Published : 06 Nov 2025, 02:37 PM
গ্রেট ব্রিটেনে প্রথমবারের মতো দেখা যাচ্ছে ১৬ বছরের বেশি মানুষদের মধ্যে যারা ধূমপান করে তাদের চেয়ে বেশি মানুষ ভেপ বা ই-সিগারেট ব্যবহার করছেন।
২০২৪ সালের ‘অফিস ফল ন্যাশনাল স্ট্যাটিস্টিকস’-এর জরিপ বলছে, প্রায় ৫৪ লাখ বয়স্ক মানুষ প্রতিদিন বা মাঝে মাঝে ভেপ ব্যবহার করছেন, যেখানে ধূমপায়ীর সংখ্যা ৪৯ লাখ।
প্রতিদিন ভেপের ব্যবহার সবচেয়ে বেশি দেখা গিয়েছে ২৫ থেকে ৪৯ বছরের ব্যক্তিদের মধ্যে। নারীদের মধ্যেও ভেপিংয়ের ব্যবহার বাড়ছে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
গত এক দশক ধরে যুক্তরাজ্যে সিগারেট পানের জনপ্রিয়তা কমেছে। কারণ তামাকের ক্ষতিকর প্রভাব অনেককে ধূমপান ছাড়তে উৎসাহিত করেছে। অন্যদিকে তুলনামূলকভাবে কম ঝুঁকি থাকা ভেপের ব্যবহার বেড়েছে, বিশেষ করে তরুণদের মধ্যে।
যুক্তরাজ্যের ‘ন্যাশনাল হেলথ সার্ভিস’ বলছে, ধূমপানের তুলনায় কম ঝুঁকির ভেপিং। কারণ সিগারেট পুড়ে হাজার হাজার রাসায়নিক নির্গত হয়, যার মধ্যে অনেকগুলো বিষাক্ত এবং ক্যান্সারের কারণ হতে পারে। ভেপে পরিবর্তন করলে এ ঝুঁকি কমে আসে।
ধূমপান ও স্বাস্থ্য সংক্রান্ত দাতব্য সংগঠন ‘অ্যাকশন অন স্মোকিং অ্যান্ড হেলথ’ বলেছে, ধূমপানের হার কমে আসার বিষয়টি ‘জনস্বাস্থ্যের জন্য ভালো খবর’। তবে সংগঠনটি সতর্ক করে বলেছে, যারা এখনও ধূমপান করছেন তারা ‘আসক্তির চক্রে আটকে রয়েছেন, যা সম্ভবত তাদের জীবন কেড়ে নেবে’।
সংগঠনটি আরও বলেছে, যুক্তরাজ্যে ধূমপান মৃত্যুর অন্যতম বড় কারণ। তবে এসব মৃত্যুর অনেকগুলোই ঠেকানো সম্ভব। প্রতি বছর প্রায় ৭০ হাজারের বেশি মানুষ ধূমপানের কারণে মারা যান। সরকারকে এমন এলাকায় বিনিয়োগ ও সহায়তা করতে হবে, যেখানে এখনো অনেক মানুষ ধূমপান করেন।
‘অফিস ফল ন্যাশনাল স্ট্যাটিস্টিকস’-এর অপিনিয়নস অ্যান্ড লাইফস্টাইল সার্ভে’ অনুসারে, ১৬ বছর বা তার বেশি বয়সী ১০ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ বর্তমানে প্রতিদিন বা মাঝে মাঝে ই-সিগারেট ব্যবহার করেন, যেখানে বর্তমানে প্রায় ৯ দশমিক এক শতাংশ মানুষ ধূমপান করেন।
এদিকে, ধূমপান ছেড়েছেন এমন মানুষদের সংখ্যা বেড়েছে। ২০২৪ সালে ধূমপান ছেড়েছেন ৭৪ দশমিক দুই শতাংশ, যা ২০২৩ সালে ছিল ৭০ দশমিক ৩ শতাংশ।
১৯৭০-এর দশকে ধূমপান ছাড়ার সংখ্যা ৩০ শতাংশেরও কম ছিল। তখন যুক্তরাজ্যের প্রায় অর্ধেক মানুষই ধূমপায়ী ছিলেন।
তবে বর্তমানে অনেক পরিবর্তন এসেছে। ২০০৬ থেকে ২০০৭ সালে খোলা জায়গা ও কর্মস্থলে ধূমপান নিষিদ্ধ এবং ২০১৫ সালে শিশু যাত্রী থাকলে গাড়িতে ধূমপান নিষিদ্ধ করে যুক্তরাজ্যে।
২০১৭ সালে সিগারেটের ‘প্লেইন প্যাকেজিং’ চালু করে দেশটির সরকার। এখন যুক্তরাজ্যের পার্লামেন্টে ‘টোব্যাকো অ্যান্ড ভেপস’ নামের এক আইন প্রক্রিয়াধীন রয়েছে। এ আইন পাশ হলে যুক্তরাজ্যে যারা ২০০৯ সালের ১ জানুয়ারির পরে জন্মেছেন তারা তামাক কিনতে পারবেন না।