১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গ্রক ৪ এর আরও ‘দ্রুত ও সাশ্রয়ী’ মডেল উন্মোচন করল এক্সএআই

ওয়েব, আইওএস এবং অ্যান্ড্রয়েড সব প্ল্যাটফর্মে গ্রক ৪ ফাস্ট উন্মুক্ত করা হয়েছে। এমনকি ফ্রি ব্যবহারকারীরাও এটি ব্যবহার করতে পারবেন।

গ্রক ৪ এর আরও ‘দ্রুত ও সাশ্রয়ী’ মডেল উন্মোচন করল এক্সএআই
এই মডেলে যুক্ত করা হয়েছে ‘ইউনিফাইড আর্কিটেকচার’। ছবি: এক্সএআই

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2025, 07:57 PM

Updated : 26 Aug 2026, 02:20 PM

গ্রক ৪ উন্মোচনের কয়েক মাসের মধ্যেই নতুন এআই মডেল ঘোষণা করল ইলন মাস্কের কোম্পানি এক্সএআই। সম্প্রতি তারা ‘গ্রক ৪ ফাস্ট’ নামে আরেকটি মডেল উন্মোচন করেছে। এটি আগের মডেলের তুলনায় দ্রুততর এবং আরও কার্যকরভাবে কাজ করতে পারে বলে দাবি করছে কোম্পানিটি।

এক্সএআই বলছে, গ্রক ৪ ফাস্ট প্রায় গ্রক ৪ এর মতোই কাজ করলেও গড়ে ৪০ শতাংশ কম ‘থিংকিং টোকেন’ ব্যবহার করে। ফলে ব্যবহারকারীরা দ্রুত উত্তর পাবেন এবং একইসঙ্গে কম কম্পিউটেশনাল খরচে কাজ সম্পন্ন করা সম্ভব হবে।

শুধু গতি বাড়ানোই নয়, এ মডেলের আরেকটি সুবিধা হলো খরচ কমে যাওয়া। কোম্পানিটির দাবি অনুযায়ী, গ্রক ৪ ফাস্ট ব্যবহার করলে গ্রক ৪-এর তুলনায় ৯৮ শতাংশ খরচ কমে যায় এবং পারফরম্যান্সে একই মান বজায় থাকে। কোড লেখা থেকে শুরু করে ওয়েবে দ্রুত কোনো তথ্য অনুসন্ধান সব ধরনের কাজেই এটি কার্যকর ভূমিকা রাখতে পারবে। 

নতুন এই মডেলে যুক্ত করা হয়েছে ‘ইউনিফাইড আর্কিটেকচার’। এর মাধ্যমে গ্রক ৪ ফাস্ট জটিল অনুরোধের ক্ষেত্রে ‘রিজনিং মডেল’ ব্যবহার করে বিশ্লেষণধর্মী উত্তর দিতে পারে আবার দ্রুত তথ্য দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে ‘নন-রিজনিং মডেল’-এ চলে যেতে পারে। ফলে এটি একইসঙ্গে গতি ও গভীরতা দুটোই নিশ্চিত হয়। 

কার্যকারিতার এই দিক থেকে গ্রক ৪ ফাস্টকে অনেকে ওপেনএআইয়ের সর্বশেষ জিপিটি ৫ মডেলের সমতুল্য বলে আখ্যা দিচ্ছেন। ওপেনএআইয়ের মডেলটিতেও দক্ষতা ও বিশ্লেষণকে একীভূত করা হয়েছে।

বিভিন্ন এআই মডেলকে তুলনা করার প্ল্যাটফর্ম ‘এলএমএরেনা’য় গ্রক ৪ ফাস্ট সার্চ-সম্পর্কিত কাজে শীর্ষস্থান অর্জন করেছে। তবে টেক্সট-ভিত্তিক কাজে এটি অষ্টম স্থানে রয়েছে। এতে বোঝা যায়, সার্চ ও দ্রুততর তথ্য পাওয়ার ক্ষেত্রে মডেলটি প্রতিদ্বন্দ্বীদের তুলনায় এগিয়ে থাকলেও টেক্সট প্রক্রিয়াকরণে আরও উন্নতির সুযোগ রয়েছে।

সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, ওয়েব, আইওএস এবং অ্যান্ড্রয়েড সব প্ল্যাটফর্মে গ্রক ৪ ফাস্ট উন্মুক্ত করা হয়েছে। এমনকি ফ্রি ব্যবহারকারীরাও এটি ব্যবহার করতে পারবেন। এতে গ্রক ৪ ফাস্ট আরও বড় পরিসরে ব্যবহারকারীদের কাছে পৌঁছানোর সুযোগ পাচ্ছে।

প্রযুক্তি সাইট এনগ্যাজেট লিখেছে, বর্তমান এআই প্রতিযোগিতায় জায়গা ধরে রাখা সহজ নয়। খুব শিগগিরই গুগল তাদের নতুন প্রজন্মের জেমিনাই মডেল প্রকাশ করতে পারে। একইসঙ্গে, অ্যানথ্রপিক তাদের সাম্প্রতিক ক্লড ওপাস ৪.১ সংস্করণের পর আরও উন্নত সংস্করণ নিয়ে আসতে পারে। এই প্রেক্ষাপটে গ্রক ৪ ফাস্টের সামনে চ্যালেঞ্জ হলো দ্রুত পরিবর্তনশীল এআই দৌড়ে নিজেকে প্রমাণ করা এবং ব্যবহারকারীদের আস্থা ধরে রাখা।