আরেকটু বাড়ল পুঁজিবাজারের সূচক
দিন শেষে সূচক ঠেকে ৪ হাজার ৯২১ পয়েন্টে।
দেশের বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট বেড়েছে।
গত দুই কর্মদিবসে এ নিয়ে ১১৯ পয়েন্ট যোগ হলো প্রধান সূচক ডিএসইএক্সে। অবশ্য এর আগের কর্মদিবসে প্রায় দেড়শ পয়েন্ট হারিয়েছিল ডিএসই।
সোমবার লেনদেন শুরু হয় ঊর্ধ্বমুখী প্রবণতায়। কিন্তু পৌনে এক ঘণ্টার মাথায় বিপরীতমুখী হয় সেই প্রবণতা। এক পর্যায়ে সূচক আগের দিনের চেয়েও ১৮ পয়েন্ট কমে যায়।
এরপর শেয়ার কেনার প্রবণতা বাড়লে সূচক উঠতে থাকে। সূচকের ঘুরে দাঁড়ানোয় ভূমিকা রাখে মূলত ব্যাংক, মিউচুয়াল ফান্ড, বীমা ও জ্বালানী খাতের কোম্পানিগুলো।
দিন শেষে সূচক ঠেকে ৪ হাজার ৯২১ পয়েন্টে। তবে লেনদেনের পরিমাণ দুই দিন ধরে সাড়ে তিনশ কোটি টাকার আশপাশেই আছে।
ডিএসইর লেনদেন তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, এদিন মোট শেয়ার হাতবদল হয় ৩৬৪ কোটি টাকার, যা আগের দিন ছিল ৩৬৬ কোটি টাকা।
দিনশেষে মোট লেনদেনের ২১ শতাংশ বা ৭৮ কোটি ২০ লাখ টাকার শেয়ার হাতবদল হয় ব্যাংক খাতে।
দ্বিতীয় স্থানে থাকা মিউচুয়াল ফান্ডে হাতবদল হয় ৪৮ কোটি ৫০ লাখ টাকার (১৩ দশমিক ৬৩ শতাংশ) শেয়ার।
এরপর জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানিগুলোতে হাতবদল হয় ৩৯ কোটি টাকার (১১ শতাংশ) শেয়ার।
৩৪ কোটি ৪০ লাখ টাকার (৯ দশমিক ৬৭ শতাংশ) শেয়ার লেনদেন হয় খাদ্য ও আনুষঙ্গিক খাতে।
লেনদেনে আসা ৩৯৫টি কোম্পানির মধ্যে দর বাড়ে ১৮৯টির; কমে ১৬০টি; আর আগের দরে লেনদেন হয় ৪৬টির।
এদিন সবচেয়ে বেশি দাম বাড়া তিন কোম্পানি হলো নর্দান ইসলামী ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ ও সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক।
সবচেয়ে বেশি দর হারায় বে লিজিং, বারাকা পাওয়ার ও প্রিমিয়ার লিজিং।
