২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লোকসানি এপেক্স ট্যানারির শেয়ার দরে লাফ

ডিএসইর তথ্য অনুযায়ী, গত এক মাসে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১১ টাকা বা ১৬ দশমিক ১৩ শতাংশ। এক মাস আগে শেয়ার দর ছিল ৬৮ টাকা ২০ পয়সা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2025, 07:12 PM

Updated : 26 Aug 2026, 01:33 PM

লোকসানের পাল্লা ভারী হতে থাকা এপেক্স ট্যানারির শেয়ার দরে উল্লম্ফন ঘটেছে।

রোববার দিন শেষে দেশের বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ার হাতবদল হয় ৭৯ টাকা ২০ পয়সা দরে, যা আগের দিন ছিল ৭২ টাকা।

এর মধ্য দিয়ে ডিএসইতে শেয়ার দর বৃদ্ধির ১০ কোম্পানির তালিকায় শীর্ষে উঠে আসে এপেক্স ট্যানারি। 

সার্কিট ব্রেকারের কারণে কোনো কোম্পানির শেয়ার দর এক দিনে বাড়তে পারবে সর্বোচ্চ ১০ শতাংশ। সেই হিসাবে রোববার সর্বোচ্চ দর বাড়ে এপেক্স ট্যানারির।

ডিএসইর তথ্য অনুযায়ী, গত এক মাসে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১১ টাকা বা ১৬ দশমিক ১৩ শতাংশ। এক মাস আগে শেয়ার দর ছিল ৬৮ টাকা ২০ পয়সা।

গত এপ্রিলের শুরুতে শেয়ারটির দর ৭২ টাকা ৫০ পয়সায় উঠেছিল। কিন্তু এরপর থেকে টানা ৯ মাসের লোকসানের তথ্য প্রকাশ করে কোম্পানিটি। 

তারপর শেয়ারটির দর কমতে কমতে গত জুনে দাঁড়ায় ৬২ টাকা। পরের মাস থেকে অবশ্য দাম বাড়তে থাকে। 

সবশেষ গত ২৮ এপ্রিল এপেক্স ট্যানারি তাদের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করে।

ডিএসইতে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুলাই থেকে গত মার্চ পর্যন্ত ৯ মাসে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয় ১২ টাকা ৪৬ পয়সা।

লোকসানের কারণ হিসেবে কোম্পানিটি বলেছিল, জুতা বিক্রি কমে যাওয়ায় তাদের আয় কমেছে। 

কিন্তু লোকসানি হওয়ার পরও কেন দর বাড়ছে, এর পেছনে ‘মূল্য সংবেদনশীল’ কোনো তথ্য আছে কিনা, সেই প্রশ্ন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম করলেও এপেক্স ট্যানারির সচিব সুশান্ত কুমার পল কোনো উত্তর দেননি।

লেনদেন ৫ হাজার পয়েন্টের ঘরেই 

দশ মাস পর গত ৩ অগাস্ট একদিনের জন্য ডিএসই সূচক ৫ হাজার ৫৩৬ পয়েন্টে উঠে তারপর দিন পতন ঘটে। এরপর থেকে সাড়ে ৫ হাজার পয়েন্টের নিচেই রয়েছে সূচক।

রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন শুরু হয় ৫ হাজার ৪০৮ পয়েন্ট নিয়ে। ৫৭ পয়েন্ট হারিয়ে দিন শেষে সূচক দাঁড়ায় ৫ হাজার ৩৫১ পয়েন্টে। 

এদিন ডিএসইতে লেনদন হয় ৭৬০ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার, যা আগের দিন ছিল ৭০৬ কোটি ৪০ লাখ।

লেনদেনে আসা ৪০১টি কোম্পানির মধ্যে দর বাড়ে ১০৯টির; কমে ২৪৭টির; আর আগের দরে লেনদেন হয় ৪৫টি কোম্পানির শেয়ার।

লেনদেনে প্রথম অবস্থানে উঠে আসা ওষুধ ও রসায়ন খাতে লেনদেন হয় ১০১ কোটি ৮১ লাখ টাকার শেয়ার। 

দ্বিতীয় স্থানে থাকা বস্ত্র খাতে হাতবদল হয় ৯৭ কোটি ৮১ লাখ টাকার শেয়ার। তৃতীয় অবস্থানে নেমে যাওয়া ব্যাংক খাত লেনদেন করে ৯৪ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার।

দর বৃদ্ধিতে শীর্ষ তিন কোম্পানি হলো- এপেক্স ট্যানারি, স্টাইলক্র্যাফট ও আনোয়ার গ্যলভানাইজিং।

অন্যদিকে সবচেয়ে বেশি দর হারায় এআইবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ড, নিটল ইন্স্যুরেন্স ও বে লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস।