১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টেক্সাসে ডেটা সেন্টার বানাবে গুগল, খরচ ৪ হাজার কোটি ডলার

এই পরিকল্পনার অংশ হিসেবে তিনটি নতুন ডেটা সেন্টার নির্মাণ করবে গুগল, যার মধ্যে একটি আর্মস্ট্রং কাউন্টিতে ও দুইটি হাসকেল কাউন্টিতে নির্মিত হবে।

টেক্সাসে ডেটা সেন্টার বানাবে গুগল, খরচ ৪ হাজার কোটি ডলার
এই বিনিয়োগ যুক্তরাষ্ট্রের যেকোনো অঙ্গরাজ্যে গুগলের সবচেয়ে বড় বিনিয়োগ। ছবি: গুগল

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2025, 03:34 PM

Updated : 26 Aug 2026, 05:08 PM

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ডেটা সেন্টারের সংখ্যা বাড়াতে ৪ হাজার কোটি ডলার ব্যয়ের ঘোষণা দিয়েছে মার্কিন সার্চ জায়ান্ট গুগল।

কোম্পানিটির ওয়েবসাইটে দেওয়া এক ঘোষণায় গুগল বলেছে, টেক্সাসে নিজেদের ক্লাউড ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সেবার জন্য নতুন অবকাঠামো গড়ে তুলবে তারা।

এই পরিকল্পনার অংশ হিসেবে তিনটি নতুন ডেটা সেন্টার নির্মাণ করবে কোম্পানিটি, যার মধ্যে একটি আর্মস্ট্রং কাউন্টিতে ও দুইটি হাসকেল কাউন্টিতে হবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবটের অফিস বলেছে, এই বিনিয়োগ যুক্তরাষ্ট্রের যে কোনো অঙ্গরাজ্যে গুগলের সবচেয়ে বড় বিনিয়োগ। ২০১৯ সালে মিডলোথিয়ান শহরে প্রথম ডেটা সেন্টার নির্মাণের মাধ্যমে টেক্সাসে গুগলের বিনিয়োগের ইতিহাস শুরু হয়। এরপর রেড ওক-এ আরেকটি ডেটা সেন্টার গড়ে তোলার মাধ্যমে অঙ্গরাজ্যটিতে নিজেদের কার্যক্রম আরও বাড়ায় কোম্পানিটি। যার মাধ্যমে টেক্সাসে গুগলের মোট বিনিয়োগ পৌঁছায় দুইশো ৭০ কোটি ডলারে।

গুগলের তথ্য অনুসারে, নতুন ৪ হাজার কোটি ডলারের বিনিয়োগ ২০২৭ সাল পর্যন্ত ধাপে ধাপে হবে।

তবে গুগলই একমাত্র প্রযুক্তি কোম্পানি নয় যারা যুক্তরাষ্ট্রে নতুন এআই অবকাঠামো তৈরি করছে। বছরের শুরুতে মার্কিন চিপ নির্মাতা জায়ান্ট এনভিডিয়া ঘোষণা করেছিল, হিউস্টন ও ডালাসে এআই সুপারকম্পিউটারের জন্য উৎপাদন সুবিধা গড়ে তুলবে তারা।

এদিকে, সম্প্রতি মেটা বলেছে, যুক্তরাষ্ট্রজুড়ে এআই ডেটা সেন্টার নির্মাণে ৬০ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে কোম্পানিটি। তবে কোন কোন অঙ্গরাজ্যে এসব ডেটা সেন্টার নির্মিত হবে তা এখনও জানায়নি মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্টটি।