০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

অন্য এআই থেকে জেমিনাইতে তথ্য আনার সুবিধা যোগ গুগলের

গুগল প্ল্যাটফর্মে চলে আসার পরও ব্যবহারকারীরা তাদের আগের প্ল্যাটফর্মে করা পুরানো আলাপ বা বিভিন্ন অনুরোধের সূত্র ধরে কথা চালিয়ে যেতে পারবেন।

অন্য এআই থেকে জেমিনাইতে তথ্য আনার সুবিধা যোগ গুগলের
এআই চ্যাটবট জেমিনাইতে নতুন দুটি ফিচার যোগ করেছে মার্কিন সার্চ জায়ান্টটি। ছবি: গুগল

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2026, 05:10 PM

Updated : 26 Aug 2026, 03:15 PM

চ্যাটজিপিটি বা অন্যান্য এআই প্ল্যাটফর্মের পুরানো চ্যাটিং হিস্ট্রি ও ব্যক্তিগত তথ্য সরাসরি জেমিনাইতে নিয়ে আসার সুবিধা যোগ করেছে গুগল।

প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট প্রতিবেদনে লিখেছে, ব্যবহারকারীদের জন্য এক প্ল্যাটফর্ম থেকে অন্যটিতে স্থানান্তরের প্রক্রিয়া সহজ করতে গুগলের এ উদ্যোগ।

কোম্পানিটির এআই চ্যাটবট জেমিনাইতে নতুন দুটি ফিচার যোগ করেছে মার্কিন সার্চ জায়ান্টটি। কারণ, একজন ব্যবহারকারীকে তার ব্যক্তিগত পছন্দ অনুসারে উত্তর দেওয়ার ক্ষেত্রে চ্যাটবটের কাছে আগের আলাপ বা প্রেক্ষাপট থাকা জরুরি।

বিষয়টি মাথায় রেখে এখন থেকে জেমিনাইতে অন্যান্য এআই প্ল্যাটফর্ম থেকে ব্যবহারকারীর পুরানো তথ্য বা ইতিহাস নিয়ে আসার সুবিধা যোগ হল। সাধারণ ও প্রিমিয়াম সব ধরনের ব্যবহারকারীই এ সুবিধা পাবেন।

প্রথম পদ্ধতির মাধ্যমে জেমিনাই নিজেই বিশেষ এক কমান্ড বা ‘প্রম্পট’ তৈরি করবে, যা অন্য কোনো চ্যাটবটে ব্যবহার করলে ওই চ্যাটবটটি আপনার সম্পর্কে যা যা জানে তার এক সারসংক্ষেপ তৈরি করে দেবে।

এতে ব্যবহারকারীর লেখার ধরন, পরিবারের সদস্যদের নাম বা বিশেষ পছন্দের মতো তথ্য থাকতে পারে। এরপর ওই সারসংক্ষেপটি কপি করে জেমিনাইতে পেস্ট করলেই তা আপনার সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়ে যাবে ও সেই অনুসারে সাহায্য করবে।

দ্বিতীয় অপশনটির মাধ্যমে ব্যবহারকারীরা অন্য কোনো এআই অ্যাসিস্ট্যান্টের সঙ্গে করা তাদের সম্পূর্ণ আলাপের ইতিহাস বা ‘চ্যাটিং হিস্ট্রি’ সরাসরি জেমিনাইতে নিয়ে আসতে পারবেন।

ফলে গুগল প্ল্যাটফর্মে চলে আসার পরও ব্যবহারকারীরা তাদের আগের প্ল্যাটফর্মে করা পুরানো আলাপ বা বিভিন্ন অনুরোধের সূত্র ধরে কথা চালিয়ে যেতে পারবেন।

সম্প্রতি অ্যানথ্রপিকও ঠিক এ ধরনের মেমোরি ইম্পোর্ট ফিচার চালু করেছে।

ধারণা করা হচ্ছে, মার্কিন প্রতিরক্ষা বিভাগের সঙ্গে ওপেনএআইয়ের বিতর্কিত চুক্তির কারণে যারা ওই প্ল্যাটফর্ম ছেড়ে দিচ্ছেন গুগল তাদের নিজেদের দিকে টানতেই এ পদক্ষেপ নিয়েছে।

তবে উদ্দেশ্য যাই হোক না কেন ব্যবহারকারীদের জন্য এসব সুবিধা এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যাওয়ার প্রক্রিয়াকে সহজ ও নিরবচ্ছিন্ন করে তুলবে।