১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ইউটিউব ফিডে এখন লুকানো যাবে ‘শর্টস’

নতুন এ আপডেট অনুসারে, শর্টস দেখার সময়সীমা সরাসরি ‘শূন্য মিনিট’ করে দেওয়ার সুযোগ দিচ্ছে ইউটিউব।

ইউটিউব ফিডে এখন লুকানো যাবে ‘শর্টস’
গেল বছরের অক্টোবরে এ সুবিধা প্রথম চালু করেছিল ইউটিউব। তবে ওই সময় সর্বনিম্ন ১৫ মিনিট সময় সেট করা যেত। ছবি: ইউটিউব

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2026, 05:06 PM

Updated : 26 Aug 2026, 03:26 PM

একটানা ভিডিও দেখার আসক্তি কমাতে নতুন ফিচার যোগ করেছে ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম ইউটিউবে। এখন থেকে ব্যবহারকারীরা চাইলে তাদের মোবাইল ফিড থেকে শর্টস ভিডিও সরিয়ে ফেলতে পারবেন।

নতুন এ আপডেট অনুসারে, শর্টস দেখার সময়সীমা সরাসরি ‘শূন্য মিনিট’ করে দেওয়ার সুযোগ দিচ্ছে ইউটিউব।

প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট প্রতিবেদনে লিখেছে, ভিডিও দেখার সময়সীমা ‘শূন্য মিনিট’ নির্ধারণের বিষয়টি ব্যবহারকারীদের মোবাইলে একটানা অপ্রয়োজনীয় ভিডিও দেখা বন্ধ করতে সাহায্য করবে।

গেল বছরের অক্টোবরে এ সুবিধা প্রথম চালু করেছিল ইউটিউব। তবে ওই সময় সর্বনিম্ন ১৫ মিনিট সময় সেট করা যেত।

সেই ১৫ মিনিট পার হয়ে গেলে বিরতি নেওয়ার জন্য একটি রিমাইন্ডার বা পপ-আপ মেসেজ আসত। এখন নতুন আপডেটের মাধ্যমে ব্যবহারকারী চাইলে ফিচারটি পুরোপুরি বন্ধ রাখার সুযোগ পাচ্ছেন।

বছরের শুরুতে এ ফিচারটি ‘প্যারেন্টাল কন্ট্রোল’-এর সঙ্গে যোগ করে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি, যাতে অভিভাবকরা অল্পবয়সী ব্যবহারকারীদের জন্য সময়ের সীমা নির্ধারণ করে দিতে পারেন।

ওই সময় ইউটিউব বলেছিল, অভিভাবকরা শিগগিরই টাইমারটি ‘শূন্য’ করার অপশন পাবেন। এখন এ ‘শর্টস টাইমার’ সুবিধাটি কেবল অভিভাবকদের জন্য নয়, বরং সব ব্যবহারকারীর জন্যই চালু হয়েছে।

প্রাপ্তবয়স্কদের অ্যাকাউন্টেও এখন এ ‘শূন্য মিনিট’ অপশনটি দেখা যাচ্ছে। ব্যবহারকারী এ অপশনটি বাছাই করলে একটি নোটিশ দেখতে পাবেন, যেখানে লেখা থাকবে, ‘স্ক্রলিং বন্ধ হয়েছে। তবে আপনি এখনও আলাদাভাবে কিছু শর্টস ভিডিও দেখতে পারেন’।

এ ছাড়া ব্যবহারকারীর ফিড থেকে বিভিন্ন শর্ট ভিডিও পুরোপুরি সরিয়ে ফেলতে অ্যাপটি একবার ‘রিফ্রেশ’ করার প্রয়োজন হতে পারে।

ইউটিউব ফিডে ‘শর্টস’ আসা বন্ধ করতে চাইলে মোবাইলে ইউটিউব অ্যাপের ‘সেটিংস’ অপশনে গিয়ে সেখানে থাকা ‘টাইম ম্যানেজমেন্ট’ অপশনটি খুঁজে বের করুন এবং নিচে স্ক্রল করে ‘ডেইলি লিমিটস’ সেকশনে যান। এখানেই ‘শর্টস ফিড লিমিট’ অপশনটি পাবেন।

শর্টস পুরোপুরি বন্ধ করতে না চাইলে অন্য যে কোনো সময়সীমা বেছে নিতে পারেন। এক্ষেত্রে সর্বোচ্চ দুই ঘণ্টা পর্যন্ত সময় সেট করার সুযোগ রয়েছে।