Published : 30 May 2026, 10:50 AM
চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআইকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে মূল্যবান এআই কোম্পানিতে পরিণত হয়েছে ক্লড চ্যাটবটের নির্মাতা কোম্পানি অ্যানথ্রপিক।
নতুন তহবিল সংগ্রহের পর কোম্পানিটির বাজার মূল্য দাঁড়িয়েছে ৯৬ হাজার ৫০০ কোটি ডলারে, যা এআই শিল্পের সক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তনের ইঙ্গিত বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান।
বৃহস্পতিবার ৬ হাজার ৫০০ কোটি ডলারের নতুন তহবিল সংগ্রহের ঘোষণা দিয়েছে অ্যানথ্রপিক। এ বিনিয়োগের পর কোম্পানির মোট বাজার মূল্য এমন উচ্চতায় পৌঁছাল।
এ চুক্তিটি অ্যানথ্রপিকের জন্য সফল ও দ্রুত প্রবৃদ্ধির সময়কেই নির্দেশ করছে। অথচ একসময় বিশ্বজুড়ে এআই প্রতিযোগিতায় অ্যানথ্রপিককে ছোট একটি স্টার্টআপ হিসেবেই বিবেচনা করা হত।
তবে গেল বছরের শেষদিকে শক্তিশালী কোডিং অ্যাসিস্ট্যান্ট উন্মোচনের পর বড় কর্পোরেট ও বাণিজ্যিক বিভিন্ন কোম্পানির মধ্যে ক্লডের ব্যাপকহারে ব্যবহার অ্যানথ্রপিককে এ শিল্পের অন্যতম প্রধান চালিকাশক্তিতে পরিণত করেছে।
অ্যানথ্রপিকের এ নতুন মূল্যায়ন এআই শিল্পের সক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তন আনার সঙ্গে সঙ্গে ক্লডের ক্রমাগত সাংস্কৃতিক ও বাণিজ্যিক গুরুত্বকে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত করেছে।
এ বছরে আইপিও বাজারে ব্লকবাস্টার তালিকায় থাকা ওপেনএআই ও স্পেসএক্সের মতো প্রতিদ্বন্দ্বী বিভিন্ন কোম্পানির ওপরও অ্যানথ্রপিকের এ চুক্তির বড় প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।
‘অ্যালটিমিটার ক্যাপিটাল’, ‘ড্রাগনিয়ার, গ্রিনওকস’ ও ‘সিকোয়া ক্যাপিটাল’-এর নেতৃত্বে হওয়া এ নতুন ফান্ডিং রাউন্ডটিকে নিজেদের সাফল্যের প্রমাণ হিসেবে তুলে ধরেছে অ্যানথ্রপিক।
তারা বলেছে, কোম্পানিটির তৈরি এআই মডেল ও ভবিষ্যৎ প্রযুক্তি নিয়ে তাদের দূরদর্শী ভাবনা এ প্রতিযোগিতায় জয়ী হচ্ছে।
এক ব্লগ পোস্টে অ্যানথ্রপিকের প্রধান আর্থ কর্মকর্তা কৃষ্ণা রাও বলেছেন, “বিশ্বজুড়ে আমাদের গ্রাহকদের কাছে ক্লড দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আমরা ক্লড কোড ও কোয়ার্ক-এর মতো বিভিন্ন টুলকে মানুষের আরও বেশি উপযোগী, শক্তিশালী ও তাদের প্রয়োজন অনুসারে মানিয়ে নেওয়ার মতো তৈরি করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি।”
ভোক্তাবান্ধব অন্যান্য প্রতিযোগী কোম্পানির তুলনায় নিজেদের ব্যবসাকে কর্পোরেট প্রতিষ্ঠান ও কোডিং সেবার দিকে নিয়ে যাওয়ার পাশাপাশি ‘নিরাপত্তা-সচেতন’ কোম্পানি হিসেবেও তুলে ধরেছে অ্যানথ্রপিক।
এ মাসের শুরুতে পোপ চর্তুদশ লিও ৪৩ হাজার শব্দেরও বেশি দীর্ঘ এক বিশেষ দলিল প্রকাশ করেছেন, যেখানে তিনি এআইয়ের বিপদ সম্পর্কে সতর্ক এবং এ প্রযুক্তির লাগাম টেনে ধরার আহ্বান জানান। সেই অনুষ্ঠানে অ্যানথ্রপিকের একজন সহ-প্রতিষ্ঠাতাও উপস্থিত ছিলেন।
এদিকে, পেন্টাগনের সঙ্গেও কোম্পানিটি এখনও আইনি লড়াইয়ে জড়িয়ে রয়েছে। এ বছরের শুরুতে ক্লড’কে অভ্যন্তরীণ গণ-নজরদারি বা মানুষের কোনো ইনপুট ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে এমন প্রাণঘাতী অস্ত্র ব্যবস্থায় ব্যবহারের অনুমতি দিতে অস্বীকার করে অ্যানথ্রপিক।
কোম্পানিটি এআইয়ের এমন ব্যবহারের জন্য নিজেদের নিরাপত্তা সুরক্ষাকবচ বা সেফগার্ড সরাতে রাজি হয়নি। এ নিয়েই তৈরি হয় বিরোধ।
এর আগে, ইরানের ওপর ক্ষেপণাস্ত্র হামলা ও ভেনিজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে আটক করার মতো সামরিক অভিযানে মার্কিন সরকার ক্লড ব্যবহার করেছে বলে জানা গেছে।
তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে হোয়াইট হাউস অ্যানথ্রপিকের সঙ্গে তাদের এই বিবাদ কিছুটা কমিয়ে আনতে বাধ্য হয়েছে। সাইবার নিরাপত্তার উদ্বেগের কারণে কোম্পানিটি তাদের সর্বশেষ ‘মিথোস’ মডেলটি বাজারে চালু স্থগিত রাখার ঘোষণা দেওয়ার পরই পরিস্থিতি বদলে যায়।
এ ঘটনাটি ছোটখাটো ভূ-রাজনৈতিক সংকটের জন্ম দিয়েছে, কারণ বিভিন্ন দেশ তাদের আর্থিক ব্যবস্থা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোর নিরাপত্তা দুর্বলতা নিয়ে চিন্তিত হয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বিভিন্ন এআই কোম্পানির প্রধানদের ফোন করে তাদের সহযোগিতা চেয়েছেন।
এআই প্রযুক্তিটির ওপর সাধারণ মানুষের ব্যাপক আস্থার সংকট থাকার পরও কোম্পানিটির বড় বাজারমূল্য থেকে প্রমাণ মেলে, এআই শিল্পে এখনও বিশাল আকারের অর্থপ্রবাহ সচল রয়েছে।
অ্যানথ্রপিকের এ নতুন মূল্যায়নের ঠিক আগেই মার্চে ওপেনএআই ১২ হাজার ২০০ কোটি ডলার তহবিল সংগ্রহ করে ৮৫ হাজার ২০০ কোটি ডলারের বাজার মূল্য ছুঁয়েছিল এবং এ বছরের শেষদিকে তাদের ১ ট্রিলিয়ন ডলার মূল্যের আইপিও বাজারে ছাড়ার সম্ভাবনাও রয়েছে।