Published : 07 Jun 2026, 06:26 PM
আমেরিকার বিভিন্ন প্রযুক্তি কোম্পানির ব্যবসায়িক অংশীদার হতে পারে মার্কিন সরকার, আর এ তালিকায় সম্ভবত যোগ হতে যাচ্ছে ওপেনএআই।
ট্রাম্প প্রশাসনের কাছে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান নিজেই এ বিনিয়োগ ও শেয়ারের প্রস্তাব দিয়েছেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।
এ খবর প্রথম প্রকাশ করে সংবাদমাধ্যম নোটাস। তারা প্রতিবেদনে লিখেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের শীর্ষ কোম্পানিগুলোর শেয়ার বা মালিকানা কেনার বিষয়ে মার্কিন সরকারের ‘উচ্চপদস্থ কর্মকর্তারা’ আলোচনা করছেন।
পরবর্তীতে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি এ আলোচনার বিষয়টি নিশ্চিত করেছে।
এ সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে সিএনবিসি প্রতিবেদনে লিখেছে, ট্রাম্প প্রশাসন ও অল্টম্যানের মধ্যে এ আলোচনাটি ২০২৫ সাল থেকেই শুরু হয়েছিল। ওই সময় অল্টম্যান নিজেই প্রথম এ প্রস্তাবটি দিয়েছিলেন।
চলমান এসব আলোচনা সম্ভাব্য এমন এক চুক্তির দিকে এগোচ্ছে, যার মাধ্যমে ওপেনএআই স্বেচ্ছায় মার্কিন সরকারকে তাদের কিছু শেয়ার বা ইকুইটি দেওয়ার প্রস্তাব দিতে পারে, যা কোম্পানিটিকে তাদের প্রস্তাবিত ‘পাবলিক ওয়েলথ ফান্ড’-এর মতো লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করবে।
গেল এপ্রিলে প্রকাশ পাওয়া এক শিল্প নীতিমালার রূপরেখায় ওপেনএআই প্রথম এ তহবিলের ধারণাটি সামনে এনেছিল, যার মূল উদ্দেশ্য ছিল ‘এআইয়ের হাত ধরে আসা অর্থনৈতিক প্রবৃদ্ধিতে দেশের প্রতিটি নাগরিকের অংশীদারিত্ব নিশ্চিত করা’।
তবে এ সম্ভাব্য চুক্তির আনুষ্ঠানিক শর্তাবলি এখনও চূড়ান্ত না হওয়ায়, ট্রাম্প প্রশাসন ঠিক কতখানি শেয়ার বা অংশীদারিত্ব পাবে তা এখনও স্পষ্ট নয়।
এর আগে, মার্কিন সরকার প্রায় ৯০০ কোটি ডলার বিনিয়োগের মাধ্যমে সেমিকন্ডাক্টর নির্মাতা ইনটেলের ১০ শতাংশ শেয়ার নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিল।
সিএনবিসি’র তথ্য অনুসারে, এ আলোচনা এখনো চলমান রয়েছে। কারণ, সম্প্রতি ওয়াশিংটনের নীতিনির্ধারকদের সঙ্গে এআই নিয়ন্ত্রণের বিষয়ে বৈঠক করেছেন অল্টম্যান।
এর আগে এ সপ্তাহেই ট্রাম্প প্রশাসন এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছে, যা জনসাধারণের জন্য উন্মুক্ত করার আগে যে কোনো এআই মডেলের ওপর নজরদারি ও পর্যালোচনার সক্ষমতা দিয়েছে মার্কিন সরকারকে।
প্রযুক্তি কোম্পানিগুলোর পক্ষ থেকে এ সিদ্ধান্তের বিষয়ে কিছুটা চাপ বা আপত্তি থাকলেও ওপেনএআই ইতিবাচক সাড়া দিয়ে বলেছে, তারা এ আদেশ মেনে চলবে।
পাশাপাশি, সাধারণ মানুষের কাছে পৌঁছানোর আগেই তারা সরকারের নিয়ন্ত্রক সংস্থাকে নিজেদের সর্বশেষ বিভিন্ন এআই মডেল পর্যালোচনার সুযোগ দেবে।