১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

দীর্ঘ অপেক্ষার পর টেসলা আনছে দ্বিতীয় প্রজন্মের রোডস্টার

দ্বিতীয় প্রজন্মের এ অল-ইলেকট্রিক হাইপারকারটি আগামী ১০ অক্টোবর আত্মপ্রকাশ করতে যাচ্ছে।

দীর্ঘ অপেক্ষার পর টেসলা আনছে দ্বিতীয় প্রজন্মের রোডস্টার
কোম্পানিটির অফিশিয়াল ওয়েবসাইটে রোডস্টার উন্মোচনের কাউন্টডাউন চালু হয়েছে। ছবি: টেসলা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Sep 2026, 08:11 PM

Updated : 17 Sep 2026, 03:00 AM

বারবার দেরির পর অবশেষে নিজেদের বহুল প্রতীক্ষিত ও নতুন সংস্করণের রোডস্টার গাড়ির উন্মোচনের তারিখ চূড়ান্ত করেছে মার্কিন বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা কোম্পানি টেসলা।

কোম্পানিটির অফিশিয়াল এক্স হ্যান্ডেলে বলা হয়েছে, দ্বিতীয় প্রজন্মের এ অল-ইলেকট্রিক হাইপারকারটি আগামী ১০ অক্টোবর আত্মপ্রকাশ করতে যাচ্ছে।

আগের ঘোষিত তারিখে গাড়িটি আনতে টেসলার ব্যর্থ হওয়ার রেকর্ড থাকলেও এবারের ঘোষণাটি বাস্তবায়ন হওয়ার যথেষ্ট জোরালো সম্ভাবনা রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

এর আগে, অগাস্টে সংবাদমাধ্যম ইনফরমেশন প্রতিবেদনে লিখেছিল, টেসলা খুব শিগগিরই নিজেদের রোডস্টার বাজারে আনতে চলেছে ও গাড়িটিতে বিশেষ ‘উড্ডয়ন সক্ষমতা’ থাকতে পারে।

টেসলা কীভাবে এ প্রযুক্তি বাস্তবায়ন করবে তা এখনও স্পষ্ট নয়। তবে কোম্পানিটির অফিশিয়াল ওয়েবসাইটে রোডস্টার উন্মোচনের কাউন্টডাউন চালু হয়েছে।

এ ছাড়া, একটি টিজার ইমেজ প্রকাশ করেছে টেসলা, যেখানে স্পেসএক্স মডেলের সঙ্গে কোল্ড-গ্যাস থ্রাস্টারের ইঙ্গিত মিলেছে, যেটি রোডস্টারের সঙ্গেই আসতে পারে।

গাড়িটির ওড়ার সক্ষমতার বিষয়টি শুনতে আকর্ষণীয় মনে হলেও তা শেষ পর্যন্ত সাইবারট্রাকের বহুল আলোচিত ‘ওয়েড মোড’-এর মতো কেবলই লোকদেখানো চমক হয়ে দাঁড়ায় কি না সেটাই দেখার বিষয়।

২০১৭ সালে প্রথম প্রোটোটাইপ উন্মোচনের পর থেকে নতুন রোডস্টার মডেলটির জন্য অপেক্ষারত গ্রাহকেরা এক প্রকার অনিশ্চয়তার মধ্যে ছিলেন।

ওই সময় টেসলা দাবি করেছিল, তাদের নতুন বিদ্যুচ্চালিত স্পোর্টস কারটি কেবল দুই সেকেন্ডের কম সময়ে প্রতি ঘণ্টায় ০ থেকে ৬০ মাইল গতি তুলতে পারবে এবং এর সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ২৫০ মাইলের বেশি।

পাশাপাশি, গাড়িটি এক চার্জে ৬০০ মাইলেরও বেশি পথ চলতে পারবে। ওই সময় বেইস মডেল রোডস্টারের দাম ধরা হয়েছিল ২ লাখ ডলারে ও এর ‘ফাউন্ডার্স এডিশন’ সংস্করণের দাম ধরা হয়েছিল আড়াই লাখ ডলার।

তবে ৫০ হাজার ডলার অগ্রিম দিয়ে রোডস্টার বুকিং করা অনেক গ্রাহকই এরইমধ্যে অর্ডার বাতিল করেছেন।

এ তালিকায় ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান ও প্রযুক্তি বিষয়ক জনপ্রিয় ইউটিউবার মার্কেস ব্রাউনলির মতো ব্যক্তিরাও রয়েছেন।