১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

স্পয়লার ছাড়াই প্রশ্নের উত্তর দেবে কিন্ডলের এআই অ্যাসিস্ট্যান্ট

ফিচারটি ব্যবহারের সময় যেকোনো কেনা বা ধার নেওয়া বইয়ের একটি অংশ হাইলাইট করে গল্প, চরিত্র বা অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে প্রশ্ন করতে পারবেন পাঠকরা।

স্পয়লার ছাড়াই প্রশ্নের উত্তর দেবে কিন্ডলের এআই অ্যাসিস্ট্যান্ট
বর্তমানে হাজার হাজার জনপ্রিয় ইংরেজি কিন্ডল বইয়ে পাওয়া যাচ্ছে ফিচারটি ছবি: অ্যামাজন

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2025, 07:14 PM

Updated : 26 Aug 2026, 05:19 PM

কোনো উপন্যাসের বেশ কয়েকটি অধ্যায় পড়ে ফেলার পর আমরা হঠাৎ করে কোন চরিত্রে কে ছিলেন বা তার নাম কী ছিল তা ভুলে যাই। এমন পরিস্থিতিতে যেন আমাদের ই-বইটি নামিয়ে রাখতে না হয় সে লক্ষ্যেই নিজেদের নতুন কিন্ডল ফিচার চালু করেছে অ্যামাজন।

ফিচারটির নাম ‘আস্ক দিস বুক’। সেপ্টেম্বরে অ্যামাজনের হার্ডওয়্যার ইভেন্টে এ ফিচারটির নাম প্রথম ঘোষণা করেছিল মার্কিন ই কমার্স জায়ান্টটি। অবশেষে এখন যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা নিজেদের কিন্ডল আইওএস অ্যাপে ফিচারটি ব্যবহার করছেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট।

অ্যামাজন বলেছে, বর্তমানে হাজার হাজার জনপ্রিয় ইংরেজি কিন্ডল বইয়ে পাওয়া যাচ্ছে ফিচারটি, যা কেবল পাঠকদের বর্তমান পড়ার জায়গা পর্যন্তই তথ্য দেখাবে, যাতে বইয়ের কোনো স্পয়লার বেরিয়ে না যায়।

ফিচারটি ব্যবহারের সময় যে কোনো কেনা বা ধার নেওয়া বইয়ের একটি অংশ হাইলাইট করে গল্প, চরিত্র বা অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে প্রশ্ন করতে পারবেন পাঠকরা। এ সময় এআই সহকারী সঙ্গে সঙ্গে প্রাসঙ্গিক, স্পয়লারবিহীন তথ্য দেবে। আরও বিস্তারিত জানতে চাইলে পরবর্তী প্রশ্নও করা যাবে।

‘আস্ক দিস বুক’ ফিচারটি কিছু কিন্ডল পাঠকের জন্য সহায়ক হতে পারে। তবে এ ফিচারটি লেখক ও প্রকাশকদের জন্য বড় বিতর্কের বিষয়ও তৈরি করেছে।

প্রকাশনা সংক্রান্ত দৈনিক নিউজলেটার ‘পাবলিসার্স লাঞ্চ’-কে দেওয়া এক বিবৃতিতে অ্যামাজনের একজন মুখপাত্র বলেছেন, “পাঠকদের এক ধরনের পাঠ অভিজ্ঞতা নিশ্চিত করতে ফিচারটি সবসময় সক্রিয় থাকবে এবং লেখক বা প্রকাশকদের জন্য কোনো অপশন নেই বইগুলোকে এ থেকে বাদ দেওয়ার।”

এরইমধ্যে বিভিন্ন এআই কোম্পানির বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের মামলা করেছে সংবাদমাধ্যমগুলো। সর্বশেষ, পারপ্লেক্সিটি’র বিরুদ্ধে মামলা করেছে নিউ ইয়র্ক টাইমস ও শিকাগো ট্রিবিউন।

আমেরিকান সংবাদমাধ্যম দুটির অভিযোগ, নিজেদের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে প্রশিক্ষণের জন্য তাদের কপিরাইটওয়ালা বিভিন্ন কাজ ব্যবহার করেছে এআই স্টার্টআপটি।

ফিচারটিকে আইওএস অ্যাপের বাইরে আরও বিস্তৃত পরিসরে চালুর পরিকল্পনা করছে অ্যামাজন এবং আগামী বছর থেকে কোম্পানিটি কিন্ডল ডিভাইস ও অ্যান্ড্রয়েড ওএস অ্যাপে চালু করবে ফিচারটি।

নতুন ফিচারের পাশাপাশি ‘রিক্যাপস’ নামের একটি ফিচারও কিন্ডল ডিভাইস ও আউওএস অ্যাপে চালু করেছে অ্যামাজন। এ ফিচারটি যে কোনো বইয়ের সিরিজের জন্য কাজ করবে, বিষয়টি ঠিক টিভি অনুষ্ঠানের ‘প্রিভিয়াসলি অন’-এর মতো। 

তবে মনে রাখা জরুরি সম্প্রতি নিজেদের এআইয়ের মাধ্যমে তৈরি ‘ভিডিও রিক্যাপস’ ফিচারটি সরিয়ে নিতে হয়েছিল অ্যামাজনকে। ফলে ‘রিক্যাপস’ থেকে পাওয়া তথ্যও একবার যাচাই করে নেওয়াই ভালো।