১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নতুন এআই মডেল উন্মোচনে মার্কিন বাধা চান না জাকারবার্গ

“আমেরিকান ওপেন-সোর্স মডেলগুলোকে যদি দীর্ঘমেয়াদে শীর্ষস্থানে রাখতে হয় তবে মার্কিন নীতিমালায় এই অতিরিক্ত আইনি জটিলতা ও বাধাগুলো কমাতে হবে।”

নতুন এআই মডেল উন্মোচনে মার্কিন বাধা চান না জাকারবার্গ
শীর্ষ প্রযুক্তি কোম্পানির মধ্যে তীব্র লড়াইয়ে নিজেদের অবস্থান আরও দৃঢ় করতে নতুন এই মডেল উন্মোচন করল সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্টটি। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2026, 12:57 PM

Updated : 11 Sep 2026, 03:49 PM

চীনে তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিকে টেক্কা দিতে যুক্তরাষ্ট্রে ওপেন-সোর্স এআই মডেল ব্যবহারের আইনি ও নীতিগত বাধা কমানোর আহ্বান জানিয়েছেন মেটা প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।

পাশাপাশি বহুল প্রতীক্ষিত নতুন ‘ওপেন-ওয়েট’ এআই মডেল বাজারে ছাড়ার ঘোষণা দিয়ে মেটা বলেছে, খুব শিগগিরই তারা এ ধরনের আরও মডেল উন্মোচন করবে।

রয়টার্স লিখেছে, মেটার নতুন এ মডেলটির নাম ‘মিউজ গ্লিমার’। প্রতিযোগী বিভিন্ন কোম্পানির শীর্ষ এআই মডেলের তুলনায় এটি আকারে অনেকটাই ছোট।

ব্যবহারকারীদের নিজস্ব ডিভাইসে সরাসরি এআই পরিচালনার সুবিধা দিতে এটি আনছে মেটা। একক গ্রাফিক্স কার্ডওয়ালা সাধারণ ম্যাক বা পিসিতে ব্যবহার করা যাবে এই মডেল।

ওপেনএআই বা অ্যানথ্রপিকের মতো সামনেসর সারির বিভিন্ন এআই ল্যাবের বড় বড় ক্লোজড-মডেলের তুলনায় ওপেন-ওয়েট মডেল সাধারণত সাশ্রয়ী হয়।

ক্লোজড-মডেলগুলোর নিয়ন্ত্রণ পুরোপুরি কোম্পানির হাতে থাকলেও ওপেন-ওয়েট মডেলের মূল বিভিন্ন উপাদান উন্মুক্ত থাকে, যা ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুসারে সহজে পরিবর্তন ও কাস্টমাইজ করে নিতে পারেন।

মোটা অংকের অর্থ বিনিয়োগ করে গেল বছর ‘সুপারইন্টেলিজেন্স’ টিম গঠন করেছিল মেটা। শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলোর মধ্যে নিজেদের অবস্থান আরও দৃঢ় করতে নতুন এই মডেল উন্মোচন করল সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্টটি।

ক্রমাগত এআই ব্যবহারের খরচ ও সম্প্রতি অ্যানথ্রপিক, ওপেনএআই ও মেটার বিভিন্ন মডেলের অনাকাঙ্ক্ষিত সাইবার নিরাপত্তা সংক্রান্ত ঘটনার কারণে বিশ্বজুড়ে ব্যবসায়িক বিভিন্ন কোম্পানির মধ্যে উদ্বেগ বেড়েছে।

এমন সময় জাকারবার্গের এ বক্তব্য ওপেন-ওয়েট এআইয়ের প্রতি জোর সমর্থনের বার্তা দিল।

এদিকে, গেল মাসে অনিয়ন্ত্রিত ওপেনএআই মডেলের সাইবার হামলার শিকার হওয়া এআই কোডিং প্ল্যাটফর্ম হাগিং ফেইস বলেছে, সাইবার সুরক্ষার কাজে ক্লোজড-সোর্স মডেলগুলোর ওপর নানাবিধ ব্যবহারের বিধিনিষেধ থাকায় তারা ওই হামলা ঠেকানোর কাজে এক চীনা ওপেন-ওয়েট মডেল ব্যবহার করেছিল।

এ বছরে মার্কিন শেয়ারবাজারে মেটার শেয়ারের দাম প্রায় ১০ শতাংশ কমলেও নতুন এ ঘোষণার পর সোমবার লেনদেন শুরুর আগে কোম্পানিটির শেয়ারদর ১ শতাংশ বেড়েছে।

নীতিমালা পুনর্বিবেচনার তাগিদ

বিবৃতিতে জাকারবার্গ বলেছেন, ওপেন-ওয়েট মডেলের ক্ষেত্রে মার্কিন বিভিন্ন কোম্পানি যদি বিশ্ববাজারে নেতৃত্ব দিতে চায় তবে যুক্তরাষ্ট্রের বর্তমান নীতিমালায় পরিবর্তন আনা প্রয়োজন।

বর্তমানে ওপেন-ওয়েট মডেল তৈরির দৌড়ে চীনভিত্তিক বিভিন্ন স্টার্টআপ বেশ এগিয়ে রয়েছে। মুনশট-এর ‘কিমি কে৩’, আলিবাবার ‘কুইয়েন ৩.৮-ম্যাক্স’ ও ডিপসিকের ‘ভি৪-ফ্ল্যাশ’ মডেলগুলো পারফরম্যান্সের দিক থেকে যুক্তরাষ্ট্রের শীর্ষ এআই গবেষণাগারে তৈরি ব্যবস্থাগুলোর সঙ্গে সমানে সমানে টেক্কা দিচ্ছে।

অন্যদিকে, মার্কিন প্রযুক্তি কোম্পানি ওপেনএআই, অ্যানথ্রপিক ও গুগলের তৈরি সেরা এআই মডেল সম্পূর্ণ ‘ক্লোজড-সোর্স’ বা গোপন রাখা হয়েছে।

ওপেন-সোর্স মডেল প্রসঙ্গে জাকারবার্গ বলেছেন, “বিদেশি বিভিন্ন এআই ল্যাব বর্তমানে কিছু অতিরিক্ত সুবিধা পাচ্ছে। কারণ আমেরিকান ল্যাবগুলোকে ট্রেইনিং ডেটা ব্যবহারের ক্ষেত্রে বেশি কঠিন নিয়মকানুন ও বিধিনিষেধ মেনে চলতে হয়।

“আমেরিকান ওপেন-সোর্স মডেলগুলোকে যদি দীর্ঘমেয়াদে শীর্ষস্থানে রাখতে হয় তবে মার্কিন নীতিমালায় এই অতিরিক্ত আইনি জটিলতা ও বাধাগুলো কমাতে হবে।”

পাশাপাশি বিদেশি ওপেন-সোর্স মডেলে প্রবেশাধিকার নিষিদ্ধ করা কোনো কার্যকর সমাধান নয় বলেও মন্তব্য করেছেন জাকারবার্গ।

এ আলোচনার বিষয়ে সংশ্লিষ্ট দুটি সূত্র বলেছে, এ মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন এআই নির্মাতাদের বলেছে, ওপেন-ওয়েট এআই মডেলগুলোকে কোনো প্রকার ঐচ্ছিক নিরাপত্তা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে না।

বিবৃতিতে জাকারবার্গ এআই মডেলের ‘ডিস্টিলেশন’ বা বড় কোনো শক্তিশালী এআই সিস্টেম দিয়ে ছোট মডেলকে প্রশিক্ষণ দেওয়ার পদ্ধতির পক্ষেও মত দিয়েছেন।

তিনি বলেছেন, মেটা স্বাধীন এক পরিচালনা বা নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তুলবে, যা কোম্পানির স্বতন্ত্র পরিচালকদের হাতে এআই মডেল বাজারে ছাড়ার নিরাপত্তা মাপকাঠি অনুমোদনের সক্ষমতা দেবে।