নববর্ষে দেশের বাজারে এল ‘অপো রেনো ১৩ ফাইভজি’
‘অপো রেনো১৩ ফাইভজি’ ব্যবহারকারীদের কোনো প্রোটেক্টিভ কেইসের সহায়তা ছাড়াই পানির নীচে ছবি ও ভিডিও ধারণ করার সুযোগ দেবে বলে দাবি কোম্পানিটির।
নববর্ষের আমেজে দেশজুড়ে পালিত হচ্ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। এ সময়টিকেই নতুন মোবাইল ফোন বাজারে আনার জন্য বেছে নিয়েছে অপো। তারা পহেলা বৈশখেই বাজারে আনল ‘অপো রেনো১৩ ফাইভজি’ স্মার্টফোন।
কোম্পানিটি বলেছে, ‘অপো রেনো১৩ ফাইভজি’ পুরোপুরি ‘ওয়াটার প্রুফ’ বা পানিরোধী। এতে রয়েছে আইপি৬৯ রেটিং, আন্ডারওয়াটার ফটোগ্রাফি সক্ষমতা। যাতে পানির নিচেও ছবি তোলা সম্ভব।
‘অপো রেনো১৩ ফাইভজি’ ব্যবহারকারীদের কোনো প্রোটেক্টিভ কেইসের সহায়তা ছাড়াই ছবি ও ভিডিও ধারণ করার সুযোগ দেবে বলে দাবি কোম্পানিটির।
অপো বলেছে, তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ‘এআই লাইভ ফটো’ ফিচার শাটার ট্যাপ করার কিছু সময় আগে এবং পরেও ছবি তুলতে পারবে, যা ব্যবহারকারীদের তোলা ছবিকে ‘প্রাণবন্ত ও জীবন্ত শর্ট ক্লিপস’ হিসেবে তৈরি করবে।
কোম্পানিটি বলেছে, স্মার্টফোনটিতে তোলা ছবিকে স্পষ্ট করা যাবে ‘এআই আনব্লার’ টুল ব্যবহার করে। পাশাপাশি, ছবি নিখুঁতের বিষয়টি নিশ্চিত করবে এতে থাকা ‘এআই ক্লিয়ারিটি এনহেন্সার’ ফিচার। তাই ছবি তোলা থেকে শুরু করে এডিট ও সামাজিক মাধ্যমে পোস্ট করার পুরো প্রক্রিয়াটি নির্বিঘ্ন করবে ‘অপো রেনো১৩ ফাইভজি’।
বাংলাদেশের অপো’র সব আউটলেট ও অনলাইন প্ল্যাটফর্মে ফোনটি পাওয়া যাচ্ছে। এ স্মার্টফোনের দাম ৬৯ হাজার ৯৯০ টাকা।
