১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

এআই কোডিং দৌড়ে এগোতে ‘কোডেক্স’ আনল ওপেনএআই

হারানো বাজার ফিরে পেতে নিজেদের প্রচেষ্টা দ্বিগুণ করেছে ওপেনএআই। বাজারে আসা ‘কোডেক্স’ অ্যাপ কোম্পানিটির সেই পরিকল্পনারই অংশ।

এআই কোডিং দৌড়ে এগোতে ‘কোডেক্স’ আনল ওপেনএআই
‘কোডেক্স’ অ্যাপটির মাধ্যমে দীর্ঘ সময় ধরে একসঙ্গে একাধিক এআই এজেন্ট পরিচালনা করতে পারবেন ব্যবহারকারীরা। ছবি: ওপেনএআই

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2026, 03:35 PM

Updated : 26 Aug 2026, 02:51 PM

এআই কোডিং বাজারে আধিপত্য ফিরে পেতে নতুন পদক্ষেপ নিয়েছে ওপেনএআই। প্রতিদ্বন্দ্বী বিভিন্ন কোম্পানির সঙ্গে পাল্লা দিতে বাজারে নতুন কোডিং টুল এনেছে চ্যাটজিপিটির নির্মাতা।

রয়টার্স লিখেছে, এআই কোড জেনারেশন বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে কোডিং টুল ‘কোডেক্স’-এর ডেস্কটপ অ্যাপ চালু করেছে ওপেনএআই।

কোম্পানিটি বলেছে, ‘কোডেক্স’ অ্যাপটির মাধ্যমে দীর্ঘ সময় ধরে একসঙ্গে একাধিক এআই এজেন্ট পরিচালনা করতে পারবেন ব্যবহারকারীরা।

সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে কোম্পানিটির কর্মকর্তারা বলেছেন, অ্যাপটি কোড ব্যবহার করে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের মতো বিভিন্ন কাজও করতে পারবে।

সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন এআই মডেলের মধ্যে সবচেয়ে সফল হয়েছে কোডিং টুল। বিভিন্ন এআই স্টার্টআপের জন্য ব্যবসায়িক গ্রাহক আগ্রহে এখন তুরুপের তাসে পরিণত হয়েছে এসব কোডিং টুল। ফলে এ খাতে দিন দিন প্রতিযোগিতা বেড়েই চলেছে।

বর্তমানে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় বেশ পিছিয়ে রয়েছে ওপেনএআই, বিশেষ করে এআই স্টার্টআপ ‘অ্যানথ্রপিক’-এর কাছে। নিজেদের ‘ক্লড কোড’ টুলের মাধ্যমে বর্তমানে কোডিং বাজার দখলে রেখেছে অ্যানথ্রপিক।

কোম্পানিটির দাবি, সব ব্যবহারকারীর জন্য খুলে দেওয়ার কেবল ছয় মাসের মাথায় ‘ক্লড কোড’ বার্ষিক ১০০ কোটি ডলার আয়ের মাইলফলক স্পর্শ করেছে।

হারানো বাজার ফিরে পেতে নিজেদের প্রচেষ্টা দ্বিগুণ করেছে ওপেনএআই। কোম্পানিটির সেই পরিকল্পনারই অংশ সোমবার বাজারে আসা ‘কোডেক্স’ অ্যাপ।

ওপেনএআই বলেছে, অ্যাপটিকে আরও সহজ করার চেষ্টা করেছে তারা, যাতে সাধারণ মানুষও এসব উন্নত প্রযুক্তি সহজে ব্যবহার করতে পারেন।

কোডিং জগতের অনেক পর্যবেক্ষকই মনে করেন, কোড তৈরির এসব এআই টুল এখনও দক্ষ প্রযুক্তি কর্মীদের পুরোপুরি বদলে দেওয়ার মতো উন্নত হয়ে ওঠেনি। তবে এসব টুল এদের কাজের গতি বহুগুণ বাড়িয়েছে।

এক সহকর্মীর সঙ্গে সাম্প্রতিক আলাপের সূত্র ধরে ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান বলেছেন, “এসব মডেলের ডোপামিন বা কাজের উদ্যম কখনও ফুরিয়ে যায় না। এগুলো অবিরাম চেষ্টা চালিয়ে যায়, এদের অনুপ্রেরণার কোনো কমতি নেই।”