১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্পটিফাইয়ের মাসিক ব্যবহারকারী এখন ৭৫ কোটি

আগের বছরের একই সময়ের তুলনায় তাদের ব্যবহারকারীর সংখ্যা এখন ১১ শতাংশ বেড়েছে, যা এক প্রান্তিক আগেই ছিল কেবল ৭১ কোটি।

স্পটিফাইয়ের মাসিক ব্যবহারকারী এখন ৭৫ কোটি
এ উন্নতির পেছনে এআইসহ বেশ কিছু কারণের কথা উল্লেখ করেছে স্পটিফাই। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2026, 02:35 PM

Updated : 26 Aug 2026, 02:55 PM

নতুন মাইলফলকে পৌঁছেছে মিউজিক ও পডকাস্ট স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই। এখন তাদের মোট মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৭৫ কোটিরও বেশি।

মঙ্গলবার এক ঘোষণায় স্পটিফাই বলেছে, ২০২৫ সালের শেষ প্রান্তিকে নতুন এই রেকর্ড করেছে তারা। আগের বছরের একই সময়ের তুলনায় তাদের ব্যবহারকারীর সংখ্যা এখন ১১ শতাংশ বেড়েছে, যা এক প্রান্তিক আগেই ছিল কেবল ৭১ কোটি। 

সেখান থেকে এই বড় লাফ স্পটিফাইয়ের ক্রমাগত জনপ্রিয়তারই প্রমাণ বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।

ত্রৈমাসিক আয়ের প্রতিবেদনে কোম্পানিটি বলেছে, স্পটিফাইয়ের ‘প্রিমিয়াম’ গ্রাহক সংখ্যাও গত বছরের তুলনায় ১০ শতাংশ বেড়েছে। এ গ্রাহক সংখ্যা ২৬ কোটি ৩০ লাখ থেকে বেড়ে এখন ২৯ কোটিতে দাঁড়িয়েছে।

সুইডিশ এ কোম্পানির প্রিমিয়াম গ্রাহকদের মধ্যে সবচেয়ে বড় অংশ ইউরোপের (৩৬ শতাংশ) এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে উত্তর আমেরিকা (২৫ শতাংশ)। এ উন্নতির পেছনে এআইসহ বেশ কিছু কারণের কথা উল্লেখ করেছে স্পটিফাই।

এক বিবৃতিতে কোম্পানিটির কো সিইও গুস্তাভ সোডারস্ট্রম বলেছেন, “নিজেদেরকে আমরা সংগীত শিল্পের গবেষণা ও উন্নয়ন বিভাগ মনে করি। আমাদের কাজ দ্রুত নতুন প্রযুক্তিকে বোঝা ও এর সম্ভাবনাকে কাজে লাগানো, যা আমরা বারবার করে দেখিয়েছি।”

তিনি বলেছেন, এআইয়ের এ বৈপ্লবিক পরিবর্তন থেকে পুরো ইন্ডাস্ট্রিই লাভবান হবে। তবে যারা দ্রুত এ পরিবর্তনকে গ্রহণ করবে তারাই সবচেয়ে বেশি এগিয়ে থাকবে।

২০২৫ সালের শেষদিকে নিজেদের প্ল্যাটফর্ম থেকে মানহীন এআই গান সরিয়ে ফেলার এবং ‘শিল্পীবান্ধব এআই মিউজিক পণ্য’ আনার কথা বলেছিল স্পটিফাই। তবে এসব নিয়ে কোম্পানিটির বিস্তারিত পরিকল্পনা এখনও স্পষ্ট নয়।

কোম্পানিটি দাবি করেছে, গেল ডিসেম্বরে তাদের সালতামামি ‘স্পটিফাই র‍্যাপড’ আগের যে কোনো সময়ের চেয়ে সাফল্য পেয়েছে। ৫৬টি ভাষায় এতে প্রায় ৩০ কোটিরও বেশি ব্যবহারকারী সক্রিয়ভাবে অংশ নিয়েছেন এবং প্রায় ৬৩ কোটি বার তা শেয়ার হয়েছে।