডকম, সিসকো, ক্রাউডস্ট্রাইক, গুগল, জেপি মর্গান চেজ, লিনাক্স ফাউন্ডেশন, মাইক্রোসফট, এনভিডিয়া ও পালো অ্যাল্টো নেটওয়ার্কস-এর মতো শীর্ষ প্রযুক্তি কোম্পানি।
অ্যানথ্রপিক সর্বাধুনিক মডেল ‘ক্লড মিথোস প্রিভিউ’ ব্যবহার করে ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের উদ্যোগ নিয়েছে। মডেলটি এখনও সবার জন্য উন্মুক্ত হয়নি।
কোম্পানিটির দাবি, মডেলটি হাজার হাজার ব্যবহারযোগ্য সিকিউরিটি বা নিরাপত্তা ত্রুটি খুঁজে বের করতে পারে, যার মধ্যে প্রধান সব অপারেটিং সিস্টেম এবং ওয়েব ব্রাউজারের ত্রুটিও রয়েছে।
সাইবার অপরাধীরা এআই ব্যবহার করে যাতে অর্থনীতি বা নিরাপত্তার বড় ধরনের ক্ষতি করতে না পারে সেজন্যই কোম্পানিটি তাদের এ শক্তিশালী টুলটিকে প্রতিরক্ষামূলক কাজে ব্যবহার করতে চায়।
এরইমধ্যে এআইয়ের নৈতিকতা নিয়ে উদ্বেগ প্রকাশকারী অন্যতম প্রধান কোম্পানি হিসেবে পরিচিতি পেয়েছে অ্যানথ্রপিক।
এ বছরের শুরুতে মার্কিন গোয়েন্দা সদরদপ্তর পেন্টাগন তাদের বিভিন্ন পরিষেবা ব্যবহারের ক্ষেত্রে সুরক্ষা ব্যবস্থা বা গার্ডরেইল সরিয়ে নেওয়ার অনুরোধ করলে কোম্পানিটি তা প্রত্যাখ্যান করে।
এর প্রতিক্রিয়ায় প্রতিরক্ষা দপ্তরটি অ্যানথ্রপিককে ‘সাপ্লাই চেইন রিস্ক’ বা সরবরাহ শৃঙ্খলের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
এআই যুগে সাইবার নিরাপত্তা উন্নত করার জন্য ‘প্রজেক্ট গ্লাসউইং’ ইতিবাচক উদ্যোগ হতে পারে।
তবে এরইমধ্যে কিছু ক্ষতি হয়ে গেছে। ফেব্রুয়ারিতে মেক্সিকোর একাধিক সরকারি সংস্থায় সাইবার হামলা চালাতে অ্যানথ্রপিকের নিজস্ব মডেল ‘ক্লড’ ব্যবহার করেছিল হ্যাকাররা।
