অ্যান্ড্রয়েডে এল পারপ্লেক্সিটির ‘কমেট’ এআই ব্রাউজার
ব্যবহারকারীরা পারপ্লেক্সিটির এআই অ্যাসিস্টেন্ট ব্যবহার করতে পারবেন, সার্চের সারাংশ পেতে পারবেন এবং ভয়েসের মাধ্যমেও ব্রাউজারের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করা যাবে।
পারপ্লেক্সিটি তাদের এআইনির্ভর ব্রাউজার ‘কমেট’ এবার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করেছে। গুগল প্লে স্টোরে ব্রাউজারটি এখন বিনামূল্যে ডাউনলোড করা যাচ্ছে।
এ বছরের শুরুতে কমেট প্রথমে কেবল পারপ্লেক্সিটি’র মাসে দুইশ ডলার মূল্যের প্রো গ্রাহকদের জন্য চালু করা হয়েছিল। গত মাসে সব ব্যবহারকারীর জন্য এর অ্যাক্সেস খুলে দেওয়া হয় এবং অ্যান্ড্রয়েড সংস্করণেও সেই সুবিধা বহাল থাকছে।
মোবাইল সংস্করণে ডেস্কটপ ভার্সনের বেশিরভাগ ফিচারই আছে। ব্যবহারকারীরা পারপ্লেক্সিটির এআই অ্যাসিস্টেন্ট ব্যবহার করতে পারবেন, সার্চের সারাংশ পেতে পারবেন এবং ভয়েসের মাধ্যমেও ব্রাউজারের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করা সম্ভব হবে।
পারপ্লেক্সিটি শুরু থেকেই বলছে, এই ব্রাউজার চালুর অন্যতম লক্ষ্য ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করা, যাতে টার্গেটেড বিজ্ঞাপন আরও কার্যকরভাবে দেখানো যায়।
শুধু পারপ্লেক্সিটি নয়, আরও বেশ কিছু প্রযুক্তি কোম্পানি ব্রাউজিং অভিজ্ঞতায় এআই যুক্ত করতে চাইছে। এসব উদ্যোগকে কেন্দ্র করে বিশেষ করে অনলাইন শপিংয়ে এআই ব্যবহারের বিষয়টি নিয়ে এরইমধ্যে অ্যামাজন অভিযোগ তুলেছে। এ ধরনের ফিচার প্রতারকদের জন্য নতুন সুযোগ তৈরি করতে পারে বলে সতর্ক করেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।
