২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইর এমডি পদে যোগ দিলেন নুজহাত আনোয়ার

গত ১৮ ডিসেম্বর তার নিয়োগ অনুমোদন দেয় বিএসইসি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2025, 08:24 PM

Updated : 26 Aug 2026, 05:25 PM

প্রায় দেড় বছর শূন্য থাকা দেশের বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের(ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক পদে যোগ দিলেন নুজহাত আনোয়ার। 

তিনি প্রথম নারী কর্মকর্তা হিসেবে ডিএসইর ব্যবস্থাপনা বিভাগের সর্বোচ্চ পদে নিযুক্ত হলেন।

রোববার ডিএসইর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএসইতে যোগ দেওয়ার আগে তিনি বিশ্ব ব্যাংকের বেসরকারি খাত ‘ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনে’ (আইএফসি) কর্মরত ছিলেন।

নুজহাত আনোয়ার ডিএসইর সাবেক এমডি এটিএম তারিকুজ্জামানের স্থলাভিষিক্ত হলেন।

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার হিসেবে নিয়োগ পেলে ২০২৪ সালের মে মাসে পদত্যাগ করেন তারিকুজ্জামান।

সর্বোচ্চ পদটি পদ শূন্য হলে পরপর দুই কর্মকর্তা ডিএসইর ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করেন এতোদিন। 

গত ১৮ ডিসেম্বর বিএসইসি নুজহাত আনোয়ারের নিয়োগ অনুমোদন দেয়। এরপর ডিএসই পরিচালক পর্ষদ নিয়োগ চূড়ান্ত করে।

নুজহাত আনোয়ার দেশের বাইরে থাকায় দশ দিন পরে রোববার ডিএসইতে এমডি হিসেবে যোগ দেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নুজহাত আনোয়ারের কর্মজীবন শুরু হয় বেসরকারি খাতের সিটি ব্যাংক দিয়ে।

বহুজাতিক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশসহ ব্যাংক খাতে ১৬ বছর চাকরি করেন তিনি। সবশেষ তিনি আইএফসিতে আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে আর্থিক খাত নিয়ে কাজ করেন।

লাইবেরিয়া এবং সিয়েরালিওনের আবাসিক প্রতিনিধি, বাংলাদেশ, ভুটান ও নেপালে সিনিয়র কান্ট্রি অফিসার এবং কোভিড-১৯ মহামারী ও পরবর্তী ক্রান্তিকালে ভারপ্রাপ্ত ক্লাস্টার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

তিনি মূলধন ব্যবস্থাপনা, ট্রেজারি ও লিকুইডিটি, ট্রানজ্যাকশন সার্ভিসেস, পোর্টফোলিও অপ্টিমাইজেশন ও মার্কেট অ্যাডভোকেসিতে দক্ষ বলে জানিয়েছে ডিএসই।