Published : 12 Jun 2026, 10:22 AM
টিনএজারদের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তা সুরক্ষায় এবার পদক্ষেপ নিচ্ছে কানাডা। ১৬ বছরের কম বয়সীদের জন্য যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করতে নতুন বিল পেশ করেছে দেশটি।
অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার পর এবার কানাডাও এ কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে, যা বিশ্বজুড়ে প্রযুক্তি দুনিয়ায় বেশ বড় আলোড়ন তৈরি করেছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।
কানাডার সংস্কৃতি মন্ত্রী মার্ক মিলার ‘সেইফ সোশাল মিডিয়া অ্যাক্ট’ নামের নতুন একটি বিল পেশ করেছেন, যার অধীনে ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য যে কোনো সামাজিক মধ্যম অ্যাকাউন্ট খোলার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
পাশাপাশি বিভিন্ন সামাজিক মাধ্যম ও এআই প্ল্যাটফর্মের জন্য কিছু নতুন নিয়মকানুনও আনছে উত্তর আমেরিকান দেশটি।
এ নতুন আইনের আওতায় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমকে তাদের প্ল্যাটফর্ম বা অ্যাপগুলো শিশুদের সুরক্ষার কথা মাথায় রেখে বিশেষভাবে তৈরি করতে হবে।
এসব প্ল্যাটফর্ম থেকে সব ধরনের ডিপফেইক বা এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর নকল ছবি ও ভিডিও দ্রুত সরিয়ে ফেলতে হবে এবং এমন সব কনটেন্ট মুছে ফেলতে হবে, যা ‘কোনো শিশুকে যৌন হেনস্তা বা কোনো ভুক্তভোগীকে মানসিকভাবে পুনরায় বিপর্যস্ত করে’।
এ ছাড়া ক্ষতিকর কনটেন্টের বিস্তার ঠেকাতে এআই দিয়ে তৈরি কনটেন্টে স্পষ্ট লেবেল ব্যবহার করা, ক্ষতিকর বিষয়বস্তুর বিরুদ্ধে সহজে রিপোর্ট করার ব্যবস্থা রাখা ও ব্যবহারকারীদের ব্লক করার মতো প্রয়োজনীয় টুল প্ল্যাটফর্মে রাখা বাধ্যতামূলক হবে।
এ বিলের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে বয়সের সীমাবদ্ধতা দেওয়া হলেও এআই চ্যাটবট সেবাগুলোর ক্ষেত্রে তা করা হচ্ছে না।
বিলটি ঘোষণার সময় এক সংবাদ সম্মেলনে মন্ত্রী মিলার বলেছেন, “বিভিন্ন মিডিয়া প্ল্যাটফর্ম যে ধরনের ক্ষতি করে বলে গবেষণায় উঠে এসেছে, চ্যাটবটগুলোর বিষয়ে এখনো সেভাবে গবেষণা হয়নি। সমাজে এগুলোর ভূমিকাও সামাজিক মাধ্যমের মতো এক নয়।”
এরপরও ‘সেইফ সোশাল মিডিয়া অ্যাক্ট’-এ ‘এআই চ্যাটবট সেবা’ সংক্রান্ত কিছু নির্দেশনা রাখা হয়েছে, যা ‘টাম্বলার রিজ’-এর গুলির ঘটনার ক্ষেত্রে ওপেনএআইয়ের ভূমিকা বা পদক্ষেপের প্রতিক্রিয়া হিসেবেই আনা হয়েছে।
বিলের অংশ হিসেবে বিভিন্ন এআই প্ল্যাটফর্মকে চ্যাটবটের মাধ্যমে ‘ক্ষতিকর তথ্য বা কনটেন্ট ছড়ানো’ এবং যে কোনো ক্ষতিকর আচরণের ঝুঁকি কমিয়ে আনতে হবে। একইসঙ্গে যে কোনো সংকটময় পরিস্থিতি ঠেকানোর জন্য বিভিন্ন চ্যাটবটে বিশেষ ‘জরুরি ব্যবস্থা’ রাখার বিষয়টিও বাধ্যতামূলক করা হচ্ছে।
মন্ত্রী মার্ক মিলার বলেছেন, ১৬ বছর বয়সের এ বাধ্যবাধকতার বাইরে বিভিন্ন প্ল্যাটফর্মকে আর কী কী নিয়ম মেনে চলতে হবে, তার বিস্তারিত বিবরণ নির্ধারণ করবে ‘ডিজিটাল সেইফটি কমিশন অফ কানাডা’, যা ‘ডিজিটাল সেইফটি কমিশন অফ কানাডা অ্যাক্ট’-এর মাধ্যমে সদ্য গঠিত সম্পূর্ণ আলাদা এক কমিশন।
এ কমিশন নতুন নিয়মকানুনগুলো বাস্তবায়নে কাজ করবে এবং তারা যদি মনে করে কোনো প্ল্যাটফর্ম শিশুদের সুরক্ষার জন্য ‘যথেষ্ট নিরাপদ ব্যবস্থা’ ধরে রাখছে, তবে সেই প্ল্যাটফর্মকে নিয়মের বাইরে বিশেষ ছাড় দেওয়ার সক্ষমতাও এ কমিশনের থাকবে।