১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

এক মাসেই ২টি স্টার্টআপ কিনল ওপেনএআই

এ মাসের শুরুতেই ‘টিবিপিএন’ নামে এক মিডিয়া কোম্পানি কিনেছে ওপেনএআই, যারা প্রতিদিনের প্রযুক্তি পডকাস্টের জন্য পরিচিত।

এক মাসেই ২টি স্টার্টআপ কিনল ওপেনএআই
ওপেনএআই কেবল দুই সপ্তাহের ব্যবধানে এ নিয়ে দ্বিতীয় কোনো কোম্পানি কেনার ঘোষণা দিল। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2026, 03:44 PM

Updated : 26 Aug 2026, 03:25 PM

আর্থিক সেবার পরিধি বাড়াতে এআইভিত্তিক একটি স্টার্টআপ কিনেছে ওপেনএআই, যা কেবল দুই সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দ্বিতীয় বড় অধিগ্রহণ।

ওপেনএআইয়ের কেনা ‘হিরো ফাইন্যান্স’ নামের এ স্টার্টআপটি এআইচালিত আর্থিক পরিকল্পনার টুল তৈরি করে। সোমবার এ চুক্তির কথা জানিয়েছে তারা।

প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ প্রতিবেদনে লিখেছে, এ চুক্তির আর্থিক বিভিন্ন শর্ত প্রকাশ করেনি ওপেনএআই। তবে ধারণা করা হচ্ছে, এ অধিগ্রহণ ‘অ্যাকু-হায়ার’ বা প্রতিভার জন্য কোম্পানি কেনা মতো বিষয় হতে পারে।

এক লিংকডইন পোস্টে ‘হিরো ফাইন্যান্স’-এর প্রতিষ্ঠাতা ইথান ব্লচ বলেছেন, আগামী ২০ এপ্রিল থেকে তাদের পণ্যটি আর কাজ করবে না। ব্যবহারকারীরা নিজেদের তথ্য সরিয়ে নেওয়ার জন্য ১৩ মে পর্যন্ত সময় পাবেন, এরপর সার্ভার থেকে সব তথ্য মুছে ফেলা হবে।

এদিকে, ওপেনএআই হিরোর মতো আলাদা কোনো আর্থিক পরিকল্পনার টুল আনার পরিকল্পনা করছে কি না তা এখনও স্পষ্ট নয়।

এ বছরের শুরুতে বিজ্ঞানভিত্তিক গবেষণার জন্য ‘প্রিজম’ নামের একটি অ্যাপ বাজারে এনেছিল ওপেনএআই, যা তাদের কেনা স্টার্টআপ ‘ক্রিক্সেট’-এর প্রযুক্তিতে তৈরি।

হিরোর অভিজ্ঞতা ও দক্ষতা ওপেনএআইয়ের চ্যাটবটে যোগ হতে পারে।

লিংকডইনে ব্লচ লিখেছেন, “কয়েক দশক ধরে ব্যক্তিগত আর্থিক পরামর্শ হয় খুব ব্যয়বহুল ছিল নয়ত সাধারণের নাগালের বাইরে ছিল। চ্যাটজিপিটি অবশেষে সেই পরিস্থিতি বদলে দিচ্ছে।”

ওপেনএআই কেবল দুই সপ্তাহের ব্যবধানে এ নিয়ে দ্বিতীয় কোনো কোম্পানি কেনার ঘোষণা দিল।

এ মাসের শুরুতেই ‘টিবিপিএন’ নামে এক মিডিয়া কোম্পানি কিনেছে ওপেনএআই, যারা প্রতিদিনের প্রযুক্তি পডকাস্টের জন্য পরিচিত।

ওপেনএআইয়ের লাভের মুখ দেখার পথটি বেশ দীর্ঘ ও কঠিন। এরপরও কোম্পানিটি এমন সব স্টার্টআপের পেছনে অনেক সময় ও অর্থ ব্যয় করছে যেগুলো তাদের মূল ব্যবসার সঙ্গে সরাসরি সম্পর্কিত নাও হতে পারে।

সাম্প্রতিক মাসগুলোতে তারা কোডিং বাজার দখলে অ্যানথ্রপিককে টেক্কা দিতেই বেশি মনোযোগ দিচ্ছিল।