Published : 04 Sep 2025, 03:25 PM
নতুন ফ্ল্যাগশিপ স্মার্টওয়াচ উন্মোচন করেছে গারমিন। স্মার্টওয়াচটির দাম শুনে চোখ কপালে উঠে যেতে পারে অনেকেরই।
ওয়াচটির নাম ‘ফিনিক্স ৮ প্রো’। নাম থেকেই বোঝা যাচ্ছে প্রায় এক বছর আগে বাজারে আসা কোম্পানিটির ‘ফিনিক্স ৮’ স্মার্টওয়াচেরই উন্নত সংস্করণ এই নতুন ওয়াচ।
নতুন স্মার্টওয়াচের সবচেয়ে দামি সংস্করণের দাম এক হাজার সাতশ ২৯ পাউন্ড।
নতুন সংস্করণের এ স্মার্টওয়াচে স্যাটেলাইট ও ইন্টারনেট কানেক্টিভিটি যোগ করেছে গারমিন। যাতে মানুষ মোবাইল ফোন ছাড়াই যে কোনও জায়গা থেকে জরুরি পরিষেবার জন্য যোগাযোগ করতে পারে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
নিজেদের সবচেয়ে দামি ‘ফিনিক্স ৮ প্রো’ মডেলে প্রথমবারের মতো মাইক্রোএলইডি ডিসপ্লে ব্যবহার করেছে গারমিন।
কোম্পানিটি বলেছে, এ প্রযুক্তিটি স্মার্টওয়াচের স্ক্রিনকে অনেক উজ্জ্বল ও উচ্চ রেজোলিউশনের করতে সাহায্য করেছে।
এ ছাড়াও নতুন ওয়াচে প্রথমবারের মতো নিজেদের ‘ইনরিচ’ প্রযুক্তি যোগ করেছে কোম্পানিটি। এর মাধ্যমে ব্যবহারকারীরা স্যাটেলাইট নেটওয়ার্ক ব্যবহার করে যে কোনও স্থানে যোগাযোগ করতে পারবেন, এমনকি যেখানে মোবাইল নেটওয়ার্ক কাজ করে না এমন প্রত্যন্ত অঞ্চলেও যোগাযোগ করতে পারবেন।
স্মার্টওয়াচটিতে কেবল স্যাটেলাইট নয়, ‘এলটিই’ নেটওয়ার্কও রয়েছে, যা ফোনে ব্যবহৃত মোবাইল নেটওয়ার্কের সঙ্গে কানেক্ট করতে পারে। এ প্রযুক্তিটি প্রথমবার ২০২১ সালে নিজেদের ‘ফোররানার ৯৪৫’ মডেলে ব্যবহার করেছে গারমিন।
এরপর থেকে ধীরে ধীরে নিজেদের আরও কিছু মডেলে প্রযুক্তিটি যোগ করেছে কোম্পানিটি। যেমন– গারমিনের আগের ‘ফিনিক্স ৭ প্রো’ ওয়াচেও এ প্রযুক্তি ছিল।
ইন্ডিপেনডেন্ট লিখেছে, গারমিনের ফিনিক্স সিরিজের বিভিন্ন স্মার্টওয়াচ মূলত অ্যাডভেঞ্চার বা ট্রেকিংয়ের জন্য সবচেয়ে ভালো। পাশাপাশি এতে কোম্পানির সব শীর্ষ ফিচারও থাকে।
তবে এ সিরিজের স্মার্টওয়াচ কোম্পানিটির সবচেয়ে দামি ওয়াচ নয়। কারণ, কোম্পানিটির বিলাসবহুল ‘মার্ক’ সিরিজের বিভিন্ন ওয়াচের দাম প্রায় দুই হাজার সাতশ ৯৯ পাউন্ড পর্যন্ত হতে পারে।