২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে লেনদেনে মিশ্রভাব

মঙ্গলবার পর্যন্ত সকাল ১০টায় লেনদেন শুরু হয়ে চলবে দুপুর ২টা পর্যন্ত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2024, 11:57 AM

Updated : 26 Aug 2026, 10:06 AM

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় স্থবির হয়ে পড়া ব্যবসা-বাণিজ্যে গতি ফিরতে শুরু করেছে, যার প্রভাব পড়েছে দেশের পুঁজিবাজারে। 

সপ্তাহের প্রথম দিন সকাল ১০টায় লেনদেন শুরু হয়ে উত্থান প্রবণতা চলে প্রথম ২০ মিনিট; তাতে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্সে যোগ হয় ২৫ পয়েন্ট।

এরপর বিক্রির চাপে দর সংশোধন শুরু হলে বেলা ১১টায় সূচক নামে ৫ হাজার ৪০৮ পয়েন্টে। এর আগে বৃহস্পতিবার লেনদেন শেষে এই সূচক ছিল ৫ হাজার ৪১৪ পয়েন্টে।

বেলা সাড়ে ১১টা পর্যন্ত সংশোধনের ধারায় ছিল দেশের প্রধান পুঁজিবাজার, ডিএসইএক্স সূচক দাঁড়ায় ৫ হাজার ৪১০ পয়েন্টে।

এই সময়ের মধ্যে ডিএসইতে দর বেড়েছে ১৩৩টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের, কমেছে ১৭৯টির ও অপরিবর্তিত রয়েছে ৭৬টির। 

স্বাভাবিক সময়ে পুঁজিবাজারে লেনদেন চলে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত, এর মধ্যে লেনদেন চলে ২টা ২০ মিনিট অবধি, বাকি ১০ মিনিট থাকে পোস্ট ক্লোজিং সেশন। তবে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার পরিপ্রেক্ষিতে কারফিউ শিথিলের সময় গত বুধ ও বৃহস্পতিবার পুঁজিবাজারে লেনদেন চলে বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত। 

কারফিউ শিথিলের সময় বাড়ায় চলতি সপ্তাহে মঙ্গলবার পর্যন্ত পুঁজিবাজারে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।