১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সাইবার নিরাপত্তায় এনভিডিয়া ও শীর্ষ প্রযুক্তি কোম্পানিদের নতুন জোট

এনভিডিয়ার তেরি এ জোটে মাইক্রোসফট, স্পেসএক্সএআই, আইবিএম ও রেড হ্যাটও নিজেদের ওপেন সোর্স এআই প্রযুক্তি সরবরাহ করছে।

সাইবার নিরাপত্তায় এনভিডিয়া ও শীর্ষ প্রযুক্তি কোম্পানিদের নতুন জোট
হাগিং ফেইস-এর ওপর ওপেনএআইয়ের সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত সাইবার হামলার ঘটনা উল্লেখ করেছে এনভিডিয়া। ছবি: এনভিডিয়া

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2026, 06:08 PM

Updated : 11 Sep 2026, 03:44 PM

এআই প্রযুক্তির যুগে বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা জোরদার ও সুরক্ষাব্যবস্থা আরও শক্ত করতে বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলোকে নিয়ে নতুন জোট গঠনের ঘোষণা দিয়েছে মার্কিন চিপ নির্মাতা কোম্পানি এনভিডিয়া।

প্রযুক্তি খাতের ২৭টি পরাশক্তিকে সঙ্গে নিয়ে গঠিত ‘ওপেন সোর্স এআই অ্যালায়েন্স’ নামের এ জোট ওপেন প্রযুক্তির মাধ্যমে এআই সিস্টেমের নানা নিরাপত্তা ঝুঁকি চিহ্নিত ও সমাধানের কাজ করবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

মাইক্রোসফট, স্পেসএক্সএআই, ডেল ও লিনাক্স ফাউন্ডেশনসহ মোট ২৭টি কোম্পানি নিয়ে আত্মপ্রকাশ করেছে এই জোট।

এক বিবৃতিতে এনভিডিয়া বলেছে, লিনাক্স ফাউন্ডেশনের ‘আক্রিটেস’ উদ্যোগ ও ‘ওপেনএসএসএফ’-এর কার্যক্রমের ওপর ভিত্তি করে এ জোট উন্মুক্ত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিরাপত্তার নানা দুর্বলতা শনাক্ত, সমাধান ও প্রকাশের কাজ করবে।

‘ওপেন সোর্স এআই অ্যালায়েন্স’ বলেছে, অ্যানথ্রপিকের ‘মিথোস ৫’-এর মতো সর্বাধুনিক এআই মডেলের যুগে সাইবার আক্রমণ সক্ষমতার সঙ্গে ঠেকাতে নিরাপত্তা গবেষকদের ওপেন ও ক্লোজড উভয় ধরনের এআই মডেল ব্যবহারের সুযোগ থাকা প্রয়োজন।

উদাহরণ হিসেবে হাগিং ফেইস-এর ওপর ওপেনএআইয়ের সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত সাইবার হামলার ঘটনা উল্লেখ করেছে এনভিডিয়া।

এ সাইবার হামলার সময় ওপেনএআই প্রথমে হামলা ঠেকাতে ক্লোজড বাণিজ্যিক এআই মডেল ব্যবহারের চেষ্টা করলেও সেইফটি গার্ডরেইলে আটকে সেটি ব্যর্থ হয়। পরবর্তীতে ওপেন সোর্স মডেল ব্যবহার করে সফলভাবে হামলাটি ঠেকায়।

জোটে নিজেদের পার্টনাশিপের বিষয়টি নিয়ে এনভিডিয়া বলেছে, হাগিং ফেইসের ওপর হামলার সময় ক্লোজড এআই টুলগুলো আক্রমণকারী ও প্রতিরক্ষাকারীর পার্থক্য বুঝতে না পেরে গুরুত্বপূর্ণ ফরেনসিক বিশ্লেষণে বাধা তৈরি করছিল।

ওই সময় ওপেনএআই নিজেদের অবকাঠামোতে ওপেন-ওয়েট ‘জিএলএম ৫.২’ মডেল ব্যবহার করে ১৭ হাজারের বেশি কাযক্রম বিশ্লেষণ ও অনুপ্রবেশ ঠেকায়।

সাইবার সিকিউরিটির নতুন প্রযুক্তি উদ্ভাবন বাড়াতে এনভিডিয়া ও তার সহযোগীরা জোটে নিজস্ব প্রযুক্তিগত অবদান রাখছে। এনভিডিয়া দিচ্ছে ওপেন মডেল, মডেল ওয়েট, ডেটা ও নতুন এজেন্টস।

অন্যদিকে, এইচপিই দেবে ক্রিপ্টোগ্রাফিক ভেরিফিকেশন মানদণ্ড ও হাগিং ফেইস অবদান রাখছে সুরক্ষিত ফাইল ফরম্যাট ‘সেফটেন্সরস’ দিয়ে। মাইক্রোসফট, স্পেসএক্সএআই, আইবিএম ও রেড হ্যাটও নিজেদের ওপেন সোর্স এআই প্রযুক্তি সরবরাহ করছে।

এ যৌথ জোটে বিনিয়োগের জন্য বিভিন্ন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ‘ওপেন সোর্স এআই অ্যালায়েন্স’। সেইসঙ্গে বিভিন্ন ওপেন মডেলকে ‘ঝুঁকি’ হিসেবে না দেখে ‘সুরক্ষা সম্পদ’ হিসেবে বিবেচনা করতে বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার প্রতি দাবি জানিয়েছে তারা।

সামনের সারির এআই সিস্টেমের ওপর ঢালাও নিষেধাজ্ঞা প্রতিরক্ষামূলক সক্ষমতা দুর্বল করে এবং ‘গুটিকয়েক ক্লোজড এআই’ সরবহারকারীদের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত করে বলেও সতর্ক করেছে জোটটি।

নতুন গঠিত এ জোটে ওপেনএআই, অ্যানথ্রপিকের পাশাপাশি মেটা ও গুগলের মতো শীর্ষ বাণিজ্যিক এআই কোম্পানিগুলোর অনুপস্থিতি বিশেষভাবে লক্ষ্য করা গেছে।