১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নগদের চেয়ে বোনাস লভ্যাংশ বেশি দিলে ১০% কর

তবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক, বীমা, লিজিং ও ফাইন্যান্স কোম্পানি এ নিয়ম থেকে অব্যহতি পাবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2026, 07:56 PM

Updated : 11 Sep 2026, 03:23 PM

নিট লাভের ৩০ শতাংশের কম লভ্যাংশ বিনিয়োগকারীদের দিলে কোম্পানির ওপর অতিরিক্ত কর আরোপের প্রস্তাব করা হয়েছে নতুন অর্থবছরের বাজেটে। 

অন্যদিকে শুধু বোনাস লভ্যাংশ দিলে কোম্পানির উপর অতিরিক্ত ১০ শতাংশ হারে কর আরোপ করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক, বীমা, লিজিং ও ফাইন্যান্স কোম্পানি এ নিয়ম থেকে অব্যহতি পাবে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী।

তার প্রস্তাবে বলা হয়েছে, বছর শেষে শুধু বোনাস লভ্যাংশ দিলে ঘোষিত বোনাস লভ্যাংশের উপর ১০ শতাংশ হারে কর দিতে হবে কোম্পানিকে।

এছাড়া ঘোষিত লভ্যাংশের মধ্যে নগদের চেয়ে বোনাস লভ্যাংশের হার বেশি হলেও বোনাস লভ্যাংশের ওপর ১০ শতাংশ হারে কর দিতে হবে।

বিদ্যমান আইনে তালিকাভুক্ত বা তালিকাভুক্ত নয়–এমন সকল কোম্পানির জন্য বিতরণকৃত বোনাস লভ্যাংশের ওপর ১০ শতাংশ হারে কর দিতে হয়।

আগামী অর্থবছর থেকে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক, বীমা, লিজিং ও ফাইন্যান্স কোম্পানিকে এ নিয়ম থেকে অব্যহতি দেওয়ার প্রস্তাব রাখা হয় অর্থবিলে।

আর কোনো কোম্পানি তার বিনিয়োগকারিদের নিট আয়ের ৩০ শতাংশের কম লভ্যাংশ দিলে গুণতে হবে বাড়তি কর। অতিরিক্ত এই কর কোম্পানিকে বহন করতে হবে।

নিট আয়ের ৩০ শতাংশ ও ঘোষিত লভ্যাংশের ব্যবধানের পার্থক্য যা হবে, তার ১০ শতাংশ হারে অতিরিক্ত কর দিতে হবে কোম্পানিকে।

বর্তমান আইনে নিট আয়ের ৭০ শতাংশের বেশি লভ্যাংশ বিতরণ করলে বিতরণকৃত লভ্যাংশের ১০ শতাংশ হারে কর দিতে হয়।