০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

ঘুরে ফিরে পতনের মধ্যেই সূচক

গত দুই মাসের মধ্যে এদিন দ্বিতীয় সর্বনিম্ন লেনদেন হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2024, 09:07 PM

Updated : 26 Aug 2026, 10:43 AM

পতনের বৃত্তে ঘুরপাক খাওয়া পুঁজিবাজারে বিনিয়োগকারীরা সূচক কমার আরও একটি দিন দেখল। তবে ব্যাংক খাতের বেশির ভাগ শেয়ারদরের উত্থান টানা দ্বিতীয় দিনে বড় পতন থেকে রক্ষা করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচককে।

পূজার ছুটির পর সপ্তাহের দ্বিতীয় দিনের লেনদেনে মঙ্গলবার শেষ পর্যন্ত ডিএসইএক্স ৭ পয়েন্ট কমে নেমেছে ৫ হাজার ৩৬৫ পয়েন্টে। আগের দিন সূচক হারিয়েছিল ৪৮ পয়েন্ট।

সূচকের সঙ্গে এদিন লেনদেনও কমেছে প্রধান এ স্টক এক্সচেঞ্জে। আগের দিন সাড়ে তিনশ কোটি টাকার ঘরে থাকা লেনদেন মঙ্গলবার ৩১৮ কোটি টাকায় নেমেছে।

এক যোগে ২৭ কোম্পানিকে গত ২৬ সেপ্টেম্বর জেড শ্রেণিতে পাঠানোর সিদ্ধান্তের পর থেকেই লেনদেনে ভাটা পড়েছে। সূচকেও বড় পতন হয়েছে এরমধ্যে।

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর গত দুই মাসে এদিন দ্বিতীয় সর্বন্ম্নি লেনদেন হয়েছে। এর আগে সর্বনিম্ন লেনদেন ছিল গত ৩ অক্টোবর ৩১৫ কোটি ৫৫ লাখ টাকার। 

এর আগের কয়েকদিনে সাতশ কোটি টাকার ঘরেও লেনদেন হয়েছে ডিএসইতে। আওয়ামী লীগ সরকারের পতনের পর কয়েক দিন লেনদেন হাজার কোটি টাকাও ছাড়িয়েছিল।

এদিন সকালে সূচকের উত্থান দিয়ে লেনদেন ‍শুরু হলেও তা আধা ঘণ্টার বেশি স্থায়ী হয়নি। বেলা ১২টার দিকে ব্যাংকের শেয়ার কেনাবেচার সঙ্গে দাম বাড়তে শুরু করলে সূচক কমা বন্ধ হয়। তবে দিন শেষে অধিকাংশ শেয়ারের বিক্রির চাপ বাড়লে সূচকের পতনেই লেনদেন শেষ হয়।

এদিন ব্যাংকের শেয়ার বাড়লেও বীমা, বস্ত্র, প্রকৌশল, ওষুধ ও রসায়ন খাতের বেশির ভাগ শেয়ারের দরপতন হয়।

ডিএসএইতে লেনদেনে আসা কোম্পানিগুলোর মধ্যে ৯৬টির দাম বাড়ে, কমে ২৫২টির এবং আগের দিনের দরে লেনদেন হয় ৫০টির।

এদিন ব্যাংক খাতে সর্বোচ্চ ৬৫ কোটি ৫০ লাখ টাকার লেনদেন হয়; একক খাত হিসেবে যা ডিএসইর মোট লেনদেনের ২১ দশমিক ৭৪ শতাংশ।

এ খাতের তালিকাভুক্ত ৩৬টির মধ্যে দর বেড়েছে ১৯টির, আগের দিনের দরে লেনদেন করে ১১টি ও দর হারায় ৬টির। 

এর পরই ১৫ দশমিক ৪১ শতাংশ অবদান রাখে ওষধ ও রসায়ন খাত। লেনেদেন তৃতীয় অবস্থানে আসে আইটি খাতের প্রতিষ্ঠান।