Published : 20 May 2026, 12:00 PM
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের যুগে মানব মর্যাদা সুরক্ষা ও যুদ্ধক্ষেত্রে এর ব্যবহার নিয়ে ঐতিহাসিক এক নীতিমালা প্রকাশ করতে যাচ্ছেন পোপ চতুর্দশ লিও।
২৫ মে পোপ চতুর্দশ লিও তার প্রথম ‘এনসাইক্লিকাল’, বা পোপের বিশেষ চিঠি বা আনুষ্ঠানিক নীতি-দলিল প্রকাশ করতে যাচ্ছেন বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট।
সোমবার ভ্যাটিকান থেকে বলা হয়েছে, পোপ এ তাৎপর্যপূর্ণ দলিলটি এআই কোম্পানি অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা ক্রিস্টোফার ওলাহ’কে সঙ্গে নিয়ে যৌথভাবে উন্মোচন করবেন।
ভ্যাটিকানে অ্যানথ্রপিকের ওলাহের উপস্থিতি বিশেষভাবে নজর কেড়েছে। এর থেকে ইঙ্গিত মেলে, এআই নিয়ে মার্কিন বংশোদ্ভূত এ পোপের অবস্থান ট্রাম্প প্রশাসনের সঙ্গে নতুন এক দ্বন্দ্বের জন্ম দিতে পারে।
এর আগে, গেল ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সব সরকারি সংস্থায় অ্যানথ্রপিকের এআই প্রযুক্তি ব্যবহার বন্ধ করার নির্দেশ দিয়েছিল ট্রাম্প প্রশাসন।
মার্কিন সামরিক বাহিনীকে নিজেদের তৈরি এআই প্রযুক্তিতে অবাধ প্রবেশাধিকার দিতে অ্যানথ্রপিক অস্বীকৃতি জানানোর পর ট্রাম্প প্রশাসন তাদের ওপর নিষেধাজ্ঞাসহ আরও বেশ কিছু বড় ধরনের জরিমানা আরোপ করেছে।
নিজেদের এআই প্রযুক্তির যত্রতত্র ব্যবহার সীমিত করার চেষ্টার কারণে ট্রাম্প প্রশাসন অবৈধভাবে প্রতিশোধমূলক ব্যবস্থা নিয়েছে, এমন অভিযোগ তুলে অ্যানথ্রপিক বর্তমানে সরকারের বিরুদ্ধে আইনি লড়াই চালাচ্ছে।
অন্যদিকে, পোপ লিও তার শাসনকালে এআই বিষয়টিকেই সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছেন, বিশেষ করে যুদ্ধক্ষেত্রে এআইয়ের ব্যবহার নিয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন এবং এর ব্যবহারের ওপর কঠোর নজরদারির আহ্বান জানিয়েছেন।
‘ম্যাগনিফিকা হিউম্যানিটাস’ নামের এই নীতি-দলিলটির উন্মোচন অনুষ্ঠানে খোদ পোপের উপস্থিতি তাৎপর্যপূর্ণ। কারণ, সাধারণত এ ধরনের দলিল ভ্যাটিকানের প্রেস রুমে অল্প কয়েকজন নির্বাচিত কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে প্রকাশ করা হয়, যারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
তবে এবার মূল মিলনায়তনে আনুষ্ঠানিক ও জমকালো উদ্বোধনের জন্য ভ্যাটিকান তাদের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে হাজির হচ্ছে। মূল উপস্থাপক হিসেবে থাকবেন ভ্যাটিকানের শীর্ষ দুই কার্ডিনাল। এরা হচ্ছেন ধর্মীয় তত্ত্ব প্রধান কার্ডিনাল ভিক্টর ম্যানুয়েল ফার্নান্দেজ ও মানব উন্নয়ন বিষয়ক প্রধান কার্ডিনাল মাইকেল চের্নি।
সাধারণ বক্তাদের মধ্যে ক্রিস্টোফার ওলাহ ছাড়াও থাকবেন ধর্মতত্ত্ববিদ অ্যানা রউল্যান্ডস ও লিওকাডি লুশম্বো।
ভ্যাটিকান বলেছে, অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখবেন ভ্যাটিকানের স্টেট সেক্রেটারি কার্ডিনাল পিয়েত্রো পারোলিন এবং পোপ লিও নিজে একটি ভাষণ ও চূড়ান্ত আশীর্বাদ দেবেন।
১৫ মে পোপ লিও এই দলিলে স্বাক্ষর করেছেন। কাকতালীয়ভাবে, ঠিক ১৩৫ বছর আগে এই একই দিনে পোপ ত্রয়োদশ লিও তার সবচেয়ে গুরুত্বপূর্ণ এনসাইক্লিকাল ‘রেরুম নোভ্যারুম’ বা নতুন বিষয়াদি স্বাক্ষর করেছিলেন।
শিল্প বিপ্লবের সেই উত্তাল সময়ে লেখা ওই ঐতিহাসিক দলিলে শ্রমিকদের অধিকার, পুঁজিবাদের সীমাবদ্ধতা এবং শ্রমিকদের প্রতি রাষ্ট্র ও মালিকপক্ষের দায়িত্ব ও বাধ্যবাধকতার মতো বিষয় তুলে ধরা হয়েছিল।
ওই দলিলটিই পরবর্তীকালে আধুনিক ক্যাথলিক সামাজিক চিন্তাধারার মূল ভিত্তি হয়ে উঠেছিল। বর্তমান পোপ এরইমধ্যে এআই বিপ্লবের প্রসঙ্গে সেই দলিলের অবতারণা করেছেন।
পোপের ধারণা, এক শতাব্দীরও বেশি সময় আগে শিল্প বিপ্লব মানবজাতির সামনে যে ধরনের অস্তিত্ব সংকটের প্রশ্ন ছুঁড়ে দিয়েছিল বর্তমানের এআই বিপ্লবও ঠিক একই রকম সংকটের জন্ম দিচ্ছে।
ধারণা করা হচ্ছে, নতুন এ ‘এনসাইক্লিকালে’-এ এআইয়ের বিষয়টিকে চার্চের সেই চিরাচরিত সামাজিক শিক্ষার আলোকে তুলে ধরা হবে, যা শ্রম, ন্যায়বিচার ও শান্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে ধারণ করে।
অ্যানথ্রপিকের প্রধান দারিও আমোদেই ওআইএআই’তে কর্মরত ছিলেন। পরবর্তী সময়ে ২০২১ সালে এআইয়ের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের সঙ্গে মতবিরোধ তৈরি হওয়ায় তিনি একদল সহকর্মীসহ চাকরি ছেড়ে অ্যানথ্রপিক প্রতিষ্ঠা করেন।
নতুন এ কোম্পানিটি মানুষের চেয়েও বুদ্ধিমান প্রযুক্তি, যাকে ‘আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স’ বা এজিআই বলা হয়, এর সুরক্ষার বিষয়ে আরও স্পষ্ট ও সুনির্দিষ্ট মনোযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।
স্যান ফ্রান্সিসকোভিত্তিক এ দুটি কোম্পানিরই মূল লক্ষ্য, এজিআই প্রযুক্তি তৈরি করা।
এ বছরের শুরুতে অ্যানথ্রপিক বলেছে, তাদের বাজারমূল্য বেড়ে ৩৮ হাজার কোটি ডলারে পৌঁছেছে। ফলে কোম্পানিটি তাদের চ্যাটবট ক্লড’কে নিয়ে শীর্ষ প্রতিদ্বন্দ্বী ওপেনএআই ও ইলন মাস্কের রকেট কোম্পানি স্পেসএক্স-এর সমকক্ষ হিসেবে নিজেদের দাঁড় করিয়েছে।
স্পেসএক্স সম্প্রতি মাস্কের নিজস্ব এআই স্টার্টআপ ‘এক্সএআই’-এর সঙ্গে একীভূত হয়েছে। গ্রক চ্যাটবটটির নির্মাতা এক্সএআই।