নাম বদলে মাস্কের এক্সএআই এখন থেকে ‘স্পেসএক্সএআই’
স্পেসএক্সের রকেট, নকশা ও উৎক্ষেপণ সংক্রান্ত পোস্টের জন্য এখনও তাদের আলাদা অ্যাকাউন্টটি চালু রয়েছে।
ইলন মাস্কের মহাকাশ কোম্পানি স্পেসএক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই স্টার্টআপ এক্সএআই একীভূত হওয়ার পর অবশেষে এক্সএআইয়ের নাম পরিবর্তন করে আনুষ্ঠানিকভাবে হয়েছে স্পেসএক্সএআই।
একীভূত হওয়ার পাঁচ মাস পর কোম্পানিটির নতুন নাম ও লোগো উন্মোচিত হল।
প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট প্রতিবেদনে লিখেছে, পৃথিবীর বাইরে মহাকাশে ‘অরবিটাল ডেটা সেন্টার’ তৈরির এক দূরদর্শী লক্ষ্য নিয়ে এখন থেকে নতুন এ ব্র্যান্ডের অধীনেই পরিচালিত হবে মাস্কের এআই প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স।
মে মাসেই এ সম্মিলিত কোম্পানির নতুন নাম প্রকাশ করে মাস্ক বলেছিলেন, এক্সএআই এখন থেকে আর স্পেসএক্সের অধীনে আলাদা কোনো কোম্পানি হিসেবে থাকবে না।
সম্প্রতি এক্স-এ এক পোস্টের মাধ্যমে এক্সএআই ঘোষণা করেছে, এখন থেকে তারা ‘স্পেসএক্সএআই’। পাশাপাশি তারা একীভূত কোম্পানির নতুন লোগোও উন্মোচন করেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে এক্সএআইয়ের অ্যাকাউন্টে এখন নতুন নাম দেখা যাচ্ছে। তবে স্পেসএক্সের রকেট, নকশা ও উৎক্ষেপণ সংক্রান্ত পোস্টের জন্য এখনও তাদের আলাদা অ্যাকাউন্টটি চালু রয়েছে।
ফেব্রুয়ারিতে এক্সএআই’কে স্পেসএক্স কিনে নেওয়ার সময় মাস্ক বলেছিলেন, “এআইয়ের জন্য বিশ্বজুড়ে বিদ্যুতের যে চাহিদা তা কেবল পৃথিবীর উপায় বা উৎস দিয়ে মেটানো সম্ভব নয়।”
তিনি বলেছিলেন, ডেটা সেন্টারের মতো বিপুল সম্পদ ও শক্তিনির্ভর কার্যক্রম মহাকাশে নিয়ে যাওয়াই ‘একমাত্র যৌক্তিক সমাধান’।
স্পেসএক্সএআই মহাকাশে ‘অরবিটাল ডেটা সেন্টার’ তৈরি করতে চাইছে।
এ দুটি কোম্পানি একীভূত হওয়ার ঘোষণা আসার আগেই মার্কিন ‘ফেডারেল কমিউনিকেশনস কমিশন’ বা এফসিসি’র কাছে মহাকাশভিত্তিক ডেটা সেন্টার তৈরির উদ্দেশ্যে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য আবেদন জমা দিয়েছিল স্পেসএক্স।
২০২৫ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স’কে কিনে নেয় এক্সএআই, যার সূত্র ধরেই এ প্ল্যাটফর্মটি স্পেসএক্সএআইয়ের ব্র্যান্ডের অধীনে চলে এল।
এ বছরের জুনে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়েছে স্পেসএক্স। লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দাম ১৬১ ডলারে গিয়ে ঠেকে, যার ফলে কোম্পানির বাজার মূল্য দাঁড়ায় ২.১ ট্রিলিয়ন ডলার।
‘স্টকটুইটস’-এর তথ্য অনুসারে, দাপ্তরিক নথিপত্রে এখনও নতুন এই ব্র্যান্ডের নাম আনুষ্ঠানিকভাবে বসেনি। তবে এক্সএআইয়ের ওয়েবসাইটে এরইমধ্যে নতুন লোগো ও কোম্পানির নাম দেখা যাচ্ছে।
