২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

৯ সেপ্টেম্বর নতুন আইফোন আসছে অ্যাপলের নতুন সিইও’র হাত ধরে

অ্যাপল তাদের নতুন ডিভাইসগুলোর মূল কেন্দ্রে এআইকে রাখছে এবং আসন্ন ইভেন্টে এটাই কোম্পানিটির আলোচনার প্রধান বিষয় হতে যাচ্ছে।

৯ সেপ্টেম্বর নতুন আইফোন আসছে অ্যাপলের নতুন সিইও’র হাত ধরে
১ সেপ্টেম্বর দীর্ঘদিনের সিইও টিম কুকের স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব তুলে নিচ্ছেন টার্নাস। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2026, 10:16 AM

Updated : 19 Sep 2026, 02:25 PM

নতুন সিইও জন টার্নাসের নেতৃত্বে আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যাপলের বহুল প্রতীক্ষিত আইফোন ইভেন্ট।

প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট প্রতিবেদনে লিখেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ও সম্ভাব্য ফোল্ডএবল মডেলকে কেন্দ্র করে আয়োজিত ‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’ নামের ইভেন্টেই উন্মোচিত হতে পারে পরবর্তী প্রজন্মের আইফোন ১৮ সিরিজ।

বাংলাদেশ সময় রাত ১১টায় (ইস্টার্ন টাইম দুপুর ১টা) অ্যাপলের অফিশিয়াল ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে আয়োজনটি।

আসন্ন এই শরতের ইভেন্ট ঘিরে সবচেয়ে বড় গুঞ্জন হচ্ছে একটি ‘ফোল্ডএবল’ বা ভাঁজ করা যায় এমন আইফোন মডেল। অ্যাপল তাদের ‘আইওএস ২৭’-এর কোডে বেশ কিছুদিন ধরেই এ ধরনের ডিভাইসের সুবিধা যোগের কাজ কছে।

ধারণা করা হচ্ছে, ডিভাইসটির নাম হবে ‘আইফোন আল্ট্রা’, যা পকেটেও রাখা যাবে আবার ভাঁজ খুললে ‘আইপ্যাড মিনি’র মতো ট্যাবলেটের অভিজ্ঞতা দেবে।

এ বছর ‘আইফোন ১৮’ সিরিজ প্রকাশে কিছু নতুন কৌশল নিতে পারে অ্যাপল। আগামী মাসে ‘আইফোন আল্ট্রা’র পাশাপাশি ‘আইফোন ১৮ প্রো’ মডেলগুলো উন্মোচিত হতে পারে।

অন্যদিকে, সাশ্রয়ী ‘আইফোন এয়ার ২’, ‘আইফোন ১৮ই’ ও মূল ‘আইফোন ১৮’ মডেলগুলোর জন্য ২০২৭ সালের বসন্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে গ্রাহকদের।

অ্যাপল তাদের নতুন ডিভাইসগুলোর মূল কেন্দ্রে এআইকে রাখছে এবং আসন্ন ইভেন্টে এটাই কোম্পানিটির আলোচনার প্রধান বিষয় হতে যাচ্ছে।

জুনে অনুষ্ঠিত ডব্লিউডব্লিউডিসি কি-নোটের প্রচলিত ধারায় অ্যাপলের পরিবর্তনের বিষয়টি কোনো আকস্মিক সিদ্ধান্ত ছিল না।

প্রতিটি অপারেটিং সিস্টেমের জন্য আলাদা ফিচারের দিকে নজর না দিয়ে অ্যাপল দীর্ঘ প্রতীক্ষিত সিরি রিভ্যাম্প ‘সিরি এআই’ ও ‘অ্যাপল ইন্টেলিজেন্স’কে ঘিরে সমন্বিত ও ক্রস-প্ল্যাটফর্ম ইকোসিস্টেম গড়ে তোলার রূপরেখা তুলে ধরেছিল।

বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুসারে, সিরি এআইকেন্দ্রিক এ ইকোসিস্টেমের সঙ্গে যোগ একঝাঁক নতুন ডিভাইস আনার পরিকল্পনা করছে অ্যাপল।

এর মধ্যে রয়েছে নতুন আইপ্যাড, হোমপড মিনি ও অ্যাপল টিভি বক্সের আপগ্রেডেড সংস্করণ ও ঘরের সংযোগ অন্যান্য ডিভাইস নিয়ন্ত্রণের জন্য ‘স্মার্ট ডিসপ্লে’।

অ্যাপলের ইতিহাস বিবেচনা করা হলে এই ইভেন্টের মূল আকর্ষণ বরাবরের মতো নতুন আইফোনগুলোর ওপরই নিবদ্ধ থাকবে।

এ আইফোন ইভেন্টের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হচ্ছে অ্যাপলের নতুন সিইও জন টার্নাসের নেতৃত্বে প্রথম কোনো বড় উন্মোচন ইভেন্ট হতে যাচ্ছে।

আগামী ১ সেপ্টেম্বর দীর্ঘদিনের সিইও টিম কুকের স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব তুলে নিচ্ছেন টার্নাস।