১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ফায়ারফক্সে আসছে সব এআই ফিচার বন্ধের ‘কিল সুইচ’

এআই ব্রাউজার হলেও সব এআই ফিচার পুরোপুরি বন্ধ করার সুযোগ রাখছে মজিলা।

ফায়ারফক্সে আসছে সব এআই ফিচার বন্ধের ‘কিল সুইচ’
ফায়ারফক্স ধীরে ধীরে একটি আধুনিক এআই ব্রাউজারের রূপ নেবে। ছবি: ৯টু৫ লিনাক্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2025, 01:23 PM

Updated : 26 Aug 2026, 05:22 PM

মজিলার জনপ্রিয় ওয়েব ব্রাউজার ফায়ারফক্সে যুক্ত হতে যাচ্ছে ‘এআই কিল সুইচ’। এ অপশনের মাধ্যমে ব্যবহারকারী চাইলে ব্রাউজারের সব এআই ফিচার একসঙ্গে বন্ধ করে দিতে পারবেন। 

মজিলা বলেছে, ব্যবহারকারীর নিয়ন্ত্রণ আর পছন্দের বিষয়টিকে কেন্দ্র করেই এই সিদ্ধান্ত।

সম্প্রতি মজিলা করপোরেশনের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিয়েছেন অ্যান্থনি এনজর-ডিমিও। দায়িত্ব নেওয়ার পরপরই এক বার্তায় তিনি বলেন, ফায়ারফক্স ধীরে ধীরে একটি আধুনিক এআই ব্রাউজারের রূপ নেবে এবং একটি বিস্তৃত সফটওয়্যার ইকোসিস্টেমের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করবে।

এ বিষয়ে ৯টু৫ লিনাক্স ব্লগে মার্কাস নেস্টর লিখেছেন, “ফায়ারফক্সে এমন একটি অপশন থাকছে, যার মাধ্যমে সব এআই ফিচার পুরোপুরি নিষ্ক্রিয় করা যাবে।”

তবে এই ঘোষণার পর ফায়ারফক্সে এআই কতটা বাধ্যতামূলক হবে, তা নিয়ে অনেক ব্যবহারকারীর মধ্যেই প্রশ্ন তৈরি হয়েছে।

এর জবাবে ফায়ারফক্সের ডেভেলপার জেক আর্কিবাল্ড সামাজিক যোগাযোগমাধ্যম মাস্টোডনে লিখেছেন, “একটি বিষয় পরিষ্কার করা দরকার ছিল। ফায়ারফক্সে সব এআই ফিচার সম্পূর্ণভাবে বন্ধ করার অপশন থাকবে। আমরা ভেতরে ভেতরে একে ‘এআই কিল সুইচ’ বলছি। নামটা হয়তো বদলাবে, কিন্তু বিষয়টি আমরা খুবই গুরুত্ব দিয়ে দেখছি।”

তিনি আরও বলেছেন, ফায়ারফক্সে থাকা বা ভবিষ্যতে যোগ হওয়া সব এআই ফিচারই অপ্ট-ইন হবে। অর্থাৎ ব্যবহারকারী নিজে চালু না করলে এসব ফিচার সক্রিয় হবে না। তার ভাষায়, “অপ্ট-ইন মানে কী, তা নিয়ে ভিন্ন মত থাকতে পারে। তবে কিল সুইচ সব কিছু সরিয়ে দেবে এবং ভবিষ্যতে আর দেখাবে না। এখানে কোনো ধোঁয়াশা নেই।”

৯টু৫ লিনাক্সে নেস্টর লিখেছেন, ব্যবহারকারীর আস্থা ধরে রাখতেই এআই নিয়ে মজিলা এই কঠোর নিয়ন্ত্রণের পথ বেছে নিচ্ছে। 

নেস্টর আরও যোগ করেন, ফায়ারফক্সের আসন্ন সংস্করণ ফায়ারফক্স ১৪৭ মুক্তি পেতে পারে ২০২৬ সালের জানুয়ারিতে, যেখানে লিনাক্স ব্যবহারকারীদের জন্য এক্সডিজি বেস ডিরেক্টরি স্পেসিফিকেশনের সমর্থন থাকবে।

পরে মজিলা নিশ্চিত করে জানায়, এআই কিল সুইচ বাস্তবায়ন করা হবে ২০২৬ সালের প্রথম প্রান্তিকে। এ নিয়ে রেডিটে দেওয়া এক বক্তব্যে নতুন প্রধান নির্বাহী অ্যান্থনি এনজর-ডিমিও বলেন, “ফায়ারফক্সকে সফল করতে হলে প্রায় সবার জন্যই কাজ করতে হবে। ডেভেলপার, লিনাক্স ব্যবহারকারী, শিক্ষার্থী, অভিভাবক কিংবা যারা কখনো ডিফল্ট সেটিং বদলান না, সবার প্রয়োজন আলাদা। আমার কাজ কাউকে বাদ দেওয়া নয়, বরং মূল মূল্যবোধ ধরে রেখে সবার জন্য ফায়ারফক্সকে কার্যকর করা।”

তিনি আরও বলেন, “ব্যবহারকারীর নিয়ন্ত্রণই ফায়ারফক্সের ভিত্তি। এআইয়ের ক্ষেত্রেও তাই। এআই বন্ধ করার জন্য একটি পরিষ্কার উপায় থাকবে। ২০২৬ সালের প্রথম প্রান্তিকে একটি সত্যিকারের কিল সুইচ আসছে। 

“পছন্দের স্বাধীনতাই আস্থা তৈরি করে।”