০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ডিজি টেন ব্যাংক পিএলসিতে থাকছে ডাচ্-বাংলা ব্যাংক

ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠায় ১০ ব্যাংকের জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার কথা জানিয়ে বাকিগুলোর নামও প্রকাশ করেছে ব্যাংকটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2023, 11:52 PM

Updated : 14 Aug 2023, 11:51 PM

চালু হতে যাওয়া নতুন ধরনের ডিজিটাল ব্যাংক চালু করতে ডিজি টেন ব্যাংক পিএলসিতে যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বেসরকরারি খাতের ডাচ্-বাংলা ব্যাংক।

বেসরকারি খাতের ১০টি ব্যাংক নিয়ে একটি ডিজিটাল ব্যাংক গঠনের বিষয়টি কিছুদিন আগে সামনে আসে। এ জোটে থাকার কথা সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডাচ্-বাংলা ব্যাংক।

অন্য ব্যাংকগুলো হল- সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল), মার্কেন্টাইল ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক।

গত ৯ অগাস্ট থেকে একে একে ডিজিটাল ব্যাংকে যোগ দেওয়ার ঘোষণা করেছে ব্যাংকগুলো। সর্বশেষ ডাচ্-বাংলা ব্যাংকসহ আনুষ্ঠানিকভাবে সাতটি ব্যাংক ডিজিটাল ব্যাংকে বিনিয়োগের কথা জানাল।

সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানায়, ‘‘প্রস্তাবিত ডিজি টেন ব্যাংক পিএলসিতে বিনিয়োগ করবে ডাচ্-বাংলা ব্যাংক। ১০ শতাংশ শেয়ারের জন্য সাড়ে ১২ কোটি টাকা বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকের পরিচালনা পর্ষদ।’’

এদিন ব্যাংকের পরিচালক পর্ষদের ২৭০তম সভায় এ সিদ্ধান্ত হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ব্যাংকটি বলেছে, ‘‘দ্রুত সারা দেশে ব্যাংকিং ব্যবসা সম্প্রসারণ, বিদ্যমান স্মার্ট গ্রাহক যারা প্রথাগত ব্যাংকিংয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন না তাদের ধরে রাখতে এবং নতুন প্রজন্মের প্রযুক্তি-সচেতন গ্রাহকদের জন্য ডাচ্-বাংলা ব্যাংক প্রস্তাবিত ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে।’’

প্রেস বিজ্ঞপ্তিতে প্রস্তাবিত ডিজি টেন ব্যাংক পিএলসিতে যোগ দিতে যাওয়া ১০টি ব্যাংকের নামও জানিয়েছে ডাচ্-বাংলা ব্যাংক।