Published : 30 Mar 2026, 03:41 PM
সবকিছুর ওপর নিজের নাম বসানোর অভ্যেস থাকলেও এবার সর্বশেষ ডিজিটাল উদ্যোগ হিসেবে হোয়াইট হাউসের নামে নতুন অ্যাপ চালু করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট প্রতিবেদনে লিখেছে, এ অ্যাপের ভেতরে নিরপেক্ষ খবরের বদলে প্রশাসনের গুণগান ও একপাক্ষিক তথ্য দেখে অনেকেই এটিকে জনসেবার চেয়ে ট্রাম্পের প্রচারণার হাতিয়ার হিসেবেই বেশি দেখছেন।
‘হোয়াইট হাউস অ্যাপ’ নামের এ অ্যাপটি অ্যাপল অ্যাপ স্টোর ও গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। হোয়াইট হাউসের দাবি, আমেরিকানদের জন্য সরাসরি হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগের একটি মাধ্যম এই অ্যাপ।
সংবাদ বিজ্ঞপ্তিতে হোয়াইট হাউস বলেছে, এ অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি মূল উৎস থেকে কোনো রকম ফিল্টার বা পরিবর্তন ছাড়াই রিয়াল টাইম তথ্য ও আপডেট পাবেন।
সহজ কথায়, অ্যাপটি প্রশাসনের সব ধরনের দাপ্তরিক যোগাযোগের এক ‘ওয়ান স্টপ’ প্ল্যাটফর্ম, যেখানে প্রেস রিলিজ, লাইভ ঘোষণা ও ফটো গ্যালারি দেখার সুযোগ রয়েছে।
এ ছাড়া নোটিফিকেশন চালু রাখলে যে কোনো সরকারি তথ্য প্রকাশের সঙ্গে সঙ্গেই তা ব্যবহারকারীর কাছে পৌঁছে যাবে। তবে অ্যাপটি কয়েক মিনিট ব্যবহার করলেই এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন জাগতে পারে।
‘হোয়াইট হাউস অ্যাপ’-এর নিউজ ট্যাবে প্রায় ৩৫টি নিবন্ধের একটি তালিকা রয়েছে, যা দেখে মনে হয় সেগুলো সচেতনভাবে বেছে নেওয়া হয়েছে, যাতে কেবল ট্রাম্প প্রশাসনের গুণগান রয়েছে।
অ্যাপটির ‘অ্যাফোর্ডএবিলিটি’ উইন্ডোতে ডিম, দুধ ও রুটির মতো জিনিসের দাম গত বছরের তুলনায় কমেছে বলে দেখানো হলেও সম্প্রতি পেট্রোল বা গ্যাসের দাম যে হারে বেড়েছে তা এড়িয়ে যাওয়া হয়েছে।
অ্যাপটির সোশাল ট্যাবে ‘টেক্সট প্রেসিডেন্ট ট্রাম্প’ নামে একটি বাটনও আছে, যেখানে ক্লিক করলে স্বয়ংক্রিয়ভাবে ‘গ্রেটেস্ট প্রেসিডেন্ট এভার’ লেখাটি টাইপ হয়ে যায়, যা মূলত ব্যবহারকারীকে মার্কেটিং ক্যাম্পেইনে যোগ করার কৌশল।
সংবাদ বিজ্ঞপ্তিতে ‘প্রশাসনের কাছে সরাসরি আপনার মতামত পাঠানোর’ কথা বলা হলেও অ্যাপের কার্যকারিতায় তার প্রতিফলন দেখা যায়নি। অ্যাপটির ‘গেট ইন টাচ’ সেকশনে ‘ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট’-এর কাছে গোপন তথ্য বা ‘টিপ’ জমা দেওয়ার একটি ব্যবস্থাও রাখা হয়েছে।
ট্রাম্প প্রশাসনের সব ঘোষণা এক জায়গায় পাওয়ার সুবিধা থাকলেও ‘হোয়াইট হাউস অ্যাপ’ একটি পোর্টাল হিসেবে কাজ করছে, যা শেষ পর্যন্ত বিভিন্ন বাইরের ওয়েবসাইটেই নিয়ে যায়।
প্রচলিতভাবে হোয়াইট হাউসের অফিসিয়াল সোশাল মিডিয়া অ্যাকাউন্টগুলো প্রেসিডেন্ট পরিবর্তনের সময় পরবর্তী প্রশাসনের কাছে হস্তান্তরিত হয়। তবে ট্রাম্প ক্ষমতা ছাড়ার পর এ অ্যাপটির ভবিষ্যৎ কী হবে তা বলা কঠিন।
এক্ষেত্রে ট্রাম্পের আগের উদ্যোগগুলো, যেমন ‘ট্রাম্প আরএক্স’, ‘ট্রাম্প মোবাইল’ বা ‘ট্রাম্প ইউনিভার্সিটি’র পরিণতির দিকে তাকালেই হয়ত একটি ধারণা পাওয়া যেতে পারে।