১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গুগল টিভিতে এল জেমিনাইয়ের নতুন ৩ ফিচার

কেউ যদি কোনো রান্নার রেসিপি খোঁজেন তবে উত্তরের পাশাপাশি সম্ভব হলে সেই রান্নার একটি ভিডিও টিউটোরিয়ালও স্ক্রিনে তুলে ধরবে গুগলের এআই জেমিনাই।

গুগল টিভিতে এল জেমিনাইয়ের নতুন ৩ ফিচার
গুগলের মূল লক্ষ্য, টিভিতে কেবল বসে বসে ভিডিও দেখা কমিয়ে সেই সময়টাকে জ্ঞান অর্জনে কাজে লাগানো। ছবি: গুগল

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2026, 05:07 PM

Updated : 26 Aug 2026, 03:15 PM

গুগল টিভি প্ল্যাটফর্মে জেমিনাইয়ের তিনটি নতুন ফিচার যোগের ঘোষণা দিয়েছে গুগল। এ আপডেটের ফলে ব্যবহারকারীরা এখন টিভিতে খেলাধুলার লাইভ আপডেট দেখার পাশাপাশি জটিল সব বিষয়ে বিস্তারিত জ্ঞানও পেতে পারবেন।

প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট প্রতিবেদনে লিখেছে, গুগল তাদের ‘গুগল টিভি’ প্ল্যাটফর্মের জন্য এআইচালিত যে নতুন তিনটি ফিচার আনার ঘোষণা দিয়েছে, তার আভাস মিলেছিল জানুয়ারিতে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম প্রযুক্তি মেলা ‘সিইএস’তে। সেটিরই এখন বাস্তবায়ন হচ্ছে।

গুগল টিভি এখন থেকে ব্যবহারকারীর যে কোনো প্রশ্নের উত্তরে আরও ‘উন্নত ও তথ্যবহুল ভিজুয়াল’ ফলাফল দেখাবে। যেমন, কেউ খেলার স্কোর জানতে চাইলে জেমিনাই কেবল লাইভ স্কোরকার্ডই দেখাবে না, বরং সে খেলাটি কোথায় বা কোন চ্যানেলে দেখা যাচ্ছে তাও জানিয়ে দেবে।

আবার কেউ যদি কোনো রান্নার রেসিপি খোঁজেন তবে উত্তরের পাশাপাশি সম্ভব হলে সেই রান্নার একটি ভিডিও টিউটোরিয়ালও স্ক্রিনে তুলে ধরবে গুগলের এআই জেমিনাই।

নেটফ্লিক্সে মুভি দেখে সময় কাটানোর বদলে নতুন কিছু শিখতে চাইলেও গুগল টিভি এখন ব্যবহারকারীর পছন্দের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত তথ্য বা ‘ডিপ ডাইভস’ দেখাবে।

অর্থনীতি, বিজ্ঞান বা প্রযুক্তির কোনো বিষয় কারো মাথায় ঘুরলে জেমিনাই সেই বিষয়ের ওপর বিশেষ ও ‘ইন্টারঅ্যাক্টিভ’ পাঠ তৈরি করে দেবে। পাশাপাশি বিষয়টি বোঝার পর ব্যবহারকারী এআইকে প্রশ্নও করতে পারবেন।

গুগলের মূল লক্ষ্য, টিভিতে কেবল বসে বসে ভিডিও দেখা কমিয়ে সেই সময়টাকে জ্ঞান অর্জনে কাজে লাগানো। বিষয়টি এমনও মনে হতে পারে যে, টিভিও এখন ব্যবহারকারীকে অনেক বেশি টিভি দেখার জন্য মৃদু বকা দেবে।

গুগল টিভির এসব নতুন সুবিধা ব্যবহারের জন্য কোনো নির্দিষ্ট বিষয়ে প্রশ্ন করার পর সরাসরি ‘ডাইভ ডিপার’ বাটনে ক্লিক করতে বা হোম স্ক্রিনের ওপরের দিকে থাকা জেমিনাই ট্যাবে গিয়ে ‘লার্ন’ অপশনটি বেছে নিতে পারেন।

সবশেষে রয়েছে জেমিনাইচালিত ‘স্পোর্টস ব্রিফস’ ফিচার। গেল বছর গুগলের চালু করা নিউজ ব্রিফস-এর মতোই কাজ করবে এ ফিচার।

তবে ফিচারটি কেবল খেলাধুলার খবরের জন্য। বারবার ফোনে স্কোর দেখার ঝামেলা এড়াতে এখন কেউ এআইওয়ালা টিভিকেই যে কোনো লিগের সর্বশেষ খবরের জন্য অনুরোধ করতে পারেন।

জেমিনাই সেই খবরের ‘সময়ানুগ ও বর্ণনামূলক সারসংক্ষেপ’ শুনিয়ে দেবে। বর্তমানে এ সুবিধাটি ‘এনবিএ’, ‘এনসিএএ’ বাস্কেটবল, ‘এনএইচএল’, ‘এমএলএস’ ও ‘এনডাব্লিউএসএল’-এর মতো বিভিন্ন লিগ সমর্থন করছে এবং ফিচারটি জেমিনাই ট্যাবেই পাওয়া যাবে।

বর্তমানে ‘ডিপ ডাইভস’ ও ‘স্পোর্টস ব্রিফস’ সুবিধাগুলো কেবল যুক্তরাষ্ট্রে জেমিনাইসমর্থিত ডিভাইস ব্যবহারকারীদের জন্য সীমিত রাখা হয়েছে।

তবে গুগল বলেছে, এ বসন্তের শেষদিকে আরও অনেক ডিভাইসে এই সুবিধা মিলবে। অন্যদিকে, ‘উন্নত ভিজুয়াল হেল্প’ ফিচারটি বুধবার থেকেই যুক্তরাষ্ট্র ও কানাডায় চালু হচ্ছে।

গুগল আরও বলেছে, ২০২৬ সালের মধ্যে তারা গুগল টিভির এসব জেমিনাই ফিচার আরও অনেক দেশে নিয়ে আসবে। আগামী কয়েক মাসের মধ্যেই অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাজ্যে তা চালুর মাধ্যমে এই যাত্রা শুরু হবে।