Published : 25 Mar 2026, 10:18 PM
প্রাতিষ্ঠানিক ও উচ্চ সম্পদশালী ব্যক্তি পর্যায়ের বিনিয়োগকারীদের কাছ থেকে বন্ডের মাধ্যমে ৫০০ কোটি টাকা সংগ্রহের অনুমোদন পেয়েছে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ।
বন্ডের মাধ্যমে সংগ্রহ করা অর্থের পুরোটা দিয়ে কোম্পানি তাদের উচ্চ সুদের ব্যাংক ঋণ পরিশোধ করার পরিকল্পনা নিয়েছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবারের সভায় এই বন্ড অনুমোদন পায়। এতে সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
বন্ডটির আয়োজক নর্থ স্টার ইনভেস্টমেন্টসের (বিডি) ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফুয়াদ হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বন্ডের অর্থ দিয়ে আকিজ ফুড উচ্চ সুদের ব্যাংক ঋণ পরিশোধ করবে। এর ফলে সুদ ব্যয় কমে গিয়ে পরিচালন খরচ সাশ্রয় হবে। ব্যাংক ঋণের সুদহার যেভাবে বাড়ছে, তাতে বন্ডের পেছনে ব্যয় কম হবে।”
প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এ বন্ডে ব্যাংক, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, প্রাতিষ্ঠানিক ও উচ্চ সম্পদশালী ব্যক্তি বিনিয়োগ করতে পারবে।
বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে সেনা ইন্স্যুরেন্স পিএলসি।