১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আইএফআইসি আমার বন্ডে প্রতারণা: সাবেক এমডি সারওয়ারকে ৫ কোটি টাকা অর্থদণ্ড

এ বন্ড ইস্যুতে জালিয়াতির প্রমাণ পাওয়ায় এর আগে বিএসইসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এবং আইএফআইসি ব্যাংকের সালমান এফ রহমানকে আজীবন নিষিদ্ধ করে বিএসইসি।

আইএফআইসি আমার বন্ডে প্রতারণা: সাবেক এমডি সারওয়ারকে ৫ কোটি টাকা অর্থদণ্ড
সংবাদপত্রে দেওয়া বিজ্ঞাপনগুলোতে আইএফআইসির নাম বড় করে লেখা থাকলেও শ্রীপুর টাউনশিপের নাম লেখা থাকত ছোট ফন্টে, যা ছিল বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2025, 10:45 PM

Updated : 26 Aug 2026, 02:36 PM

আবাসন কোম্পানির নামে বন্ড ইস্যু হলেও সেটিকে ‘আইএফআইসি আমার বন্ড’ নামে প্রচার চালিয়ে ‘প্রতারণা’ ও অনিয়মের অভিযোগের ‘সত্যতা পেয়ে’ আইএফআইসি ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক শাহ আল সারওয়ারকে ৫ কোটি টাকার জরিমানা করেছে বিএসইসি।

মঙ্গলবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৯৮০তম কমিশন সভায় এসিদ্ধান্ত হয়। কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ সভায় সভাপতিত্ব করেন।

গাজীপুরে বড় একটি আবাসন প্রকল্পের তহবিল সংগ্রহের কথা বলে ২০২৩ সালে ভালো লভ্যাংশ রেখে বন্ড ইস্যু করে রিয়েল এস্টেট কোম্পানি শ্রীপুর টাউনশিপ লিমিটেড। 'আইএফআইসি আমার বন্ড' নামের ওই বন্ড বিক্রি করে তারা বাজার থেকে তুলে নেয় এক হাজার কোটি টাকা।

নাম 'আইএফআইসি আমার বন্ড' হলেও ওই বন্ড আইএফআইসি ব্যাংকের নয়। এ ব্যাংক শুধু ওই বন্ডের গ্যারান্টার। তবে এক হাজার কোটি টাকা তোলার জন্য এমনভাবে প্রচার চালানো হয়, যা দেখে মনে হবে ব্যাংক ওই বন্ড ইস্যু করেছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা, বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এবং তার ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান ওই রিয়েল এস্টেট কোম্পানির অংশীদার। আবার তারা আইএফআইসি ব্যাংকেরও শেয়ারহোল্ডার। ফলে 'আইএফআইসি আমার বন্ড' ইস্যু করার ক্ষেত্রে স্বার্থ সংঘাতের (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) বিষয়টি নিয়েও কথা ওঠে।

২০২৩ সালের মার্চে প্রতিষ্ঠিত শ্রীপুর টাউনশিপ লিমিটেডের কোনো ফ্ল্যাট নির্মাণ বা প্লট তৈরির অভিজ্ঞতা না থাকলেও তাদের বন্ডের গ্যারান্টার হয়েছে আইএফআইসি ব্যাংক। অর্থাৎ, আইএফআইসি ব্যাংকের সুনাম ব্যবহার করে টাকা তোলার গ্যারান্টি দেওয়া হয়েছে শ্রীপুর টাউনশিপকে।

সংবাদপত্রে দেওয়া বিজ্ঞাপনগুলোতে আইএফআইসির নাম বড় করে লেখা থাকলেও শ্রীপুর টাউনশিপের নাম লেখা থাকত ছোট ফন্টে, যা ছিল বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা।

এ বন্ড অনুমোদন প্রক্রিয়ায় অনিয়ম হওয়ার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত করে বিএসইসি। তদন্ত শেষে বিএসইসি জানায়, ‘আইএফআইসি ব্যাংক উক্ত বন্ড ইস্যু করেনি, মূলত রিয়েল এস্টেট কোম্পানি শ্রীপুর টাউনশিপ লিমিটেড (এসটিএল) উক্ত বন্ডের মাধ্যমে টাকা উত্তোলন করেছে। কিন্তু বিভিন্ন বিজ্ঞাপনে বন্ডের নাম হিসেবে 'আইএফআইসি আমার বন্ড' নামটি ব্যবহার করা হয়েছে।

“যা বিনিয়োগকারীকে ধারণা দেয় যে, এ বন্ড আইএফআইসি ইস্যু করেছে; কিন্তু আইএফআইসি ব্যাংক ছিল মূলত বন্ডটির জামিনদার। এভাবে বিনিয়োগকারীদের প্রতারিত করে বিনিয়োগে আকৃষ্ট করা হয়।”

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসইসি বলেছে, ‘সিকিউরিটিজ আইন ও বিধিবিধান ভঙ্গের দায়ে’ আইএফআইসি ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারওয়ারকে ৫ কোটি টাকা অর্থদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

এর আগে বন্ড ইস্যুতে জালিয়াতির প্রমাণ পাওয়ায় বিএসইসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ও সালমান এফ রহমানকে আজীবন নিষিদ্ধ করে বিএসইসি।

সালমান এফ রহমানের ছেলে আহমেদ সায়ান ফজলুর রহমানকে আজীবন, বিএসইসির সাবেক কমিশনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ সামসুদ্দিন আহমেদ ও আইএফআইসি ইনভেস্টমেন্টের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আহমেদকে পাঁচ বছর নিষিদ্ধ করা হয়।

একই সঙ্গে সালমান এফ রহমানকে ১০০ কোটি টাকা, আহমেদ সায়ান ফজলুর রহমানকে ৫০ কোটি টাকা ও ক্রেডিট রেটিং প্রদানকারী ইমার্জিং ক্রেডিট রেটিংকে ১০ লাখ টাকা জরিমানার করে বিএসইসি। 

পুরনো খবর

আমার বন্ড 'অর্থ আত্মসাৎ': সালমান, শায়ান, শিবলীর বিরুদ্ধে মামলা

 সালমান রহমানকে ১০০ কোটি টাকা জরিমানা, পুঁজিবাজারে আজীবন 'অবাঞ্ছিত'