১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এক্স এর টাইমলাইনে পছন্দমতো ফিড সাজানোর সুবিধা এল

ব্যবহারকারী নিয়মিত যেসব বিষয় নিয়ে অ্যাপে সময় কাটান সেসব বিষয়ের ক্ষেত্রে এ ফিচারটি আরও নিখুঁতভাবে কাজ করবে।

এক্স এর টাইমলাইনে পছন্দমতো ফিড সাজানোর সুবিধা এল
এক্সের এ নতুন ফিচারটি অনেকটা ব্লুস্কাই ও থ্রেডস-এর কাস্টম ফিডের মতো। ছবি: এক্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2026, 04:20 PM

Updated : 26 Aug 2026, 03:28 PM

টাইমলাইন কাস্টমাইজ করার ফিচার নিয়ে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স। এ নতুন সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাদের পছন্দ ও শখের বিষয় অনুসারে আলাদা ফিড সাজাতে এবং পিন করে রাখতে পারবেন।

বর্তমানে প্রিমিয়াম গ্রাহকদের জন্য আসা এ ফিচারটি ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরও নিজস্ব ও সহজ করবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

এই ‘কাস্টম টাইমলাইন’ চালুর ঘোষণা দিয়েছেন এক্সের পণ্য প্রধান নিকিতা বিয়ার।

এ আপডেটটিকে এক্সের জন্য অন্যতম বড় পরিবর্তন হিসেবে বর্ণনা করে বিয়ার বলেছেন, ফিচারটি তৈরি করতে তাদের দলের অনেক মাস সময় লেগেছে।

ফিচারটির সুবিধা হচ্ছে, পছন্দের বিষয়গুলো হোম ট্যাবে ‘পিন’ করে রাখা যাবে। ফলে ব্যবহারকারীর শখ বা আগ্রহের বিভিন্ন বিষয় নিয়ে কী আলোচনা চলছে তা দেখার জন্য সহজেই এক ফিড থেকে অন্যটিতে যাওয়া যাবে।

বিয়ার বলেছেন, এক্সের এ কাস্টম টাইমলাইন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট গ্রক-এর ওপর ভিত্তি করে তৈরি হয়েছে, যা প্রতিটি পোস্ট ও অ্যালগরিদমের ব্যক্তিগত পছন্দ-অপছন্দ বিশ্লেষণ করতে পারে।

এখানে খাবার, শিল্পকলা, ফটোগ্রাফি, ব্যবসা, অর্থ, সিনেমা ও টিভি’সহ মোট ৭৫টি বিষয় বা টপিক বেছে নেওয়ার সুযোগ থাকছে। ব্যবহারকারী নিয়মিত যেসব বিষয় নিয়ে অ্যাপে সময় কাটান সেসব বিষয়ের ক্ষেত্রে এ ফিচারটি আরও নিখুঁতভাবে কাজ করবে।

এ নতুন ফিচারটি অনেকটা ব্লুস্কাই ও থ্রেডস-এর কাস্টম ফিডের মতো। ওইসব অ্যাপেও পছন্দের বিষয় অনুসারে টাইমলাইন পিন করে রাখা যায়, যা প্লাটফর্ম দুটির ব্যবহারকারীরা যথাক্রমে ২০২৩-২৪ সাল থেকেই ব্যবহার করছেন।

বর্তমানে এক্সের এ কাস্টম টাইমলাইন ফিচারটি প্রাথমিক পর্যায়ে এবং কেবল আইওএস ব্যবহারকারী প্রিমিয়াম গ্রাহকরা ব্যবহার করতে পারছেন। তবে শিগগিরই অ্যান্ড্রয়েড প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্যও এটি চালু হবে।

বিয়ার বলেছেন, এক্সের ‘ফর ইউ’ ট্যাব থেকে নির্দিষ্ট কোনো বিষয় সাময়িকভাবে বন্ধ বা ‘স্নুজ’ করার জন্য তারা একটি টুল এনেছেন। এর মাধ্যমে রাজনীতি বা খেলাধুলার মতো নির্দিষ্ট বিষয় ফিড থেকে ২৪ ঘণ্টার জন্য লুকিয়ে রাখা যাবে।

এ সুবিধাটি বর্তমানে আইওএস ও ওয়েব সংস্করণের প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য পাওয়া যাচ্ছে।