বন্ধ হচ্ছে মেটার ‘কুশল বিনিময়ের অ্যাপ’ সুপার
এ বছর মেটার বন্ধ করা বিভিন্ন পরীক্ষা ও অ্যাপের দীর্ঘ তালিকায় নতুন নাম হিসেবে যোগ হলো ‘সুপার’ অ্যাপটি।
নিজেদের ‘ক্যামিও-সদৃশ’ সুপার অ্যাপটি বন্ধ করে দিচ্ছে মেটা। কোম্পানি বলছে, অ্যাপ তৈরির সময় তারা এর মাধ্যমে ভার্চুয়াল জগতে ‘কুশলাদি বিনিময়ের’ অভিজ্ঞতা তৈরির পরিকল্পনা করেছিল, অনেকটা ভিডকন বা কমিকনের মতো বাস্তব জগতের আয়োজনের মতোই।
২০২০ সালে অ্যাপটি তৈরির কাজ শুরু করে মেটা। আর এটি বন্ধ হয়ে যাবে ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে।
“আমরা যা পেয়েছি, তা হলো, নির্মাতা ও অনুরাগীদের মজাদার উপায়ে সংযোগ ঘটানোর বেশ বড় এক সুযোগ।” --এক বিবৃতিতে বলেছে মেটা।
“আমরা নির্মাতা ও অনুরাগীদের সৎ উদ্দেশ্যে তহবিল সংগ্রহ করতে, নতুন শ্রেণির বই উন্মোচন করতে, ‘স্ট্যান্ডআপ রুটিনের’ জন্য নতুন কৌতুক পরীক্ষা করতে, এমনকি একে অপরের বিরুদ্ধে ‘ট্রিভিয়া’ খেলতেও দেখেছি।”
“প্রতিটি নতুন ‘সুপার’ আয়োজনে আনন্দ ও সৃজনশীলতা দেখার বিষয়টি মজাদার ছিল। তবে দুঃখজনকভাবে, আমাদের বিদায় জানানোর সময় এসেছে। আমরা আশা করি, আপনি সুপার ব্যবহার করে ততটাই মজা পেয়েছেন, যতটা আপনার জন্য এটি তৈরি করতে গিয়ে উপভোগ করেছি আমরা।”
মেটা বলছে, যারা কোনো ‘সুপার’ আয়োজনে অংশ নিয়েছেন বা উপস্থাপন করেছেন, ফেব্রুয়ারিতে কোম্পানি অ্যাপটি আনুষ্ঠানিকভাবে বন্ধ করার আগে তারা ওই আয়োজনের ভিডিও ডাউনলোড করতে পারবেন।
ফেব্রুয়ারির আগে অ্যাপটি বন্ধ না হলেও, এটি বন্ধ হওয়ার আগ পর্যন্ত ব্যবহারকারী এতে নতুন কোনো ‘ইভেন্ট’ তৈরি করতে পারবেন না। তবে, এরইমধ্যে যারা অ্যাপে কোনো ‘ইভেন্ট’ তালিকাভুক্ত করেছেন, তাদেরকে আয়োজনটি অন্য কোনো প্ল্যাটফর্মে পুনরায় তালিকাভুক্ত করার পরামর্শ দিয়েছে মেটা।
এ বছর মেটার বন্ধ করা বিভিন্ন পরীক্ষা ও অ্যাপের দীর্ঘ তালিকায় নতুন নাম হিসেবে যোগ হলো ‘সুপার’ অ্যাপটি। নিজেদের ‘রিলস’ ফিচারে মনযোগ দিতে পয়লা অক্টোবর ‘ফেইসবুক লাইভ শপিং’ ফিচারটিও বন্ধ করেছে তারা।
একই মাসে, উন্মোচনের দুই বছরের মাথায় নিজেদের স্ট্যান্ডঅ্যালোন গেইমিং অ্যাপ বন্ধের আগে সেপ্টেম্বরে বন্ধ হয়েছে ‘নেইবরহুডস’ নামের অ্যাপটিও। প্রতিবেশীদের মধ্যে সংযোগ তৈরির মানসম্মত উপায় খোঁজার পাশাপাশি ফেইসবুকে স্থানীয় সংবাদ ও তথ্য শেয়ারের উদ্দেশ্যে গত বছর এর ‘নেক্সটডোর ক্লোন’ উন্মোচিত হয়।
জুলাই মাসে, উন্মোচনের দুই বছরের মাথায় যুগলদের জন্য তৈরি ‘টিউনড’ নামের অ্যাপ বন্ধ করে দেয় মেটা। মার্চে, কলেজ শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে তৈরি ‘ক্যাম্পাস’ নামের অ্যাপটিও তারা বন্ধ করে দেয়। জানুয়ারিতে, ‘স্পার্কড’ নামে পরিচিত ‘ভিডিও স্পিড-ডেটিং’ সেবাও বন্ধ করেছে কোম্পানিটি।
