Published : 03 Sep 2026, 08:07 PM
কোম্পানির অভ্যন্তরীণ পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে মোট জনবলের প্রায় ১০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়ার পর এবার লন্ডনের রাস্তায় আনুষ্ঠানিকভাবে চালকহীন ট্যাক্সি বা রোবোট্যাক্সি নামাল উবার।
কিছুদিন আগেই নিজেদের মোট জনবলের ১০ শতাংশ বা প্রায় ৩ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে শীর্ষ এই রাইড শেয়ারিং কোম্পানি। তারা বলেছে, রোবোট্যাক্সিসহ ভবিষ্যতের নতুন প্রযুক্তিতে বিনিয়োগ ও ব্যবসার পরিসর বাড়াতে অর্থ সঞ্চয়ের লক্ষ্যেই এ কর্মী ছাঁটাইয়ের পদক্ষেপ নিতে হয়েছে।
আমেরিকান সংবাদামধ্যম সিএনবিসি’র প্রতিবেদন অনুসারে, ২০২৫ সাল শেষে উবারে মোট কর্মীর সংখ্যা ছিল প্রায় ৩৪ হাজার। যেসব অঞ্চলে আইনগত ভিন্ন বিধিনিষেধ রয়েছে তা বাদে বাকি অঞ্চলের কর্মীদের এরইমধ্যে এ ছাঁটাইয়ের কথা জানিয়েছে রাইড শেয়ারিং কোম্পানিটি।
ব্রিটিশ এআই প্রযুক্তি কোম্পানি ‘ওয়েভ’-এর সঙ্গে পার্টনারশিপে চালু হওয়া এ সেবায় আপাতত নিরাপত্তার স্বার্থে গাড়িতে রাখা হচ্ছে একজন মানব চালকের নজরদারি।
কোম্পানিটি বিজ্ঞপ্তিতে বলেছে, লন্ডনে ‘উবার এক্স’, ‘উবার কমফোর্ট’ বা ‘উবার ইলেকট্রিক’ রাইড বুক করা গ্রাহকরা এখন থেকে ‘ওয়েভ’-এর চালকহীন প্রযুক্তি ‘ফোর্ড মাসট্যাং মাক-ই’ গাড়ির সেবা পেতে পারেন।
তবে গাড়িটি গ্রাহককে তোলার জন্য রওনা দেওয়ার আগেই রাইডারদের নোটিফিকেশনের মাধ্যমে বিষয়টি জানিয়ে দেওয়া হবে, যাতে তারা চাইলে মানব চালকচালিত গাড়ি বেছে নেওয়ার সুযোগ পান বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
লন্ডনে এ ধরনের গাড়ি চালুর পেছনে কড়া আইনি জটিলতা ও বিধিনিষেধ পার হতে হয়েছে কোম্পানিটিকে। গেল মাসেই লন্ডনে স্বচালিত গাড়ি চালনার লাইসেন্স পেয়েছে উবার।
নিয়ন্ত্রক সংস্থার শর্ত অনুসারে, নিরাপত্তা ও পর্যবেক্ষণের স্বার্থে গাড়ির সামনের আসনে সর্বক্ষণ একজন অভিজ্ঞ চালকের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। ফলে চালকের আসন সম্পূর্ণ খালি রেখে রোবোট্যাক্সি চলাচলের অনুমোদন পেতে আরও কিছু দিন অপেক্ষা করতে হবে।
উবার বলেছে, স্বয়ংক্রিয় এ যানবাহনের ক্ষেত্রে ভাড়ার হার সাধারণ রাইডের মতোই অপরিবর্তিত থাকবে। তবে একজন তত্ত্বাবধায়ক চালক উপস্থিত থাকলেও গাড়িতে টিপ দেওয়ার কোনো সংকেত বা পপ-আপ থাকবে না।
এক্ষেত্রে কোনো যাত্রী নিজ উদ্যোগে টিপ দিতে চাইলে অ্যাপের ‘ট্রিপ হিস্ট্রি’ অপশনে গিয়ে দিতে পারবেন। যুক্তরাষ্ট্রের বাজারে উবারের রোবোট্যাক্সি অবশ্য বেশ আগে থেকেই চলাচল করছে।
বর্তমানে ডালাস, লাস ভেগাস, আটলান্টা ও অস্টিনে কোম্পানিটির এআইচালিত গাড়ির বহর সক্রিয় রয়েছে। খুব শিগগিরই লস অ্যাঞ্জেলেস ও স্যান ফ্রান্সিসকো বে এরিয়াতেও এই সেবা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
ওয়েভের সঙ্গে দীর্ঘমেয়াদে কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে আশাবাদী উবার। কোম্পানি দুটি এরইমধ্যে তাদের পরবর্তী লক্ষ্য নির্ধারণ করেছে, যেখানে জাপানের টোকিওতে নিসান ব্র্যান্ডের স্বয়ংক্রিয় গাড়ি নামাতে নতুন করে জোট বাঁধছে তারা।