ঘুরে দাঁড়ানো ডিএসইতে সূচকে যোগ ৬২ পয়েন্ট
বৃহস্পতিবার বেচাকেনা বাড়ার পাশাপাশি বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর।
কোটা সংস্কার আন্দোলনে সংঘাত-সহিংসতা আর ইন্টারনেট ব্ল্যাকআউটের জেরে বড় দরপতনের ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার।
শেয়ারবাজার খোলার পর দ্বিতীয় লেনদেন দিবস বৃহস্পতিবার বেচাকেনা বাড়ার পাশাপাশি বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর।
তিন ঘণ্টার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচকে যোগ হয়েছে ৬২ পয়েন্ট। আগের দিন ডিএসইএক্স ছিল ৫ হাজার ৩৫০ পয়েন্টে। বৃহস্পতিবার সূচকের ঘরে ৫ হাজার ৪১৩ পয়েন্ট দিয়ে শেষ হয়েছে লেনদেন।
এদিন ওষুধ ও রসায়ন, বীমা ও বস্ত্র খাতের কোম্পানির ওপর ভর করে এগিয়েছে পুঁজিবাজার। এ তিন খাতের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে সবচেয়ে বেশি।
সংঘাত-সহিংসতার কারণে তিন দিন বন্ধ থাকার পর বুধবার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে পুঁজিবাজারও খোলে। সেদিনের মত বৃহস্পতিবারও ইন্টারনেটে ধীর গতির কারণে ভুগতে হয়েছে বিনিয়োগকারীদের। তবে এদিন লেনদেনে তাদের অংশগ্রহণ বেড়েছে।
মোবাইলে কল দিয়ে শেয়ার দর জেনে কেনা-বেচা করেছেন অনেকে। তাতে আগের দিনে দর হারানো শেয়ার কম দামে কিনতে পেরেছেন তারা।
সব মিলিয়ে হাতবদল হয়েছে ৪৯৭ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৩৩৭ কোটি ৯৭ লাখ টাকা বা ২১২ শতাংশ বেশি।
আগের দিন বুধবার ডিএসইতে ১৫৯ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল, যা দেড় বছরের মধ্যে সর্বনিম্ন।
চলতি মাসের প্রথম সপ্তাহে ঊর্ধ্বমুখী সূচক পরের দুই সপ্তাহে সংশোধনে ছিল। এমন প্রবণতার মধ্যে অর্থনীতিতে নতুন দুশ্চিন্তা হয়ে দেখা দেওয়া সংঘাত ও কারফিউ পুঁজিবাজারের বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাঁজ ফেলে।
ইন্টারনেটের ধীর গতি ও বিনিয়োগকারীদের সাবধানী আচরণে বুধবার বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছিল। ভয় কাটিয়ে বৃহস্পতিবার লেনদেনে সক্রিয় হয়েছেন বিনিয়োগকারীরা।
ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সাবেক সভাপতি রিচার্ড ডি রোজারিও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এমন ভীতিকর পরিস্থিতির মধ্যে পুঁজিবাজারে লেনদেন শুরু করতে পারাটা ছিল বড় চ্যালেঞ্জ। অনেকে তো গতকাল লেনদেন শুরুর আগ পর্যন্ত শঙ্কায় ছিলেন। লেনদেন শুরু হওয়ায় সবাই মনে করছেন, বাজার চলবে। শঙ্কা অনেকটা কেটে গেছে, আজ তার প্রভাব দেখলাম।”
“সব স্বাভাবাবিক হতে একটু সময় লাগবে, সেদিকেই আমরা যাচ্ছি। আজ লেনদেন ও সূচক দুটোর বৃদ্ধি প্রমাণ করে বিনিয়োগকারীরা ফোনে হলেও শেয়ার কেনা-বেচা শুরু করেছেন।”
আগের দিনের মত বৃহস্পতিবারও লেনদেন শুরুর পর সূচক পতন শুরু হয়েছিল ডিএসইতে। বিক্রির চাপে সূচক পড়ে যায় ১৮ পয়েন্ট। এরপর শেয়ার কেনা বাড়তে থাকলে ধীরে ধীরে সূচক উঠতে থাকে। শেষ দুই ঘণ্টা সূচক ঊর্ধ্বমুখীই ছিল।
এদিন লেনদেন হওয়া শেয়ারের মধ্যে ২৮৬টির দর বেড়েছে, ৬৬টির কমেছে এবং ৪০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে আগের দরে।
চলতি মাসে প্রথমবার একক খাত হিসেবে ডিএসইর লেনদেনে সর্বোচ্চ ২৬ শতাংশ অবদান রাখে ওষুধ ও রসায়ন খাত। এ খাতের ৩২টির শেয়ারের দর বেড়েছে, কমেছে মাত্র একটির।
একক খাত হিসেবে শেয়ার দর বৃদ্ধিতে সবচেয়ে এগিয়ে ছিল বস্ত্র খাতের ৪১টি কোম্পানি ও বিমা খাতের ২৬টি।
নতুন তালিকাভুক্ত টেকনো ড্রাগস লিমিটেডের শেয়ারের দর রোববারের মতই ১০ শতাংশের মত বেড়েছে। সবশেষ লেনদেন হয়েছে ৪২ টাকা ৩০ পয়সায়।
সবচেয়ে বেশি দাম বেড়েছে অগ্নি সিস্টেম, প্রাইম ফাইন্যন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, মিডল্যান্ড ব্যাংকের শেয়ারের। আর সবচেয়ে বেশি দর হারিয়েছে রংপুর ফাউন্ড্রি লিমিটেড, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, এফএএস ফাইন্যান্স অ্যন্ড ইনভেস্টমেন্ট।
