২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

গার্সিয়ার জায়গায় স্পেন দলে লু নহমাঁ

আতলেতিকো মাদ্রিদের ২৭ বছর বয়সী ডিফেন্ডারকে দলে ফেরালেন লুইস দে লা ফুয়েন্তে।

গার্সিয়ার জায়গায় স্পেন দলে লু নহমাঁ

হবাঁন লু নহমাঁ। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Sep 2026, 02:43 PM

Updated : 28 Sep 2026, 02:43 PM

চোটে ছিটকে গেলেন এরিক গার্সিয়া। তার জায়গায় আরেক ডিফেন্ডার হবাঁন লু নহমাঁকে ডাকলেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।

নেশন্স লিগে ইংল‍্যান্ডের বিপক্ষে ৩-২ ব‍্যবধানে জয় পাওয়া ম‍্যাচে ওয়ার্মের সময় চোট পান গার্সিয়া। শুরুর একাদশ থাকলেও তাই খেলতে পারেননি তিনি।

স্প‍্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এরিক গার্সিয়ার জায়গা স্পেন জাতীয় দলের ক‍্যাম্পে এসেছেন লু নহমাঁ।

ওয়ার্ম আপের সময় বাম হাঁটুতে সমস‍্যা অনুভব করেন গার্সিয়া। মাদ্রিদে ফিরে তার পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। এরপর ২৫ বছর বয়সী ডিফেন্ডারকে ক‍্যাম্প থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় স্পেন।

চোট কতটা গুরুতর তা বলা হয়নি আরএফইএফের বিবৃতিতে। বার্সেলোনা আশাবাদী, আন্তর্জাতিক বিরতির পরপরই ক্লাবের হয়ে খেলতে পারবেন গার্সিয়া।

২৯ বছর বয়সী লু নহমাঁ গত বিশ্বকাপের দলে ছিলেন না। জুন ও জুলাইয়ের ওই টুর্নামেন্টে শিরোপাজয়ী দলে ছিলেন গার্সিয়া। কেবল আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে মাঠে নামেন তিনি।

ক্রোয়েশিয়ার বিপক্ষে মঙ্গলবার ঘরের মাঠে খেলবে স্পেন। ৩ অক্টোবর তারা চেকিয়ার মুখোমুখি হবে। এর তিন দিন পর ফের ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে বিশ্ব চ‍্যাম্পিয়নরা।