২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

এআই ‘হেলথ প্লাস’ তৈরির প্রকল্প থেকে সরে এল অ্যাপল

ব্যবহারকারীর স্বাস্থ্যের তথ্য বিশ্লেষণ করে জীবনযাত্রায় কী কী পরিবর্তন আনা প্রয়োজন সেই পরামর্শ দেওয়ার সক্ষমতাও থাকার কথা ছিল ফিচারটির।

এআই ‘হেলথ প্লাস’ তৈরির প্রকল্প থেকে সরে এল অ্যাপল
গত বছর খবর বেরিয়েছিল, ‘হেলথ প্লাস’ পরিষেবা তৈরির কাজ করছে কোম্পানিটি। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2026, 05:10 PM

Updated : 26 Aug 2026, 02:53 PM

এআই হেলথ প্লাস বা কৃত্রিম বুদ্ধিমত্তাওয়ালা ব্যক্তিগত ডাক্তার তৈরির পরিকল্পনা থেকে সরে এসেছে অ্যাপল। বর্তমানে কেবল কোম্পানিটির ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরি বা বিশেষ চ্যাটবটের মাধ্যমে স্বাস্থ্য পরামর্শ পাওয়ার সুবিধা পাবেন ব্যবহারকারীরা।

মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ প্রতিবেদনে লিখেছে, একজন ডাক্তারের মতো কাজ করতে ও ব্যক্তিগত ‘হেলথ কোচ’ হিসেবে সেবা দেবে এমন এআই পরিষেবা ‘হেলথ প্লাস’ চালুর পরিকল্পনা বাতিল করেছে অ্যাপল।

প্রযুক্তি সাইট এনগ্যাজেট লিখেছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে নিজেদের এ অপ্রকাশিত প্রকল্পটির পরিসর কমিয়ে এনেছে আইফোন নির্মাতা কোম্পানিটি। অ্যাপলের সাম্প্রতিক সাংগঠনিক রদবদলের পর এ পরিবর্তনটি এসেছে, যেখানে কোম্পানির স্বাস্থ্য বিভাগের ‘সার্ভিস চিফ’ হিসেবে দায়িত্ব নিয়েছেন এডি কিউ।

অ্যাপল কখনোই আনুষ্ঠানিকভাবে এ এআই হেলথ ফিচারের কথা ঘোষণা করেনি। তবে গত বছর খবর বেরিয়েছিল, ‘হেলথ প্লাস’ পরিষেবা তৈরির কাজ করছে কোম্পানিটি।

‘হেলথ প্লাস’-এর এর কাজ হওয়ার কথা ছিল আইফোনের ক্যামেরা ব্যবহার করে ব্যবহারকারীর খাবারের পুষ্টিগুণ ট্র্যাক করা ও শরীরচর্চার সঠিক পদ্ধতি ঠিক করে দেওয়া।

এ ছাড়া ব্যবহারকারীর স্বাস্থ্যের তথ্য বিশ্লেষণ করে জীবনযাত্রায় কী কী পরিবর্তন আনা প্রয়োজন সেই পরামর্শ দেওয়ার সক্ষমতাও থাকার কথা ছিল ফিচারটির। এজন্য বেশ কিছু ভিডিও-ও তৈরি করেছিল অ্যাপল, যেখানে বিভিন্ন শারীরিক অবস্থা ও শরীরচর্চার নির্দেশিকা ব্যাখ্যা ছিল।

ব্লুমবার্গ লিখেছে, এডি কিউ চেয়েছিলেন অ্যাপল তার স্বাস্থ্য বিষয়ক পণ্যগুলোর ক্ষেত্রে আরও দ্রুত কাজ করুক ও বাজারে প্রতিযোগিতায় টিকে থাকুক। কারণ ‘ওরা’র মতো এই খাতের সুপরিচিত নামগুলো এরইমধ্যে তাদের আইওএস অ্যাপে অনেক আকর্ষণীয় ও উন্নত ফিচার দিচ্ছে।

তবে, এডি কিউ-এর ধারণা, অ্যাপল বর্তমানে যা পরিকল্পনা করছে তা এই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য যথেষ্ট নয়।

পুরো প্যাকেজ হিসেবে ‘এআই হেলথ কোচ’ চালুর বদলে ধাপে ধাপে এর বিভিন্ন ফিচার তাদের ‘হেলথ’ অ্যাপে যোগ করবে অ্যাপল, বিশেষ করে আগে থেকে তৈরি করা ভিডিও এবং ব্যবহারকারীর তথ্য বিশ্লেষণ করে পরামর্শ দেওয়ার ফিচারটি এ বছরের শুরুতে আসতে পারে।

পাশাপাশি, স্বাস্থ্য বিষয়ক ‘এআই চ্যাটবট’ তৈরির কাজ করছে অ্যাপল, যা স্বাস্থ্যের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে। তবে তা এক সাময়িক ব্যবস্থা। কারণ, কোম্পানির মূল লক্ষ্য ভবিষ্যতে নিজেদের আসন্ন ‘সিরি চ্যাটবট’-এর মাধ্যমেই এসব স্বাস্থ্য বিষয়ক প্রশ্নের সমাধান করা।